(১৩ পর্ব)
পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আকবর খান যিনি মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক, করাচিতে বিদেশি সাংবাদিকদের প্রতিবেদনের কঠোর সমালোচনা করেন। এই বিষয়ে নিউইয়র্ক টাইমসের বিশেষ সংবাদদাতার পাঠান সংবাদটি ছাপা হয় ৬ মে সংখ্যায় যার শিরোনাম ছিল “পাকিস্তানের বিদেশি সংবাদ প্রতিবেদনের সমালোচনা” [Foreign news reports criticized by Pakistan]
সংবাদটি সংক্ষেপে: পাকিস্তান সরকারের একজন মুখপাত্র সেন্সরশিপ থাকায় দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পূর্ব পাকিস্তান সম্পর্কে বিদেশি সাংবাদিকদের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেন্সরশিপের প্রয়োজন ছিল। পাকিস্তান মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আকবর খান করাচিতে বলেন, বিদেশি সাংবাদিকদের অনেক প্রবন্ধে অতিরঞ্জিত সংবাদ “আমাদের চমৎকার সেনা ঐতিহ্যকে কলুষিত করেছে।”
মার্চে ২৬ তারিখ পাকিস্তান বাহিনী এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামীদের সঙ্গে তীব্র যুদ্ধ শুরু হলে বিদেশি সাংবাদিকদের বহিষ্কার করা হয় এবং তাদের নথি ও ফিল্ম জব্দ করা হয়। তখন থেকে সাংবাদিকেরা ভারতীয় সীমান্ত থেকে রিপোর্ট করছেন। পাকিস্তান সরকার আগামীকাল ছয়জন বিদেশি সাংবাদিককে পূর্ব পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছে।
যে ৬ জন বিদেশি সাংবাদিককে পূর্ব পাকিস্তানে আসার অনুমতি দেওয়া হয় তাদের একজন ছিলেন নিউইয়র্ক টাইমসের ম্যালকম ডব্লিউ ব্রাউন। এ ছাড়া যাদের অনুমতি দেওয়া হয় তাঁরা হলেন অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, টাইম ইনক, ফাইন্যান্সিয়াল টাইমস অব লন্ডন, চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র সিনহুয়ার সাংবাদিকেরা। তাঁরা এখানে আসার পর জেনারেল টিক্কা খান সাংবাদিকদের উদ্দেশ্য বক্তব্য দেন। এই নিয়েই সাংবাদিক ব্রাউনের রিপোর্ট যার শিরোনাম ছিল, “হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তানি জেনারেলের বিতর্ক” [Pakistani general disputes reports of casualties] ছাপা হয় নিউইয়র্ক টাইমসের ৬ মে সংখ্যায়।
সংবাদটি সংক্ষেপে: পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা খান আজ বলেন যে তাঁর কর্মীদের হিসাব অনুসারে ঢাকায় ২৫ মার্চ রাত্রে সেনারা প্রদেশের দখল নেওয়ার সময় আনুমানিক ১৫০ জন নিহত হয়েছে। জেনারেল সাংবাদিকদের অভ্যর্থনা অনুষ্ঠানে আরও বলেন ১০ হাজার মানুষের মৃত্যুর খবরটি অতিরঞ্জিত।
ঢাকা মনে হচ্ছে শান্তিপূর্ণ
ধীরে চলা ঢাকা শহর জালের মতো বিস্তৃত নদীর তৈরির গঙ্গা ব-দ্বীপের প্লাবন ভূমিতে অবস্থিত। যান্ত্রিক যানবাহনের সংখ্যা ভালোই ছিল। যদিও অনেক দোকান তখনো বন্ধ। ঢাকার বেশির ভাগ মানুষই শহর ছেড়ে গ্রামে চলে গেছে। এমনকি হোটেল ইন্টারকন্টিনেন্টাল তাদের ২০ ভাগ কর্মচারী নিয়ে কাজ চালাচ্ছে। শহরের বস্তিতে বসবাসকারী কিছু মানুষ সাংবাদিকদের বলেন এখানে যে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে তা বিদেশিদের জানতে দেওয়া হয়নি। জেনারেল টিক্কা খান যাকে সাধারণভাবে খুব কঠোর সামরিক কমান্ডার হিসেবে দেখা হয় বিরোধীরা অভিযোগ করেছেন তাঁর আদেশেই ২৫ মার্চ সর্বত্র হত্যাযজ্ঞ চালান হয়। জেনারেল বললেন, “আমাদের ছাত্র হত্যার জন্য অভিযুক্ত করা হয়, কিন্তু আমরা ছাত্রসহ কোনো গ্রুপকেই আক্রমণ করিনি, শুধুমাত্র যখন আমাদের ওপর গুলি ছোড়া হয়েছে আমরা তখন পাল্টা গুলি ছুড়েছি। তখন ইউনিভার্সিটি বন্ধ ছিল, যারা সেখানে ছিল তাদের সেখানে থাকার কথা নয়।” জেনারেল বলতে থাকলেন, “আমরা যারা ভেতরে ছিল তাদের বাইরে আসতে বলি কিন্তু তারা গুলি ছোড়ে, স্বাভাবিক ভাবেই আমরাও পালটা গুলি চালাই।” মিলিটারি জেনারেল আরও বললেন পূর্ব পাকিস্তানের সশস্ত্র প্রতিরোধ প্রায় অদৃশ্য এবং তিনি খুব শিগগিরই ঢাকা থেকে কারফিউ উঠিয়ে দেওয়ার চিন্তা করছেন। তিনি স্বীকার করেন, ঢাকার সঙ্গে বন্দর শহর চট্টগ্রামের রেল যোগাযোগ এখনো পুনরায় প্রতিষ্ঠা করা যায়নি। কারণ অনেক ব্রিজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যোগাযোগ ভালো না থাকায় কিছু খাদ্য সংকট ছিল।
২৫ মার্চের পর বেশ কিছুদিন যশোর শহর হানাদার মুক্ত ছিল। সেখানকার ক্যান্টনমেন্টে অবস্থানরত বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে এবং সম্ভবত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ওই শহর তাদের দখলে রাখে। যখন পাকিস্তানি সেনারা ওই শহরের দখল নেয় তখন তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালায়। সেই সময় যশোরে কর্মরত এক ক্যাথলিক ধর্মযাজক ডাক্তারকে পাকিস্তানি সৈন্যরা গুলি করে হত্যা করে এবং তার দায় বাঙালিদের ওপর চাপাতে চায়। পাকিস্তান আর্মির তত্ত্বাবধানে যে সাংবাদিকদের পূর্ব পাকিস্তান ভ্রমণে নিয়ে আসা হয় তাদের বলা হয় বাঙালি বিদ্রোহীরা তাঁকে হত্যা করেছে। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের বিশেষ সংবাদদাতা ম্যালকম ডব্লিউ ব্রাউন যে রিপোর্ট পাঠান তার শিরোনাম ছিল “কীভাবে ধর্মযাজক মারা গেলেন বাঙালিরা তার বর্ণনা দিল, সাংবাদিকেরা উভয় পক্ষের কথা শুনলেন” [Bengalis Depict how a priest died-Newsman hear both side]
সংবাদটি সংক্ষেপে হলো: বিধ্বস্ত ও পুড়ে যাওয়া শহরের ক্যাথলিক চার্চের মাঠে ইতালীয় ধর্মযাজকের কবরটি এখনো তাজা—গত দুই মাস যাবৎ পাকিস্তানি বাহিনীর পূর্ব পাকিস্তান দখলে নেওয়ার পর তিনিই একমাত্র বিদেশি যাকে হত্যা করা হয়েছে। কবরটি হলো ৫৬ বছর বয়স্ক রেভারেন্ট মেরিও ভেরোনেসির যিনি গত ১৮ বছর ধরে এই রোমান ক্যাথলিক মিশনে কাজ করছিলেন।
সাংবাদিকেরা যারা পাকিস্তান বাহিনীর তত্ত্বাবধানে পর্ব পাকিস্তান ভ্রমণ করছিলেন তাদের ব্যক্তিগত সাক্ষাৎকারে জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়। সেই সময় সাধারণ সহচররা সেখানে সব সময়ই উপস্থিত ছিল, তবে পাঁচ দিনের সফরের বেশির ভাগ সময়ই তাদের কর্মকর্তাদের অফিশিয়াল ব্রিফিং থেকে নোট নিতে হয়েছে।
ফাদার ভেরোনেসি ছিলেন চারজন ইতালীয় যাজকদের একজন, যিনি এখানে ফাতিমা ক্যাথলিক হসপিটালে কাজ করতেন। তাঁদের দুজন ছিলেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দিকে দুজন সৈন্য উপস্থিত হয় যখন সেই চিকিৎসক যাজক একটি মেয়ের অপারেশন করার প্রস্তুতি নিচ্ছিলেন। সৈন্যরা হাসপাতালের দিকে গুলি ছুড়তে থাকে, ফাদার দুই হাত ওপরে তুলে বেরিয়ে আসেন, তার পরনে আলখাল্লা ছিল না, তবে তার সার্টে রেড ক্রস–এর চিহ্ন আঁকা ছিল। একজন সৈন্য তার দিকে স্টেনগান থেকে গুলি ছুড়তে শুরু করে এবং তিনি তৎক্ষণাৎ মারা যান। তারপর তারা চার্চে ঢুকে আরও চারজনকে গুলি করে যাদের মধ্যে দুজন ছিল মহিলা। তবে এটি যে একটি ক্যাথলিক হাসপাতাল তা পরিষ্কার বোঝা যায়। সেনারা ট্রাকে করে ফেরার সময় হাসপাতালের আশে পাশে সব দালানে মেশিনগান থেকে গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
প্রশ্ন অনুত্তরিত
দুই দিন আগে পূর্ব পাকিস্তানের সামরিক গভর্নরকে ইতালীয় যাজক হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আর্মি ধর্মীয় স্থাপনায় কোনো কিছু ধ্বংস করেনি। তিনি একটু থেমে বলেন, একজন ইতালীয় সাংবাদিক আহত হয়েছেন। যখন ইতালীয় অ্যাম্বাসেডর ওই মিশনে যান তখন সামরিক কর্তৃপক্ষ বিদ্রোহীরা ফাদারকে হত্যা করেছে বলে দাবি করেন।
পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগত ছয় সাংবাদিকের একজন নিউইয়র্ক টাইমসের ম্যালকম ডব্লিউ ব্রাউন রাজশাহী থেকে আরেকটি রিপোর্ট পাঠান। রাজশাহীতে তিনি শান্তিবাহিনীর লোকজনের সঙ্গে কথা বলেন। শান্তিবাহিনীর লোকজনকে এড়িয়ে সাধারণ মানুষও তাদের অনেক তথ্য দেন যা তিনি এই রিপোর্টে উল্লেখ করেছেন। ওই সময় সাংবাদিকদের এমনভাবে ভ্রমণের ব্যবস্থা করা হয় যাতে তারা মূল বিষয়ে কিছু বুঝতে না পারেন। এই রিপোর্টটিকে তেমনি একটি রিপোর্ট বলা যায়—অন্তত শিরোনাম থেকে তা প্রতীয়মান হয়। বাংলাদেশের যুদ্ধটা সর্বাত্মক যুদ্ধ ছিল না, ছিল গেরিলারা যুদ্ধ। সুতরাং ওই সাংবাদিক যখন রাজশাহী ছিলেন তখন হয়তো মুক্তিযোদ্ধারা সেখানে কোনো অপারেশন পরিচালনা করেনি। সাংবাদিক এর ওপর ভিত্তি করেই রিপোর্টটি করেছেন। রিপোর্টটির শিরোনাম ছিল, “পূর্ব পাকিস্তানে গুরুতর সশস্ত্র বিরোধিতা মনে হচ্ছে শেষ” [All serious armed opposition seems ended in East Pakistan] যা ছাপা হয় নিউইয়র্ক টাইমসের ৯ মে সংখ্যায়।
সংক্ষেপে সংবাদটি হলো: আপাতদৃষ্টিতে মনে হচ্ছে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযান বিচ্ছিন্নতাকামী বাঙালিদের গুরুতর সামরিক বিরোধিতা ধ্বংস করে দিয়েছে। অলস গঙ্গা (পদ্মা) নদীর তীরে, ভারতীয় সীমান্তের ৩ হাজার গজের মধ্যে অবস্থিত রাজশাহী শহরে আনুমানিক ১ লাখ লোকের বাস ছিল। সীমান্ত সংলগ্ন এই শহর তখন নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ ছিল এবং ৭ ডিসেম্বরের নির্বাচনে তারা এখানে বিপুল বিজয় পেয়েছে।
এপ্রিলের মাঝামাঝি আর্মির সামরিক অভিযান বস্তুত প্রায় সমাপ্ত। সীমান্ত প্রায় পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে যদিও মাঝে মাঝে তারা চোরাগোপ্তা আক্রমণের স্বীকার হচ্ছে।
সুবিশাল ধ্বংসযজ্ঞ
কিন্তু এই সবের মূল্য নিদারুণ যন্ত্রণাপূর্ণ। হাজার হাজার দালানকে হয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে। শহরের কংক্রিটের দালানে অসংখ্য বুলেটের ক্ষত চিহ্ন যা বলে দিচ্ছে ফায়ারিং স্কোয়াড এখানে তাদের কার্যক্রম চালিয়েছে। লাশগুলিতে স্থানীয় কূপের মধ্য নিক্ষেপ করা হয়েছে, চারদিকে নীরবতা সাক্ষ্য দেয় সেই হিংস্র ঘটনার।
আর্মির প্রতিষ্ঠিত ‘শান্তি কমিটি’ বলছে এগুলো বিদ্রোহীদের কাজ, একান্তে সুযোগ পেলেই সাধারণ নাগরিকেরা সাংবাদিকদের বলছে, “এরা যা বলছে তা বিশ্বাস করো না, এই সব এরাই করেছে। ” শান্তি কমিটির বেশির ভাগ সদস্যই ছিল বিহারি যারা ১৯৪৭ সঙ্গে দেশ বিভাগের সময় ভারত থেকে এসেছে। বিশাল হত্যাকাণ্ড পর্যবেক্ষকদের পীড়িত করেছে। হিংসার কারণে বেশির ভাগ মানুষ শহর ছেড়েছে। এখানে প্রধান বাজার এলাকা ১৪ এপ্রিল যখন আর্মি শহরের দখল নেয় তখন মর্টারের গোলায় ধ্বংস হয়েছে। একটি পাঁচতলা বিল্ডিং যা এখনো দাঁড়িয়ে আছে মর্টারের গোলার আঘাতে তার ছাদ উড়ে গেছে।
বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল নিউইয়র্ক টাইমস। এর প্রমাণ পাওয়া যায় কয়েক মাসের ব্যবধানে ছাপানো একাধিক সম্পাদকীয়তে। ১২ মে পত্রিকাটি যে সম্পাদকীয়টি ছাপে সেখানে পূর্ব পাকিস্তানে আসা সংবাদদাতার পাঠন সংবাদের প্রভাব ছিল তা স্পষ্ট বোঝা যায়। সম্পাদকীয়টিতে পূর্ব পাকিস্তানে বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি জোরালো আবেদন জানান হয়। সম্পাদকীয়টির শিরোনাম ছিল “বাঙলার শকুনেরা” [The vultures of Bengal]
সংক্ষেপে সম্পাদকীয়টি হলো: পাকিস্তান সেনাদের ভয়ানক বর্বর হত্যাকাণ্ডের সাক্ষী হিসাবে পূর্ব পাকিস্তানের ধ্বংসপ্রাপ্ত নগরীর ওপর মোটা শকুনি ও তার ছানারা উড়ছে। পাকিস্তানি সেনারা বিচ্ছিন্নতাবাদী বাঙালিদের দমন করতে এই হত্যাকাণ্ড চালায়। সাম্প্রতিক গৃহযুদ্ধ, গত হেমন্তে ঘটে যাওয়া বন্যা ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং অতি ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে ক্রমাগত খাদ্য সংকটের কারণে আগামী কয়েক মাসের মধ্যে পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক থেকে তিন কোটি মানুষ অনাহারে থাকার আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিম পাকিস্তানের মুখপত্রের নম্র আশ্বাস সত্ত্বেও পরিস্থিতি প্রশ্নাতীতভাবে বেপরোয়া এবং ব্যাপক বিয়োগান্তক ঘটনা এড়াতে বড় আকারের আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রয়োজন।
আমেরিকার প্রতিশ্রুত খাদ্য সহায়তা এবং জাতিসংঘের কর্মকর্তাবৃন্দের ভারত সফরের মধ্য দিয়ে ত্রাণ সহায়তার ভিত্তি ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। পূর্ব পাকিস্তান থেকে প্রতিদিন ৬০ হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, এই সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ এর মতো।
দ্বন্দ্বে জড়িত প্রদেশে ত্রাণ কাজের জন্য ইউনিসেফকে পাকিস্তান সরকারের অনুমতিদানের বিষয়টি উৎসাহ জনক যদিও ইসলামাবাদ থেকে সামান্যই প্রমাণ পাওয়া যাচ্ছে এবং বিদেশেও এর বিশেষ প্রস্তুতি দেখা যাচ্ছে না।
যেহেতু যুক্তরাষ্ট্রের এই ধরনের ত্রাণ তৎপরতার সক্ষমতা আছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম আছে তাই যুক্তরাষ্ট্রকেই তা সংগঠিত করতে এগিয়ে আসা উচিত। যেহেতু পাকিস্তানের সামরিক সরকার অর্থনীতি এবং সামরিক সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রর ওপর ভীষণভাবে নির্ভরশীল তাই যুক্তরাষ্ট্র একটি অনন্য অবস্থানে আছে এবং পূর্বের প্রতি পাকিস্তানের নীতি পরিবর্তনের জন্য সে চাপ দিতে পারে যাতে সেখানকার মানুষ আর বাংলার শকুনের শিকারে পরিণত না হয়। কংগ্রেসকে পাকিস্তানে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য বন্ধের জন্য আরও আগে তৎপর হওয়া উচিত ছিল যাতে পাকিস্তানের নীতি পরিবর্তন করে এবং সংকট এড়ানোর যায়। যদিও প্রশাসনের একজন মুখপাত্র বলেন, পাকিস্তানের সাহায্যের কর্মসূচি “পর্যালোচনাধীন” এবং পূর্ব পাকিস্তানে সামরিক দমনের পর থেকে কোনো অস্ত্র পাঠান হয়নি, তবে সাধারণভাবে সাহায্য স্থগিত করাও হয়নি, প্রকৃতপক্ষে কিছু সাহায্য এখনো চলছে। (চলবে)
লেখক: কুইন্স পাবলিক লাইব্রেরি হলিস শাকার ম্যানেজার। ইমেইল: [email protected]