বিশ্বজুড়ে উবারের আধিপত্য
নিউইয়র্কে উবার, লিফটের মতো রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে কমবেশি প্রায় সবাই পরিচিত। রাইড শেয়ারিং এসব অ্যাপ চালুর পর যাতায়াত ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। যাতায়াতে সময় কম লাগছে, যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে কম এবং স্বয়ংক্রিয় পেমেন্ট ব্যবস্থার কারণে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার কোনো সুযোগও নেই।
আবার অনেকের জীবন নির্বাহের প্রধান মাধ্যমও হয়ে উঠেছে এসব রাইড শেয়ারিং অ্যাপ। ইচ্ছেমতো সময় অনুযায়ী কাজ করার সুবিধার জন্য এবং কারও তত্ত্বাবধানে কাজ করা লাগে না বলে অনেকেই অর্থ উপার্জনের জন্য এ পথকেই বেছে নেন। রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে ২০০৯ সালে উবার প্রতিষ্ঠার পর এখনো আধিপত্য বিস্তার করে চলেছে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে উবারের প্রধান কার্যালয়।
স্ট্যাটিস্টার ২০১৯ সালে প্রকাশিত এক তথ্যমতে, রাইড শেয়ারিং অ্যাপের মধ্যে আমেরিকায় উবারের আধিপত্য বিদ্যমান। প্রায় ৫০ দশমিক ৮ শতাংশ ট্যাক্সিক্যাব চালক জীবিকার জন্য উবার ব্যবহার করে, অন্যদিকে লিফট ব্যবহারকারীর সংখ্যা ১৯ দশমিক ৯ শতাংশ। আগস্ট পর্যন্ত আমেরিকায় উবারের মার্কেট শেয়ার প্রায় ৫৪ দশমিক ২৮ শতাংশ, অন্যদিকে লিফটের ২৭ দশমিক ২ শতাংশ।
আমেরিকায় প্রতিদিন প্রায় ২৬ শতাংশ যাত্রী নিয়মিত উবার ব্যবহার করে। ১৬-২৪ বছর বয়সী আমেরিকানরা প্রায় ৩৭ শতাংশ নিয়মিত উবার ব্যবহার করে। ২০১৮ সালে বিশ্বজুড়ে উবারের মূল রাজস্ব বা নেট রেভিনিউ ছিল প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৭ সালে যা ছিল প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
উন্নত দেশ হিসেবে সব সময়ই আমেরিকার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল। যোগাযোগ খাতে সব সময় ট্যাক্সি সার্ভিস, সাবওয়ে, বাস অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু উবার আবিষ্কারের পর যুগান্তকারী পরিবর্তন এসেছে। বর্তমানে প্রায় প্রতি মাসে আমেরিকায় উবারের মাধ্যমে ৪০ মিলিয়ন রাইড সম্পন্ন হয়, যা অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপ থেকে অনেক বেশি।
২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশিত এক তথ্যমতে, উবারের মাধ্যমে নিউইয়র্ক শহরেই প্রতিদিন প্রায় ৪ লাখ ৬২ হাজার ১১৩টি রাইড সম্পন্ন করা হয়, যেখানে ট্যাক্সি রাইড প্রায় ২ লাখ ৭১ হাজার ১৩৫ এবং লিফট রাইড ১ লাখ ৪৯ হাজার ১৪২ টি।
উবারের আধিপত্য বোঝার জন্য কয়েকটি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। বর্তমানে প্রায় ৩ দশমিক ৯ মিলিয়ন চালক উবারের হয়ে কাজ করে যাচ্ছেন। চালকদের এ পর্যন্ত উবার প্রায় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন উবার রাইড সম্পন্ন করা হয়। ২০১৮ সালে প্রায় ১৫৫ মিলিয়ন উবার অ্যাপ ডাউনলোড করা হয়।
বিশ্বজুড়ে বাড়ছে উবার ব্যবহারকারীর সংখ্যা। চালকদের মাধ্যমে যাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হন, সে জন্য উবার খুবই সচেষ্ট। ভাষাগত সমস্যা দূর করার জন্যও আমেরিকায় চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব এসেছে।