বিশ্বজুড়ে লাখো নারীর ট্রাম্প বিরোধী মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পরদিন গতকাল অস্ট্রেলিয়ার সিডনি শহরে নারী অধিকার কর্মীদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গতকাল নারী অধিকার আন্দোলনকর্মীরা ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের আশঙ্কা, কথিত নারীবিদ্বেষী ট্রাম্প নারীর অধিকার অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন l ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পরদিন গতকাল অস্ট্রেলিয়ার সিডনি শহরে নারী অধিকার কর্মীদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গতকাল নারী অধিকার আন্দোলনকর্মীরা ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের আশঙ্কা, কথিত নারীবিদ্বেষী ট্রাম্প নারীর অধিকার অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন l ছবি: এএফপি

সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নারী অধিকার ও অন্যান্য নাগরিক অধিকার হুমকিতে পড়তে পারে—এমন ধারণা অনেকেরই। এ ছাড়া নারীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে নির্বাচনী প্রচারণার সময় তিনি নিন্দিত হয়েছেন। তাই গতকাল শনিবার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম কর্মদিবসেই এসব বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র তথা বিশ্ব জুড়ে নারীরা বিক্ষোভের ডাক দেন। বিশ্বজুড়ে লাখ লাখ নারী ট্রাম্প বিরোধী এ কর্মসূচিতে যোগ দেবেন বলে মনে করা হচ্ছিল।
গতকাল শনিবার বিশ্বজুড়ে অন্তত ছয় শ ৭৩টি ট্রাম্প বিরোধী নারী সমাবেশ হওয়ার কথা ছিল। প্রায় ২০ লাখ বিক্ষোভকারী এগুলোতে অংশ নেবেন বলে আশা করছিলেন আয়োজকেরা।
যুক্তরাষ্ট্রের স্মরণকালের ইতিহাসে এর আগে কেবল ১৯৬৮ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আহ্বানে সাড়া দিয়ে গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে জড়ো হন হাজারো মানুষ। সেখানে যোগ দেওয়া নারীদের হাতে ছিল ‘ট্রাম্পকে ছুড়ে ফেলুন’ ‘ নারীর শক্তি বনাম ট্রাম্প’ ধরনের স্লোগান লেখা ব্যানার।
সিডনির বিক্ষোভের আয়োজক মেন্দি ফ্রাইব্যান্ড বলেন, ‘আমরা ট্রাম্প বিরোধী সমাবেশ করছি না, আমরা এই সমাবেশ করছি, তাঁর ঘৃণাভরা কথা, নারীবিদ্বেষী মনোভাব, গোঁড়ামি ও বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় ছড়ানোর জন্য। আমরা সারা বিশ্বের নারীদের সম্মিলিত স্বর প্রকাশ করতে চাই।’
অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনেক বিক্ষোভকারীকে গোলাপি টুপি পড়ে অংশ নিতে দেখা গেছে। এদিকে, সিডনিতে ট্রাম্পপন্থী জনা ত্রিশেক লোকের ছোট একটি সমাবেশও হয়েছে।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনসহ দেশটির চারটি শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় দু হাজার লোক। জাপানের রাজধানী টোকিওতে শত শত বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী সমাবেশ করেন।
গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই ফেসবুকে এ বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়। এর মূল কর্মসূচি হচ্ছে ওয়াশিংটন অভিমুখী নারীদের শোভাযাত্রা। গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় কংগ্রেস ভবন ক্যাপিটল হিল অভিমুখে মিছিল শুরু হওয়ার কথা ছিল। আয়োজকদের আশা, এতে প্রায় আড়াই লাখ লোক যোগ দেবে।