বিশ্বনাথ কল্যাণ সমিতির মনোনয়নপত্র গ্রহণ
বিশ্বনাথ কল্যাণ সমিতি ইউএসএ-এর নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ২৮ এপ্রিল নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার একটি রেস্টুরেন্টে নির্বাচন কমিশন মনোনয়নপত্র গ্রহণ করেন।
সংগঠনের মেয়াদ দুই বছর সম্পন্ন হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় দিনটি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্বনাথ উপজেলার ৭০০ জন সাধারণ সদস্য ভোটার তালিকায় রয়েছেন। নির্বাচন কমিশনে দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে সংগঠনের কার্যকরী পরিষদে ১৭ জনকে সাধারণ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।
সিলেটের অন্যতম উপজেলা বিশ্বনাথ উপজেলার এ সমিতি জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দেশে নিজ এলাকায় স্কুল কলেজ ও মাদ্রাসায় সংগঠনটির নিয়মিত অনুদান যাচ্ছে। প্রবাসে প্রতি বছর বনভোজন ও সামাজিক পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে এ সমিতির সক্রিয় তৎপরতা লক্ষণীয়।
নির্বাচনের স্থান ও তারিখ সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।