প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান
বিশ্বনেতারা সমালোচনামুখর, হোয়াইট হাউসের সাফাই
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ঘোষণার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকারে অটল থাকার প্রত্যয় জানিয়েছেন। ‘ধরিত্রী মা’কে বাঁচাতে চীন এবং ইউরোপ এক জোট হয়ে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ঐতিহাসিক প্যারিস চুক্তি থেকে তাঁর দেশ সরে যাবে বলে জানিয়ে দিয়েছেন। চুক্তিটি যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে নয় মন্তব্য করে নির্বাচনী প্রচারণার সময়ই এটি পরিত্যাগের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই পৃথিবীকে ‘আমাদের ধরিত্রী মা’ আখ্যা দিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতা ডোনাল্ড টাস্ক মার্কিন প্রেসিডেন্টের ওই পদক্ষেপকে ‘বড় ভুল’ বলেছেন। ভারতসহ অন্যান্য দেশও প্যারিস চুক্তি বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতিতে অটল থাকার ইঙ্গিত দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই চুক্তিতে থেকে যাওয়া উচিত ছিল। তবে পুতিন এ-ও বলেন, তিনি ট্রাম্পের সিদ্ধান্তের বিচার-বিশ্লেষণ করবেন না।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর নেতাদের সঙ্গে বৈঠক শেষে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং শুক্রবার প্যারিস চুক্তির প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আর রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেন, ‘পরিবেশদূষণের কোনো অধিকার আমাদের নেই। সুস্থ ও সুন্দর পৃথিবীর অধিকার সবার আছে। আমরা তা কেড়ে নিতে পারি না।’
হোয়াইট হাউস শুক্রবার বিশ্বনেতাদের ওই সমালোচনার জবাবে বলেছে, ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আটকে দিতে চাইছে এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা স্বীকার করছে না।
এএফপি লিখেছে, হোয়াইট হাউস যা-ই বলুক না কেন, প্যারিস চুক্তি পরিত্যাগের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্র কার্যত বিশ্বমঞ্চ থেকে একঘরে হয়ে পড়েছে। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ১৯৫টি দেশ ওই চুক্তিতে অটল রয়েছে।
এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা রিপাবলিকান প্রেসিডেন্টের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন। ট্রাম্পের শীর্ষ জলবায়ু পরামর্শক স্কট প্রুইট বলেছেন, ‘আমরা যখন প্যারিস চুক্তিতে যোগ দিই, গোটা বিশ্ব প্রশংসা করেছিল। কেন জানেন? আমার মনে হয়, এই যোগদান এ দেশকে একটা লোকসানে ফেলবে, সে জন্যই তারা খুশি হয়েছিল। আমরা এই চুক্তিতে থাকি তা ইউরোপীয় নেতারা কেন চাইছেন? কারণ, তাঁরা জানেন এটা আমাদের অর্থনীতির গতি ব্যাহত করবে।’
প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের এক অনুষ্ঠানে জলবায়ু বিষয়ে তাঁর অবস্থানের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। কৌতুক করে তিনি বলেন, বৃহস্পতিবারের সিদ্ধান্তটা দেখা যাচ্ছে ‘বিতর্কিত’ হয়েছে।
ট্রাম্প এবং প্রুইটের পাশাপাশি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারও প্যারিস চুক্তির বিষয়ে একাধিক প্রশ্ন এড়িয়ে গেছেন।
‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রচার চালিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছেন। প্যারিস চুক্তি থেকে প্রস্থানের পক্ষে তাঁর যুক্তি, এটা মার্কিন অর্থনীতির ক্ষতি করছে, কর্মসংস্থান নষ্ট করছে ও জাতীয় সার্বভৌমত্বের ভিত দুর্বল করে দিয়েছে।
ট্রাম্পের এমন অবস্থানে বিশ্বজুড়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ফ্রান্স বলেছে, তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও নগর কর্তৃপক্ষের সঙ্গে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে অংশ নেবে। দেশের প্রেসিডেন্টের সঙ্গে ভিন্নমত দেখিয়ে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নররা ইতিমধ্যে প্যারিস চুক্তির লক্ষ্যগুলো অর্জনের জন্য একটি ‘জলবায়ু জোট’ গড়ার ঘোষণা দিয়েছেন।
বিবিসি বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে থেকে যাওয়ার পক্ষে ছিলেন। কিন্তু শেষ অবধি প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত তাঁকে মেনে নিতে হচ্ছে। এটা মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং কূটনীতির জন্য এক বড় আঘাতও বটে। ট্রাম্পের ওই ঘোষণার ২৪ ঘণ্টা পর টিলারসন বলেছেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।