বিশ্বব্যাংকের নীরবতায় ক্ষোভ এইচআরডব্লিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা সত্ত্বেও নীরব রয়েছে বিশ্বব্যাংক। অথচ দেশটিতে তাদের বিশাল অর্থের বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিশ্বব্যাংকের এই নীরবতার সমালোচনা করেছে।

মিয়ানমারের সামরিক শাসনের পর যখন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচন হলো, তখন থেকে দেশটিতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে বিশ্বব্যাংক। বর্তমানে দেশটিতে ২০০ কোটি ডলার বিনিয়োগ আছে বিশ্বব্যাংকের।

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে আগে থেকেই সমালোচনা ছিল। বিবৃতিতে বলা হয়, ২০১২ সালে যখন রোহিঙ্গাদের ওপর নিপীড়ন হয়, তখন বিশ্বব্যাংক এটিকে ‘স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সহিংসতা’ হিসেবে মন্তব্য করেছিল। বিস্তর সমালোচনার পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে থেকে বিশ্বব্যাংক তার অবস্থান পাল্টায়। তখন তারা স্বীকার করে নেয়, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রতি বৈষম্যকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে। বর্তমানে সংস্থাটির উচিত আরও দৃঢ় ভূমিকা নেওয়া। বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের উচিত বর্তমান ঘটনাগুলোর জন্য মিয়ানমার সরকারের নিন্দা করা। তাঁর উল্লেখ করা উচিত, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে এই আক্রমণ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতির ব্যত্যয়।