বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হবেন ট্রাম্পের প্রিয় মালপাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত ডেভিড মালপাস। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত ডেভিড মালপাস। ছবি: রয়টার্স

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য ডেভিড মালপাসের নাম প্রস্তাব করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেভিড মালপাস যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্বরত। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৬২ বছরের মালপাস ট্রাম্পের গভীর অনুগত। বহু বছর ধরে রিপাবলিকান রাজনীতির সঙ্গে জড়িত তিনি।

ট্রাম্পের এই মনোনয়ন বিতর্কের ঝড় তুলেছে। মালপাস যদি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তবে সংস্থাটির ওপর গভীর চাপ প্রয়োগ করতে সফল হবেন ট্রাম্প—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বের দরিদ্রতম দেশগুলোয় বিশ্বব্যাংকের ঋণের প্রবাহ কমিয়ে দিতে বরাবরই চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পেলে তিনি বিশ্বব্যাংকের ভূমিকা কমানোর চেষ্টা করবেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, মালপাস প্রবৃদ্ধি–পরবর্তী সংস্কারক হবেন।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মালপাসের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাংকের কাজের জবাবদিহি করানোর একজন শক্তিশালী উকিল হয়ে ছিলেন মালপাস। বহুপক্ষীয় প্রতিষ্ঠানের সমালোচক ট্রাম্প বলেন, বিশ্বব্যাংকের ডলার কার্যকরভাবে এবং বিচক্ষণতার সঙ্গে ব্যয় করা হবে, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে এবং এ দেশের মূল্যবোধ রক্ষা করা হবে—এমনটাই নিশ্চিত করবেন মালপাস।

২০১৬ সালের নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্টের একজন সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন মালপাস। ২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মালপাস বিশ্বব্যাংকের কর্মকাণ্ডের অন্যতম সমালোচক। তিনি চীনকে অতিরিক্ত ঋণ দেওয়ার কঠোর সমালোচনা করেন। তাঁর মতে, চীন ঋণ পাওয়ার যোগ্যতায় অনেক ধনী।

অন্য কোনো দেশ আর কোনো প্রার্থীর নাম প্রস্তাব করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ১৮৯ সদস্যের বিশ্বব্যাংক ১৪ মার্চ পর্যন্ত নাম গ্রহণ করবে। সাক্ষাৎকারের জন্য তিনজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।

বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দ্বিতীয় দফার মেয়াদ শেষের বছর তিনেক আগেই জানিয়ে দিয়েছেন পদ ছাড়ার কথা। তাঁর পদত্যাগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরপর থেকেই শুরু হয় জল্পনা, কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থাপিত হয় বিশ্বব্যাংক। ওই ব্যাংকের অধিকাংশ শেয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবেন, তা কার্যত যুক্তরাষ্ট্রই ঠিক করে। ২০১২ সালেও জিম ইয়ং কিমকে বেছেছিল তারা। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁর কিছু নীতিতে অসন্তোষ দেখিয়ে আসছিলেন ইয়ং কিম। বিশ্বব্যাংকের কার্যক্রমে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্পও। ইয়ং কিমের পদ ছাড়ার ঘোষণার পর এই পদে প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্প, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি, বহুজাতিক কোম্পানি পেপসিকোর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইন্দ্রা নুয়ির নামও উঠে আসে।