বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণসতর্কতা
বিভিন্ন দেশে ইসলামিক স্টেটসহ (আইএস) জঙ্গিগোষ্ঠীগুলোর হামলা ও হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার নাগরিকদের জন্য ভ্রমণসতর্কতা জারি করেছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত সোমবার নাগরিকদের জন্য সাম্প্রতিকতম এ সতর্কতা জারি করেছে। সম্প্রতি ফ্রান্সে ভয়াবহ উপর্যুপরি হামলা এবং পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জিম্মি করার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানে হামলার হুমকি দিয়েছে আইএস।
যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং দিবসের ছুটি উপলক্ষে কাল বৃহস্পতিবার বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন লাখো মার্কিন পর্যটক। সরকারি সতর্কতায় বলা হয়, এ সময়ে সম্ভাব্য হামলাকারীরা যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি স্বার্থসংশ্লিষ্ট স্থান বা মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু বানাতে পারে।
পররাষ্ট্র দপ্তরের জারি করা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা না দেওয়া হলেও বলা হয়েছে, তাঁদের সজাগ দৃষ্টি রাখা ও বিশেষ করে জনতার ভিড় এড়িয়ে চলা উচিত হবে।
প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার পর থেকে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাচলের ক্ষেত্রে নিয়মিতভাবে এ ধরনের সতর্কতা জারি করে আসছে। সর্বশেষ সতর্কতার মেয়াদ গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয় বলে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানান।