বিশ্বব্যাপীই গণতন্ত্র হুমকির মুখে: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেশটির কূটনৈতিক কর্মকাণ্ড বিষয়ে একটি জাদুঘর চালু হতে যাচ্ছে। গত মঙ্গলবার এর অনানুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবেক ও বর্তমান চারজন পররাষ্ট্রমন্ত্রী। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। কেননা, ওই নির্বাচনের পর খুব কমই জনসমক্ষে এসেছেন হিলারি।

বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া এই জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি, হেনরি কিসিঞ্জার এবং জেমস বেকারের নামে হল থাকবে।

হিলারির নামে করা হলটির চারপাশ ও ওপরের অংশ স্বচ্ছ কাচে ঘেরা। অনুষ্ঠানে হিলারি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসন আজ বিশ্বব্যাপী হুমকির মুখে। এর পরিবর্তে কর্তৃত্বপরায়ণতা এবং অউদারনৈতিকতাবাদের ঢেউ আছড়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এবং ম্যাডেলিন অলব্রাইটও অনুষ্ঠানে বক্তব্য দেন। অলব্রাইট তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা অনেক সামগ্রী জাদুঘরে দান করেন।

অনেক বেসরকারি প্রতিষ্ঠান মিলে এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। যেকোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান থেকে কূটনৈতিক মূল্য রাখে এমন সামগ্রী নিতে আগ্রহী জাদুঘর কর্তৃপক্ষ। ২০১৮ সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।