বিশ্বাস: সাফল্যের চাবিকাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ওপর বিশ্বাস থাকলে সুখী হওয়া যায়। যেমন হয়েছেন ছন্দা খান। স্বামী অনীক রাহমানকে নিয়ে সুখের জীবন তাঁর
নিজের ওপর বিশ্বাস থাকলে সুখী হওয়া যায়। যেমন হয়েছেন ছন্দা খান। স্বামী অনীক রাহমানকে নিয়ে সুখের জীবন তাঁর

একটাই জীবন আমাদের। এক জীবনে আমরা কী চাই। একটু সুখ চাই, শান্তিতে থাকতে চাই। আর শান্তি শুধু নিজের জন্য নয়। চাই পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য। কিন্তু সুখ আমাদের ধরা দেয় না। কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা সুখ খুঁজি ভুল জায়গায়। ভুল উপায়ে। বলতে পারেন, সেটা আবার কেমন কথা। একটা গল্প বলি। নাসির উদ্দিন হোজ্জার নাম আমরা সবাই জানি। হোজ্জা একবার তার একটি দরকারি জিনিস হারিয়ে ফেললেন। রাস্তার ধারে একটা লাইট পোস্টের নিচে তিনি হারানো জিনিসটি খুঁজছিলেন। পথচারী যারা যাচ্ছিল, তারাও হোজ্জার সঙ্গে হারানো জিনিস খুঁজতে লেগে গেলেন। সবাই গলদঘর্ম। কিছুতেই পাওয়া গেল না।
একজন জিজ্ঞেস করল, হোজ্জা তুমি জিনিসটি হারিয়েছ কোথায়?
হোজ্জা আঙুল তুলে দেখিয়ে বলল, ওই দূর পাহাড়ের গায়ে।
লোকটি বলল, তুমি জিনিস হারিয়েছ দূর পাহাড়ের গায়ে, তা এই লাইটপোস্টের নিচে খুঁজছে কেন?
হোজ্জা বলল, লাইটপোস্টের নিচে আলো আছে যে তাই।

আসলে সকালে আমরা যখন ঘুম থেকে চোখ খুলে ভাবি, আজ দিনটা ভালোই যাবে। স্ত্রী/স্বামী আমার কথা শুনবে। সন্তান আমার কথা শুনবে। পরিবারের সদস্যরা আমার চোখের ভাষা বুঝবে। মনের কথা বুঝবে। অফিসের বস আমার কাজে খুশি হবেন। অর্থাৎ সারা দিন যা করব, তার একটা সিনারিও চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু বাস্তবে যখন জীবনযুদ্ধে নেমে পড়ি, চিন্তার সঙ্গে বাস্তবে অনেক কিছুই মেলে না। তখন আর মেজাজ মর্জি ঠিক থাকে না। আমরা রেগে যাই। অথবা ক্ষোভে ফেটে পড়ি। প্রতিপক্ষ যদি দুর্বল হয়, তার সঙ্গে রাগ করি। আর প্রতিপক্ষ সবল হলে রাগ প্রকাশ করতে পারি না। মনে মনে ক্ষুব্ধ হই। আর দিনের পর দিন এই রাগ, এই ক্ষোভ জমে আমাদের মন ভারাক্রান্ত হয়। মনে জট লাগে। জঞ্জাল জমে। মন দূষিত হয়। এই দূষণ ছড়িয়ে পড়ে মন থেকে দেহে। দেহ তখন ভারাক্রান্ত হয়। আর এই ভার আমরা বহন করতে পারি না। টেনশন হয় তখন নিত্যসঙ্গী। পেয়ে বসে অজানা এক ভয়। তখন মনে হয়, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি কিছুই পারব না। বিশাল সম্ভাবনা নিয়ে মানবশিশু হিসেবে এই পৃথিবীতে এসেও আমরা হয়ে যাই ব্যর্থ, অকর্মণ্য, হতাশ। হারিয়ে ফেলি ভেতরের শক্তি। দেহে তখন দানা বাঁধে নানা রোগ-শোক, ব্যথা-বেদনা।
আমরা বলি, আমাদের জীবনে সমস্যা আসবে, দুঃখ আসবে—এটাই স্বাভাবিক। সমস্যা আসবে না, এটা ভাবা বরং অস্বাভাবিক। প্রশ্ন হলো এই সমস্যা, এই দুঃখ, এই হতাশা নিয়ে কি আমরা বসে থাকব, নাকি এ থেকে মুক্তির উপায় খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যাব? আসলে জীবনে দুঃখ আছে। দুঃখের নাশ আছে। হতাশা, ব্যর্থতা যেমন আছে, পাশাপাশি আছে প্রশান্তি, সফল হওয়ার উপায়। দুঃখ আসুক, হতাশা আসুক, টেনশন আসুক অর্থাৎ জীবনে যত চ্যালেঞ্জ আসুক তা মোকাবিলার শক্তি আমাদের মধ্যে রয়েছে। তাই দুঃখ-কষ্টে, বিপদে-আপদে আমরা হব হাঁসের মতো। মুরগির মতো নয়। মুরগি যখন পানিতে ভেজে, ভেজা শরীর নিয়ে সে আর নড়তে পারে না। চুপচাপ বসে থাকে। কিন্তু হাঁস সারা দিন পুকুরের পানিতে চরে বেড়ায়। কিন্তু তার গায়ে পানি লাগে না। যাও-বা লাগে, যখন সে ডাঙায় ওঠে, ডানা দুটোকে একটা ঝাড়া দেয়। সব পানি ঝেড়ে ফেলে। সে আবার দৌড়াতে থাকে।
আসলে দুঃখ-কষ্ট নিয়ে বসে থাকলে চলবে না। এগুলোকে জয় করার নিজের ভেতরের যে শক্তি, তা উপলব্ধি করতে হবে। চেতনার শক্তিকে জাগিয়ে তুলতে হবে। ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই আপনি সুখী হবেন, সফল হবেন। প্রশান্ত হবেন। সুস্থ থাকবেন। আর এই প্রশান্তি ও সুস্থ থাকার অন্যতম উপায় হলো মেডিটেশন বা ধ্যান, যা প্রাচ্য ও পাশ্চাত্যের বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার। আর এই ধ্যান জীবনযাপনের বিজ্ঞানের এক অপরিহার্য বিষয় হিসেবে প্রমাণিত ও প্রতিষ্ঠিত। বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান এই ধ্যানকে মানুষের ধরা ছোঁয়ার মধ্যে নিয়ে এসেছে। প্রতি মাসে ঢাকায় মেডিটেশনের কোর্স হচ্ছে। আর এতে যোগ দিয়ে জীবনকে বদলে ফেলেছেন লাখো মানুষ। মাত্র ৪ দিনের কোর্সে শেখানো হচ্ছে জীবনে সুখী এবং সফল হওয়ার এক বৈজ্ঞানিক উপায়। সঙ্গে মেডিটেশন বা ধ্যান। কারণ নিয়মিত মেডিটেশনে জীবনে দুঃখ, কষ্ট থেকে মুক্ত হওয়া যায়। মনের ময়লা পরিষ্কার হয়। আর মাথা থাকে ঠান্ডা। আর মন ঠিক থাকলে, মাথা ঠান্ডা থাকলে সাফল্য তখনই আপনারই।