বিশ্বাসযোগ্যতার সংকটে সাংবাদিক ব্রায়ান উইলিয়ামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রায়ান উইলিয়াম
ব্রায়ান উইলিয়াম

বিশ্বাসযোগ্যতা নিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের তারকা সাংবাদিক ব্রায়ান উইলিয়ামস। এনবিসি টেলিভিশনের জনপ্রিয় ‘নাইটলি নিউজ’ অনুষ্ঠানের উপস্থাপক এবং ব্যবস্থাপনা সম্পাদক ব্রায়ান উইলিয়ামস। বছরে এক কোটি ডলার মাইনে পাওয়া এই সাংবাদিক ইরাক যুদ্ধের সংবাদ সংগ্রহে নিজের অভিজ্ঞতা বর্ণনায় অতিরঞ্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।
ব্রায়ান বলে আসছিলেন, ২০০৩ সালে ইরাক রণাঙ্গনে সংবাদ সংগ্রহের সময় তাঁকে বহনকারী হেলিকপ্টার আক্রমণের শিকার হয়েছিল। যুক্তরাষ্ট্রে অত্যন্ত বিশ্বাসযোগ্য এই সাংবাদিক এ-ও বলে আসছিলেন যে বিধ্বস্তপ্রায় হেলিকপ্টার থেকে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন।
ঘটনার প্রায় এক যুগ পরে রণাঙ্গনে সে সময় থাকা সৈনিকদের কাছ থেকে ভিন্ন তথ্য আসতে শুরু করে। সৈনিকদের ভাষ্য, ব্রায়ানকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে যাওয়া ভিন্ন একটি হেলিকপ্টার আক্রমণের শিকার হয়েছিল। তাঁর হেলিকপ্টা‌রে কোনো হামলা হয়নি। নিজেকে জাহির করার জন্য ব্রায়ান উইলিয়ামস রণাঙ্গনের বর্ণনা অতিরঞ্জন করেছেন।
২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার সময় ব্রায়ান উইলিয়ামস সংবাদ প্রচারে অতিরঞ্জন করেছেন বলেও এখন অভিযোগ উঠেছে।
ব্যাপক সমালোচনার মুখে গত সপ্তাহে ব্রায়ান এনবিসি থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন। এনবিসি কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। হারিকেন ক্যাটরিনাসহ অন্যান্য সংবাদ প্রচারে ব্রায়ান উইলিয়ামস কতটা সঠিক ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।