ন্যাটোর সম্মেলনের পর জি-২০ শীর্ষ সম্মেলনেও একঘরে হয়ে থাকলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ দেশের এ শীর্ষ সম্মেলনের ১৯ জন সরকার ও রাষ্ট্রপ্রধান ছিলেন একদিকে। অন্যদিকে একাকী ট্রাম্প। আর যেটুকু মাখামাখি, তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এই একা চলার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প বন্ধুমহলে কী বার্তা দিতে চাচ্ছেন?
পর্যবেক্ষক মহলের মতে, এতে আমেরিকার ভাবমূর্তি কেবল ম্লানই হয়নি, বরং বর্তমান বিশ্বে আমেরিকার নেতৃত্ব হারানোর পথে এসে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের রাজনৈতিক সম্পাদক চেরিস উলম্যানের মতে, ট্রাম্পের কার্যক্রম পাশ্চাত্যের স্বার্থের জন্যও বিপজ্জনক। তাঁর মতে, জি–২০ শীর্ষ সম্মেলনে ট্রাম্প ছিলেন একান্তভাবেই একাকী, অপটু, আনাড়ি। উত্তর কোরিয়ার নিন্দা করতে রাশিয়া ও চীনের ওপর চাপ দেওয়ার সামান্য চেষ্টা করতেও তাঁকে দেখা যায়নি। আর চীন ও রাশিয়াকে সুবিধা দিয়ে ট্রাম্প নিজের দেশকে ম্লান ও অবনমিত করলেন। বিশ্বনেতা হিসেবে তিনি আমেরিকাকে দ্রুত পতনের দিকে নিয়ে যাচ্ছেন।
এই ভবিষ্যতের কথা শুধু উলম্যান কেন, আরও অনেকেই বিশ্বাস করেন। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার অর্থে কী চাচ্ছেন বা আমেরিকাকে ‘গ্রেট অ্যাগেইন’ বানানোর তরিকাই বা কী, তা এখনো পরিষ্কার নয়।
জি-২০ শীর্ষ সম্মেলন প্রমাণ করেছে, ‘বিচ্ছিন্ন’ ও ‘বন্ধুহীন’ ট্রাম্পের সর্বনাশা পররাষ্ট্রনীতি আমেরিকাকে দ্রুত কোণঠাসা করবে। তিনি স্বদেশে বিচারব্যবস্থা, স্বাধীন ও সরকারি সংস্থা এবং মুক্ত গণমাধ্যমের সঙ্গে লড়াইয়ে লিপ্ত। প্রেসিডেন্ট হিসেবে তাঁর মহার্ঘ্য সময় তিনি বাগ্যুদ্ধে ও টুইট করায় নষ্ট করছেন।
সারা বিশ্ব জানে, প্যারিস চুক্তি থেকে সরে এসে আমেরিকা ভুল করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বা তাঁর প্রশাসন এটা মানেনি। এ নিয়ে সম্মেলন চলাকালে একপর্যায়ে আমেরিকা ও ফ্রান্সের কর্মকর্তাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তাঁদের মধ্যে একধরনের বাগ্বিতণ্ডাও হয়। ফরাসি প্রেসিডেন্ট বাণিজ্য-সংক্রান্ত অন্য এক অধিবেশনে সংরক্ষণবাদের প্রতিবাদ করে পকেট থেকে সেলফোন বের করেন। সেলফোন বের করে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন যে বাণিজ্য বহুজাতিক বিষয়, দ্বিমুখী সড়ক নয়। তাঁর যুক্তি ছিল, এ মোবাইল আমেরিকার, কিন্তু এর যন্ত্রাংশ চীনের।
শুধু কী বাণিজ্য, জলবায়ুর মতো বৈশ্বিক সমস্যার কথা কী এড়িয়ে যাওয়া সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প এসব বিষয়ে যে গোঁয়ার্তুমি দেখাচ্ছেন, তাতে না হচ্ছে তাঁর দেশের জন্য ভালো কিছু, না হচ্ছে বিশ্বের। সবচেয়ে বড় কথা, বিশ্বের বিভিন্ন দেশ সমস্যাসংকুল ও বিতর্কিত বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে এখন যে অবস্থানে আছে, তা এক দিনে সম্ভব হয়নি। দীর্ঘ আলোচনার পর বিশ্ব নেতারা এসব বিষয়ে যতটুকু একমত হতে পেরেছেন, ততটুকুই অগ্রগতি হয়েছে। এই অগ্রগতিকে পেছনে ঠেলে দেওয়ার কোনো নৈতিক অধিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আছে কি? কারণ, তাঁর পূর্বসূরিরা তো এসব ব্যাপারে সম্মতি দিয়ে এসেছিলেন।
এখন যে দেশটি সামনে থেকে বিশ্বের নেতৃত্ব দিয়ে এসেছে, সে-ই যদি তার দুদিন আগের কথা রাখতে না পারে, তাহলে অন্য দেশগুলোর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আর নেতৃত্বের তো প্রশ্নই নেই। সবাই এটা বুঝছেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর পারিষদেরা বাদে।