বিশ্বের অর্ধেক মানুষ চলতি বছরেই অনলাইনে
চলতি বছরের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক ইন্টারনেট ব্যবহার করবে। মোবাইল ফোন নেটওয়ার্কের আওতা বৃদ্ধি ও সেবার দাম কমে যাওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে। তবে ইন্টারনেট ব্যবহারকারীর একটি বড় অংশই উন্নত দেশের নাগরিক। জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) গতকাল মঙ্গলবার এ কথা বলেছে।
প্রযুক্তিগত উন্নতির কারণে সারা বিশ্বেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। তবে এ ব্যাপারে উন্নত দেশগুলোর কাছাকাছি আসতে পারছে না উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। আইটিইউর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, উন্নত দেশগুলোতে মোট জনসংখ্যার ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এ হার মাত্র ৪০ শতাংশ। আর স্বল্পোন্নত দেশগুলোর মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করতে পারছে।
বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারের হার খুবই কম। এ অঞ্চলের দরিদ্র ও অস্থিতিশীল কিছু দেশে প্রতি ১০ জনে মাত্র ১ জন ইন্টারনেট ব্যবহার করে থাকে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিশেষায়িত সংস্থা আইটিইউ বলছে, অনলাইনে না থাকা এসব মানুষের বেশির ভাগই নারী ও বয়স্ক। এ ছাড়া স্বল্প শিক্ষিত, দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের মধ্যেও ইন্টারনেটের ব্যবহার নেই।
বর্তমানে সারা বিশ্বের মোট জনসংখ্যার ৪৭ শতাংশ ইন্টারনেটের আওতায় রয়েছে। জাতিসংঘের লক্ষ্য আগামী ২০২০ সালের মধ্যে বিশ্বের ৬০ শতাংশ মানুষকে অনলাইনে যুক্ত করা। সেই লক্ষ্যমাত্রা থেকে এখন অনেকটাই পিছিয়ে সংস্থাটি। বর্তমানে প্রায় ৩৯০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। এটি বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। অবশ্য আইটিইউ আশা করছে, চলতি বছরের শেষেই ৩৫০ কোটি মানুষের ইন্টারনেটে প্রবেশাধিকার থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৬ সালে অনেক মানুষ অনলাইনেই ছিল। সুবিধা থাকা সত্ত্বেও কারও অফলাইনে যাওয়ার ঘটনা ছিল কম। বিশেষ করে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বিস্তার লাভ করায় বিশ্বজুড়ে প্রচুর মানুষ নতুন করে ইন্টারনেটে যুক্ত হয়েছে।’
আইটিইউ বলেছে, এখন টেলিকম ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলো দ্রুত বিস্তৃত হচ্ছে। বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়াও সম্ভব হচ্ছে। কিন্তু স্বল্পোন্নত দেশগুলোতে এ চিত্র একেবারেই উল্টো।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৮ সালে উন্নত দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারের হার যেমন ছিল, সেটি এখন স্বল্পোন্নত দেশগুলো অর্জন করতে পেরেছে। অর্থাৎ উন্নত দেশগুলোর চেয়ে স্বল্পোন্নত দেশগুলো প্রায় ২০ বছর পিছিয়ে রয়েছে। এ অবস্থার জন্য মোবাইল ফোন সেবার উচ্চমূল্য, এর উৎপাদন ব্যয় বেশি থাকা এবং প্রত্যন্ত অঞ্চলে সেবাদাতা কোম্পানিগুলোর প্রয়োজনীয় অবকাঠামো না থাকাকে দায়ী করেছে আইটিইউ।