বিশ্বের উদ্বাস্তু সমস্যা নিয়ে মহসিন হামিদের উপন্যাস 'এক্সিট ওয়েস্ট'
বিশ্বের উদ্বাস্তু সমস্যা নিয়ে মহসিন হামিদের উপন্যাস ‘এক্সিট ওয়েস্ট’। লেখকের ভাষ্য অনুযায়ী, বইটি তিনি লেখা শুরু করেছিলেন চার বছর আগে। কিন্তু এই ভেবে আশ্চর্য হতে হয়, কী করে মহসিন হামিদ বুঝতে পারলেন, ২০১৭ সালে পৃথিবীটা দেখতে অনেকটা এ রকমই হবে? তার সর্বশেষ উপন্যাস ‘এক্সিট ওয়েস্ট’-এ মহসিন বলেছেন বর্তমান অভিবাসী বিশ্ব সম্পর্কে। বিশ্বময় ভীতসন্ত্রস্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্বাস্তু, যারা রাষ্ট্রহীন, কেউ কেউ সাহসী, তাদের সম্পর্কে। অভিবাসনই এখন বিশ্বে আলোচনার একটি কেন্দ্রবিন্দু। আর তাই এই সময় উপযোগী উপন্যাসটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে এবং স্থান করে নিয়েছ এই সপ্তাহের নিউইয়র্ক টাইমসে সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায়।
‘এক্সিট ওয়েস্ট’-এর কাহিনিটা একেবারেই কাল্পনিক এবং অনেকটা ফ্যান্টাসিধর্মী, তবে গল্পে ব্যবহার করা হয়েছে সাম্প্রতিক বিশ্বের জ্বলন্ত উদ্বাস্তু সমস্যা। গল্পের কাহিনি অনেকটা এ রকম: নাম না-জানা কোনো একটি মুসলিম দেশের দুই তরুণ প্রেমিক-প্রেমিকা সাইদ ও নাদিয়া, যারা ছিল সহপাঠী, আটকা পড়ে যুদ্ধবিধ্বস্ত এক শহরে। তারা থাকে একই অ্যাপার্টমেন্টে। লেখক খুব আন্তরিকভাবে অবরুদ্ধ দুই তরুণ-তরুণীর প্রেমের কাহিনি বর্ণনা করেছেন। একজন রিফিউজির পক্ষে অন্য দেশের পাড়ি দেওয়া সত্যই কঠিন কাজ। পথে পথে প্রতিবন্ধকতা, মৃত্যু, নতুন দেশে নিজেদের খাপ খাওয়াতেও প্রচুর বিড়ম্বনা। তারা একজনকে খুঁজে পায়, যে তাদের একটি জাদুর দরজা দিয়ে পাঠিয়ে দেয় গ্রিসের এক দ্বীপে। যেখানে তার অন্যান্য উদ্বাস্তুর সঙ্গে নিজেদের দেখতে পায়। তারপর দরজার পর দরজা পার হয়ে অবশেষে আসে উত্তর আমেরিকায়, যেখানে তারা স্থায়ী হতে চায়। এই হলো ‘এক্সিট ওয়েস্ট’ উপন্যাসের সারাংশ।
এই উপন্যাসে মহসিন যেভাবে একটি জাদুর দরজা ব্যবহার করে উদ্বাস্তু যুগলকে অবরুদ্ধ দেশ থেকে অন্য দেশে পাঠিয়েছেন, তা সাড়া জাগানো ফ্যান্টাসি উপন্যাস সি এস লুইসের ‘দ্য লায়ন দ্য উইচ অ্যান্ড দ্য ওড্রোব’ অথবা জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের কথা মনে করিয়ে দেয়। ‘এক্সিট ওয়েস্ট’ মহসিনের চতুর্থ উপন্যাস, এর আগে ২০০০ সালে ‘মথ স্মোক’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর লেখেন ‘দ্য রিলাকটেন্ড’ ও ‘হাউ টু গেট ফিলদি রিচ ইন রাইসিং এশিয়া’।
৪৫ বছর বয়সের হামিদের জন্ম পাকিস্তানে। অর্ধেক জীবন কাটিয়েছেন আমেরিকা ও লন্ডনে। তিন বছর বয়সে হামিদ তাঁর বাবার সঙ্গে আমেরিকায় আসেন, তাঁর বাবা তখন নর্থ ক্যারোলিনায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। নয় বছর বয়সে পাকিস্তান ফিরে গিয়ে আবার ১৮ বছর বয়সে আমেরিকায় প্রিংসটন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। যেখানে তিনি লেখালেখির ওপর পড়াশোনা করেন। পরে তিনি হার্বড ল স্কুলেও পড়াশোনা করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে তাঁর শহর পাকিস্তানের লাহোরে বসবাস করেন এবং সেখান থেকেই লেখালেখি করেন। তার বই ৩৫টি ভাষায় অনূদিত হয়েছে।