প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু কিছুদিন আসে এমন—বিষণ্ন, ঘোরগ্রস্তময়;
ঘুম ঘুম তবু ঘুম নয়
জেগে থাকা, তবু জাগরণ নয়।
আহা এমন দিন—
বহুদূর ধানখেত থেকে ভেসে আসা ঘ্রাণে মাটির আল ধরে
একলা হেঁটে যাবার মতো বিষাদময়।
কাজ নয়, নয় অলসতা, তবু কী যেন এক স্মৃতি—বিভ্রান্তিময়;
স্বপ্নের মতো ঝাপসা অথচ ঠিক স্মৃতি নয়।
এমন এক ঘোর—
ঘর থেকে বেরিয়ে ঝাঁ ঝাঁ রোদ্দুরে
খোলা মাঠ থেকে ট্রাক চলা সড়কে একলা হেঁটে যাবার মতো শ্রান্তিময়।
ঝড় নয়, ঝোড়ো হাওয়া নয়, সন্ধ্যা লাগা বিপন্ন বাতাসের সাথে
ভেসে আসা শেষ ট্রেনের হুইসেল
এমন এক সুর, যেন দিন শেষে পাখিদের নীড়ে ফিরে যাবার মতো শান্তিময়!