বিড়ালের জন্য গাছে উঠে আটকে গেলেন নিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোষা প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্কটা অন্য রকম। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের এক ব্যক্তি বিষয়টি আবারও প্রমাণ করলেন। নিজের পোষা বিড়ালকে বাঁচাতে বিপজ্জনকভাবে উঁচু এক গাছে উঠে পড়েন তিনি। সেই গাছে আগেই উঠে পড়েছিল বিড়ালটি। সেটাকে নামাতে গাছে উঠে আর নামতে পারছিলেন না। শেষমেশ বিড়ালসহ ওই ব্যক্তিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয়।

ওকলাহোমার টুলসা ফায়ার ডিপার্টমেন্ট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে। সেই ভিডিওতে বিশেষ ধরনের মই ব্যবহার করে ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনার দৃশ্য দেখা যায়।

ফেসবুক পেজে ঘটনার বিস্তারিত তুলে ধরেছে টুলসা ফায়ার ডিপার্টমেন্ট। এক বিবৃতিতে তারা বলেছে, স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে ক্যাপ্টেন অ্যালেন হ্যানকক দলবল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, পোষা বিড়ালটি উঁচু গাছের অনেক ওপরে উঠে গেছে। এতে উদ্বিগ্ন বিড়ালের মালিক সেটাকে উদ্ধারে নিজেই গাছে উঠে পড়েছেন। কিন্তু ওই ব্যক্তি উঁচু গাছে উঠে আর নামতে পারছেন না।

গত ২৫ জুন ভিডিওটি শেয়ার করা হয়, যেখানে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মী জেম ব্রুক ওই ব্যক্তিকে বিশেষ মইয়ে ওঠার নির্দেশনা দিচ্ছেন। বিড়ালটিকে একটি ব্যাগপ্যাকে করে নিরাপদে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভিডিওটি দেখে অনেকে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশংসা করেন। একজন মন্তব্য করেছেন, ‘ভালো মানুষ ভালো একটা কাজ করেছেন।’

বিড়ালটিকে বাঁচাতে মালিকের ঝুঁকি নিয়ে গাছে ওঠার ঘটনাকে ভালো উদাহরণ উল্লেখ করে একজন লিখেছেন, ‘নিবেদিতপ্রাণ মালিক’।