বিয়ানীবাজার সমিতিকে আরও এগিয়ে নিতে চান মোস্তফা

নিউইয়র্কের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক। সদস্য সংখ্যা এবং ঐক্যের দিক থেকে এই সংগঠন নিউইয়র্কে শক্তশালী সংগঠন হিসেবে পরিচিত। সিলেট অঞ্চলের যেসব পূর্বসূরি অজানার পথে জীবনের নোঙর তুলেছিলেন, তার মধ্যে বিয়ানীবাজার এলাকার লোকজন ছিলেন অগ্রসর। পূর্ব পশ্চিমের নানা দেশে এ বিয়ানীবাজার এলাকার লোকজন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
১ জানুয়ারি নিউইয়র্কে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ ইনকের নির্বাচন হয়ে গেল। ওজোন পার্কের মতিন সুইট রেস্তোরাঁর পার্টি হলে অনুষ্ঠিত এই নির্বাচন পর্ব ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। ঘোষিত তফসিল অনুযায়ী অন্য কোনো প্রার্থী না থাকায় বিপুলসংখ্যক বিয়ানীবাজারবাসীর উপস্থিতিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল।
কমিউনিটির সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মোস্তফা কামাল নির্বাচিত হওয়ার পরই কথা বলেন প্রথম আলোর সঙ্গে। আলাপচারিতায় তিনি বলেন, আজ থেকে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজার সমিতির নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘদিন সমাজ কর্ম ও এক সময়ের দুবাইপ্রবাসী মোস্তফা কামাল ফিরে দেখেন পেছনে। জানালেন, দীর্ঘ ৩৫ বছর দুবাইয়ে ছিলেন, স্কুল পেরোনো এক তরুণ অজানার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরিশ্রম করে ব্যবসায় সাফল্য পেয়েছেন।
সুগন্ধীর ব্যবসা করে সুনাম অর্জন করেছেন। প্রতিষ্ঠা পেয়েছেন। পাশাপাশি করেছেন দেশ ও এলাকার সেবামূলক কাজ। দুবাইয়ে থেকেই তিনি জড়িয়ে পড়েন দুবাইয়ের বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সঙ্গে। সেখানে উপদেষ্টা ছিলেন। বিয়ানীবাজারের শালেশ্বর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন নিজ উদ্যোগে। বঙ্গবন্ধু পরিষদ অনলাইন ইউএই শাখার সভাপতি ছিলেন। আমেরিকায় অভিবাসন নেওয়ার পর জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টা ও বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ ইনকের সভাপতি হিসেবে গোলাম মোস্তফা বিয়ানীবাজার সমিতির ভবনের ঋণ পরিশোধ করতে চান সবার আগে। সবার পরামর্শ নিয়ে এ সংগঠনকে একটি উঁচু মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি প্রচেষ্টা করে যাবেন। তিনি বলেন, সময়ের সব চ্যালেঞ্জকে ধারণ করে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা এগিয়ে যাবে।
গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশিদের বিশ্বের দরবারে আজ যে অগ্রযাত্রা, তাঁর নেপথ্যে রয়েছেন বিয়ানীবাজারের বহু নিবেদিত সন্তান। তাঁদের পদচিহ্নে হেঁটে হেঁটে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, কর্মে আর প্রয়াসে তাদের ঋণ আমাদের শোধ করতে হবে। নিউইয়র্কে আমাদের প্রবাসীরা আজ অনেক নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। নতুন অভিবাসী প্রতিদিন যুক্ত হচ্ছেন। আগে আসা প্রবাসীরা অনেক সাফল্যের তিলক ধারণ করেছেন। প্রবাসীদের এসব কোলাহলকে সমন্বিত করে আমাদের এগিয়ে যেতে হবে।
সামাজিক সংগঠনের একজন সংগঠক হিসেবে নিজেকে দেশ ও দশের জন্য নিবেদিত রাখাই মোস্তফা কামাল নিজের ব্রত মনে করেন।