বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় উপজেলা পর্যায়ের আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
২৬ জানুয়ারি সন্ধ্যায় ওজনপার্কের একটি রেস্টুরেন্টে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় পাঁচ সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা শামীম আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিবুর রহমান।
কার্যকরী পরিষদের সভায় সবার সম্মতিতে সমিতিকে আরও গতিশীল করতে পাঁচ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক চারজন সভাপতি ও সাবেক একজন উপদেষ্টা। সংগঠনের ইতিহাসে এবারই প্রথম এক সঙ্গে সাবেক চারজন সভাপতিকে দায়িত্ব দেওয়া হলো।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে এবং আগামী দিনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁদের উপদেশ নিয়ে সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে পৌঁছানো হবে বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম কাজ।
নবনিযুক্ত উপদেষ্টারা হলেন—বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক এবং বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা মজিবুর রহমান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এন জাহান, কোষাধ্যক্ষ কাওছার হক, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল আলিম, দপ্তর সম্পাদক হাছান আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আই জহিরুল, আবদুল বাসিত, চৌধুরী মো. শিমুল, ইমদাদ হোসেন, মো. আবদুস শাকুর, মোহাম্মদ হাফিজ লোদী ও হাছান খান।