বিয়ারে গান্ধীর ছবির জন্য ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিয়ারের কৌটায় ভারতের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মহাত্মা গান্ধীর ছবি দেওয়ার জন্য এক মার্কিন মদ প্রস্তুতকারী কোম্পানি ক্ষমা চেয়েছে। এক ভারতীয় দেশটির আদালতে গান্ধীকে ‘অপমান করা হয়েছে’ অভিযোগ করে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন। খবর বিবিসির।
ক্ষুব্ধ ভারতীয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বিয়ার উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান নিউ ইংল্যান্ড ব্রুইং কোম্পানি ক্ষমা চায়।
মহাত্মা গান্ধী ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের জনক। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালের জানুয়ারিতে ঘাতকের গুলিতে তিনি নিহত হন।
‘গান্ধী-বট’ নামে ওই বিয়ার সম্পর্কে কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়, ‘আত্মশুদ্ধির এক অনন্য সহযোগী, সত্য ও ভালোবাসার সন্ধানী’।
দক্ষিণ ভারতের শহর হায়দরাবাদের একটি আদালতে এক আইনজীবী মামলাটি করেন। এভাবে অ্যালকোহল-জাতীয় পানীয়ের বোতলে গান্ধীর ছবি দেওয়াকে তিনি নিন্দনীয় আখ্যা দেন।
যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যভিত্তিক ওই বিয়ার কোম্পানির প্রধান ব্রুয়ার এবং অংশীদার ম্যাট ওয়েস্টফল ক্ষমা চেয়ে বলেন, ‘আমাদের “গান্ধী-বট” লেবেলটির কারণে যদি কোনো ভারতীয় কষ্ট পান তবে আমরা দুঃখিত। কাউকে অপমান করা আমাদের লক্ষ্য নয়। বরং যে মানুষটিকে আমরা সবাই শ্রদ্ধা করি তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা মহাত্মার ছবি ক্যানে দিয়েছি।’
ওয়েস্টফল বলেন, বিয়ারে ছবি দেওয়ার ফলে মানুষ মহাত্মা এবং তাঁর অহিংস আন্দোলন সম্পর্কে আরও জানতে আগ্রহী হবে।