বিয়েতে অনাগ্রহী সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরিদাসের বুলবুল ভাজা/ টাটকা তাজা খেতে মজা।’ সদা দুরন্ত শ্রীমান পৃথ্বীরাজকে নিয়ে একই নামের চলচ্চিত্রের গান এটি। স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে তরুণ মজুমদার পরিচালিত এই চলচ্চিত্র নবীন-প্রবীণের মধ্যে সদা বিদ্যমান প্রজন্ম ব্যবধানটির সফল চিত্রায়ণের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।
শ্রীমান পৃথ্বীরাজ চলচ্চিত্রে পৃথ্বীরাজ থাকে এক দুরন্ত তরুণ, পড়াশোনায় মন নেই যার। বয়সে বালক এই চরিত্রকে বশে আনতে অবধারিতভাবেই তার প্রবীণ বাবা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তার চেয়েও কম বয়সী এক মেয়ের সঙ্গে। বলার অপেক্ষা রাখে না যে, দুজনের কারও কাছেই বিয়ে ব্যাপারটা তখনো মূর্ত নয়। ফলে শ্রীমান পৃথ্বীরাজ ঘর থেকে পালায়। আর এ নিয়ে একটা হুলুস্থুল পড়ে যায় চারদিকে। কাহিনির প্রয়োজনে এতে তৎকালীন সমাজের রাজনীতি থেকে শুরু করে অনেক কিছুই ঢুকে পড়ে।
শ্রীমান পৃথ্বীরাজ চলচ্চিত্রের প্রসঙ্গটি টানতে হচ্ছে, বিয়ে নিয়ে আমেরিকাপ্রবাসী বাংলাদেশি পরিবারগুলোয় চলমান এক ধরনের দ্বৈরথের বিষয়টি সামনে আসায়। মুশকিলটি তৈরি হয়েছে আমেরিকায় বেড়ে ওঠা প্রজন্মের তরুণদের নিয়ে। আর দশটা বাঙালি পরিবারের চাহিদা অনুযায়ী তাদের সহজে পরিণয়সূত্রে বাঁধা যাচ্ছে না। সম্বন্ধ বিচার তো দূরের কথা, বিয়ের প্রসঙ্গই তারা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।
কথা হচ্ছে এমন গুরুতর একটি সংকটে কেন শ্রীমান পৃথ্বীরাজের মতো একটি চলচ্চিত্রের অবতারণা। কারণ অবশ্যই আছে। আর তা হলো, দু ক্ষেত্রেই দুই প্রজন্মের মধ্যে বিদ্যমান ব্যবধানটি মুখ্য হয়ে উঠছে। চলচ্চিত্রের পৃথ্বীরাজ এই বাঙালি সমাজেই বেড়ে উঠেছে। তারপরও তারুণ্যের বিবেচনার সঙ্গে প্রবীণ অভিজ্ঞ অভিভাবকদের বিবেচনাটি মেলেনি। এটাই বাস্তবতা। আমেরিকায় বেড়ে ওঠা প্রজন্ম তো এ বিবেচনায় আরও অনেকখানি বৃন্তচ্যূত। কারণ, তারা শুধু বয়সেই তরুণ নয়, তারা বেড়ে উঠেছে পাশ্চাত্য সমাজে, যেখানে বিয়ে বিষয়টি বাঙালি সমাজের মতো সামষ্টিক তো নয়ই, বরং একান্তই ব্যক্তিগত। ব্যক্তির পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়াই তাদের কাছে মুখ্য। ফলে নিজেদের বিয়ে করা, না করা যে পরিবারের বাকি সবাইকে পীড়িত করতে পারে সে বোধটি তাদের মধ্যে প্রবল না হওয়াই স্বাভাবিক। এই স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটলে তা অনর্থও ঘটাতে পারে।
একইভাবে অভিভাবকদেরও দিকেও তাকাতে হবে। নানা বাস্তবতায় মানচিত্র বদল করে নিলেও নিজের নাড়ির টানটি তো রয়ে গেছে তাদের। একই সঙ্গে সমাজ, সংস্কার ইত্যাদিও অটল হয়ে আছে। ফলে সন্তানেরা বিয়ে না করলে তাঁদের দুঃখ পাওয়াটা, হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। কথা হচ্ছে, দুইই যদি স্বাভাবিক হয়, তবে সমাধান কোন পথে?
প্রথমেই বোঝা জরুরি যে, এ এমন এক সংকট যার সমাধান জোর করে হয় না। এ ক্ষেত্রে কারও একার ওপর জোর করলে, আখেরে তা বিপদ ঘটাতে পারে, বিভিন্ন বিবাহ বিচ্ছেদের ঘটনা যার স্বাক্ষর রয়েছে। তাই এর সমাধানে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে। পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠা সন্তানদের পাশ্চাত্য ধারাটাও বুঝতে হবে। তাদের আবেগের মূল্য দিতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের আত্মিক সংযোগটি যেন জোরালো হয়, সে অনুযায়ী কাজ করতে হবে। এতে অভিভাবকদের চাওয়াকে সম্মান জানাতে শিখবে তারা। দেশকে শুধু নিজের মধ্যে লালন না করে, তাকে, তার সংস্কৃতিকে সন্তানদের মধ্যেও সঞ্চার করতে হবে। অভিজ্ঞতায় ঋদ্ধ হওয়ায় এ ক্ষেত্রে অভিভাবকদের দায়টি বেশি। সন্তানদের সঙ্গে দূরত্ব ঘোচাতে তাদেরই তৎপর হতে হবে বেশি। তাদের আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়ে নিজেদের চাওয়াটি হাজির করলে, তারা নিশ্চয় অবজ্ঞা করবে না। শ্রীমান পৃথ্বীরাজ চলচ্চিত্রেও কিন্তু এমনটিই দেখা যায়, যেখানে শেষ দৃশ্যে সেই অবোধ বালকই ফেলে যাওয়া বউটির প্রেমে পড়ে তাকে খুঁজতে পথে নেমেছিল। সেখানে চলচ্চিত্রকার নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে এই পরিণতি দিয়েছিলেন, বাস্তবে তার জন্য প্রয়োজন সচেতন প্রয়াস।