বীভৎস সমীকরণ
সিগারেটের ধোঁয়াগুলো ভেসে যায়
তোমাকে স্মরণ করে
গভীর রাতে যেমনটা দীর্ঘশ্বাস ভাসিয়ে দিই মহাশূন্যে।
মহিমান্বিত রক্তিম চোখ
হারিয়ে ফেলে ঘরের পথ
চিরন্তন সত্য ভাবনাগুলো নির্জনে মরে যায়,
শাশ্বত অলৌকিক কল্পনা যাদের পৃথক করতে পারিনি আমি-
যেহেতু, তুচ্ছ ছিল না সৃষ্টি; কবিতার পঙ্ক্তি; অদ্ভুত চিন্তা শক্তি।
মূলত, আমি কি একা?
অথচ, প্রকৃতি আমাকে ঘিরে ফেলেছিল মায়াজালে;
ধ্বংসাত্মক বোধশক্তিকে জাগ্রত করেছিল-
কথা এবং কবিতাকে আলাদা করতে পারিনি কখনো
এমনকি কোনো দিন;
প্রখর বহিঃপ্রকাশগুলোকে নিয়ে ভেবেছিলাম
অজস্র রাত,
কবিতা কি কবিকে অমরত্ব দিতে পারে?
কিংবা একটি পৃথিবী? কল্পনার সাত রং?
এই প্রশ্নগুলো আলোড়ন করে তোলে
যখন অন্ধকার রুমে সিলিংয়ের দিকে তাকিয়ে
বৃথা আকাশ দেখার আপ্রাণ চেষ্টা করি;
যতক্ষণ ভোরের আলো না ফোটে-
জীবন এমনই বীভৎস সমীকরণ
বিশুদ্ধ আর দূষিত উপাদান যেখানে পাশাপাশি বেঁচে থাকে।