বুক ফুটো করে চলে গেল অ্যান নুয়্যেন
সেদিন ছিল বৃহস্পতিবার। ঘুম ভেঙেই ইমেইল পেলাম স্কুল প্রিন্সিপালের। ইমেইলে লেখা ছিল, It is with a heavy heart that I have to report the passing of Mrs. Anh Nguyen. Words cannot express or explain the amount of grief that we feel in her passing.
জেনে গেলাম আ্যান নুয়্যেন আর আমাদের মধ্যে নেই। কোভিড-১৯ নিয়ে গেল আমাদের অ্যান নুয়্যেনকে। বিনয়ী, সৌহার্দ্যবান, বিবেচনাশীল এবং সহানুভূতিশীল একজন শিক্ষিকা যে ছিল পিএস-৭৫ স্পেশাল এইড স্কুলটির ভালোবাসা, ছিল আমার এবং আমাদের সবার ভালোবাসা, সেই মানুষটি চলে গেলে চিরতরে গত ৩০ এপ্রিল ভোর ছয়টায়। অনাকাঙ্ক্ষিত এই সংবাদে পুরো স্কুলের ৪১২ জন শিক্ষক–শিক্ষিকা এবং কর্মরত অন্যরা শোকে ভেঙে পরলেন।
অ্যান নুয়্যেনকে নিয়ে লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে, তবু শব্দের সংযোজনে মানুষটিকে নিয়ে ব্যাখ্যা করা শেষ হবে না। নুয়্যেন আমার কাছে ছিল মায়ের মতন। আমি তার সঙ্গে একই ক্লাসে কাজ করেছি পাঁচ বছর। সাত বছর চলে আমাদের সম্পর্ক। মানুষ হিসেবে সে ছিল সবার প্রতি দায়িত্বশীল, যত্নশীল ও উদার। শুধু তাই নয়, সে ছিল কর্মদক্ষতায় অতুলনীয় একজন শিক্ষিকা। শিক্ষার্থীদের সঙ্গে সংকটময় মুহূর্তেও তাকে কখনো ধৈর্য হারাতে দেখেনি। বরং সর্বদা শীতল ও যত্নের সঙ্গে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তিনি কখনই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেননি।
অ্যান নুয়্যেন, আমার নুয়্যেন আমাকে শিখিয়েছিল কীভাবে সংকটময় মুহূর্ত মোকাবিলা করতে হয়। শিখিয়েছিল কীভাবে শিক্ষার্থীদের ক্রোধ ও মানসিক আচরণ পরিচালনা করতে হয়। সে আমাকে শিখিয়েছিল, কীভাবে অসুস্থতার সঙ্গে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয়। কর্মক্ষেত্রে তার এমন পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনার কারণে আমাদের আরেক সহকর্মী জগদীশ চৌধুরী তাকে ‘বস’ আখ্যা দিয়েছিল।
ইদানীং আমার নানা রকমের শারীরিক অসুস্থতায় নুয়্যেন সর্বদা আমাকে মানসিকভাবে সমর্থন করেছে। ক্লাসে সব কাজে আমার পাশে থাকত যেন আমার শরীরে চাপ না পড়ে। আমি শুধু চেয়ারে বসে থেকে কাজ করতাম। বাকি ওঠা–বসা, অফিসে দৌড়ানো, প্রিংটিং, নার্স—সব সে করে দিত। সারাক্ষণ তার ভাবনায় থাকত আমার শারীরিক অসুস্থতা। অসুস্থতার সময় যতবার সে আমাকে বাড়ি এবং হাসপাতালে দেখতে আসত, ততবার আমার বালিশের নিচে একটি খাম রেখে যেত। তাতে থাকত কিছু ডলার। অ্যান নুয়্যেন না থাকলে, আমার গুরুতর শারীরিক ধসের পর হয়তো শিক্ষকতায় ফিরে যেতে পারতাম না।
কর্মক্ষেত্রে প্রায়ই আমরা খাবার অর্ডার করতাম। নুয়্যেন কখনো আমাকে খাবারের বিল দিতে দিত না। সে–ই বিল দিত। তাঁর ভাবনা ছিল, ‘আমি সিঙ্গেল মাদার এবং খাদ্য কিনে আমার অর্থ অপচয় করা উচিত নয়!’
শেষবার তার সঙ্গে কথা হয় ১ এপ্রিল। সেদিন নুয়্যেন আমাকে বলেছিল, ‘রিতা! সারাক্ষণ বাড়িতে থেকে আমি বিরক্ত। আমি বাইরে গিয়ে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে চাই।’ আমার স্বাস্থ্য নিয়ে সে সর্বদা চিন্তিত ছিল এবং সেদিন সে আমাকে ঘরে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছিল, যাতে কোভিড -১৯ আমাকে প্রভাবিত না করে। কি আশ্চর্য! আমি এখনো বেঁচে আছি। কিন্তু কোভিড-১৯ ঠিকই আমার নুয়্যেনকে নিয়ে গেছে।
অ্যান নুয়্যেন আর আমাদের মাঝে নেই। পুরো পিএস-৭৫ আজ গভীর শোকে, যা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না।
আর আমি? গত সাত বছরে তার সঙ্গে তোলা ছবিগুলো দেখে দেখে প্রতি মুহূর্তে ভাবি, আমার নুয়্যেন যেতে যেতে কি কিছু বলতে চেয়েছিল? তার প্রিয় কন্যা বা স্বামীর হাতটি ধরতে চেয়েছিল কি? বলতে চেয়েছিল কি ‘আমি বাঁচতে চাই! এবার স্প্রিংয়ে এখনো রাস্তায় পাতা কুড়ানো হয়নি আমার’!
কিংবা বলতে চেয়েছিল, কি ক্লোজেটে ক্লাসের বাচ্চাগুলোর জন্য ক্যানডিগুলো প্যাক করা আছে?
আমি ভাবি, এই মমতাময়ী মানুষটিকে ছাড়া আমি আবারও কাজে ফিরে যেতে পারব কি! যেখানে রোজ সকালে দেখা হতেই সে আমাকে বলত, ‘রিতা! আর ইউ ফিলিং ওকে টুডে? ইউ আর অ্যা ব্রেভ গার্ল! ইউ ক্যান মেক ইট!’
অ্যান নুয়্যেন! তোমাকে ছাড়া এ জীবন বড় দুর্বিষহ।