বুদ্ধিজীবী হত্যা ও আজকের বুদ্ধিজীবীদের ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও বাংলাদেশ তথাকথিত যথাযথ মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন করল। ৪৮ বছর ধরে পালিত হচ্ছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, যা অন্যান্য বিশেষ দিনগুলোর মতো গতানুগতিক আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। পত্র-পত্রিকার ক্রোড়পত্র, রাজনৈতিক দলগুলোর আলোচনা সভা, মিরপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ইত্যাকার আনুষ্ঠানিকতার জঞ্জালের নিচে চাপা পড়ে গেছে বুদ্ধিজীবীদের হত্যার মূল কারণ। বুদ্ধিজীবীরা তো অস্ত্র হাতে যুদ্ধ করেননি কিংবা সরাসরি যুদ্ধের উসকানিও দেন নি। তাহলে ঠিক বিজয়ের চূড়ান্ত মুহূর্তে কেন বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা হলো নিষ্ঠুরভাবে? কি ছিল তাদের অপরাধ?
৪৮ বছর আগে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাযজ্ঞের পেছনে রয়েছে এক বিস্তৃত প্রেক্ষাপট, যা মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের অজানা রয়ে গেছে। এই স্বল্প পরিসরে আমরা সেই প্রেক্ষাপটের ওপর কিঞ্চিৎ আলোকপাত করতে পারি।
হিন্দু-মুসলিম দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে জন্ম নেয় পাকিস্তান রাষ্ট্র। এতে বিভাজিত হয় বাঙালি জাতির ভৌগোলিক সীমানা। ব্রিটিশ উপনিবেশের কড়াই থেকে পূর্ববাংলার বাঙালি জনগোষ্ঠী গিয়ে পড়ল পশ্চিম পাকিস্তানি ভূস্বামীদের নব্যউপনিবেশে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মেনে নিতে পারেনি সচেতন বাঙালি সমাজ। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ও জাতিসত্তার অস্তিত্বের প্রশ্নে দ্বন্দ্বের পরিণতি হিসেবে মাতৃভাষার অধিকারের বিষয়টি সামনে চলে। জাতীয় পরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির ভেতর দিয়ে বাঙালির জাতীয় চেতনার উন্মেষ ঘটতে শুরু করে। রাষ্ট্রভাষা প্রশ্নে জিন্নাহের উর্দুর ঘোষণা বাঙালি জাতিকে জাগিয়ে তোলে। আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ছাত্র-শিক্ষক-সচেতন জনসমাজ। বায়ান্নে রক্ত ঝরে রাজপথে। বাঙালির জাতীয় মুক্তি আন্দোলন একটি সুস্পষ্ট গতিপথ অর্জন করে।
আন্তর্জাতিক অঙ্গনে তখন উপনিবেশবিরোধী জাতীয় মুক্তি আন্দোলন এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছে। সমাজতান্ত্রিক বিপ্লবের প্রভাবে দ্রুত বিশ্বের উপনিবেশ ব্যবস্থার পতন ও স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার হিড়িক পড়ে গেল। আর তারই আলোয় আলোকিত অগ্রসর বাঙালি সমাজ পশ্চিম পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে প্রগতিশীল চিন্তা–চেতনা ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নিলেন। তাদের চিন্তায়, কর্মে ও লেখনীতে মূর্ত হয়ে ওঠে মুক্তচিন্তার দ্যুতি। একটি শোষণ বঞ্চনাহীন অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্নে বিভোর বুদ্ধিজীবী মহল মুক্তিসংগ্রামের তাত্ত্বিক পথপ্রদর্শক হয়ে ওঠেন। বায়ান্নর ভাষা আন্দোলনের ভেতরে জারিত চেতনার স্ফুলিঙ্গকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে ধারাবাহিক আন্দোলনপুঞ্জের অনুপ্রেরণা হয়ে ওঠেন তাঁরা। তাদের প্রতিটি কর্মকাণ্ড, কবিতা, গল্প, নাটক, স্লোগান, প্রবন্ধ সাগরমুখী নদীর মতো একমুখী হয়ে ওঠে। রাষ্ট্র ভাষা বাংলা ও জাতিসত্তার অস্তিত্বের জন্য চাই স্বাধীনতা।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধ—প্রত্যেক পর্যায়ে বুদ্ধিজীবী সমাজের ভূমিকার সুস্পষ্ট ছাপ ছিল। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিমালার রূপরেখাটি বলে দেয়, কোন রাষ্ট্র চেতনায় চালিত হয়ে বাঙালি জাতি যুদ্ধে শামিল হয়েছিল। ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানের মৌলিক নীতিমালা। আজ তার কিছুই অবশিষ্ট নেই। এখন বাংলাদেশ একটি ধর্মরাষ্ট্র এবং লুটেরারা দখল করে নিয়েছে রাষ্ট্র।
কিন্তু বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হলো?
আমরা প্রেক্ষাপটে আলোকপাত করতে গিয়ে দেখেছি, একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমি রচনার পেছনে বুদ্ধিজীবী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল। তাদের মুক্তচিন্তার ও প্রগতিশীল চেতনার আলোকে ঘটেছিল গণজাগরণ, যাকে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে একমাত্র রেনেসাঁ বলতে পারি। জাতির মানসগঠনের এই কারিগরসমাজ ভবিষ্যৎ বাংলাদেশের ধর্মান্ধ গোষ্ঠী, পুঁজিপতি শ্রেণি ও সাম্রাজ্যবাদীদের জন্য ছিল অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ। আগেই উল্লেখ করেছি, ধর্মনিরপেক্ষ ও জাতীয় মুক্তির আবহে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি তৈরি হয়েছিল যা বুদ্ধিজীবীমহল সঞ্চারিত করেছিলেন। সুতরাং তাদের অস্তিত্ব ধর্মভিত্তিক রাজনীতির জন্য ছিল চরম হুমকি। ধর্মরাষ্ট্র পাকিস্তান মেনে নেননি বলে এবং আগামী বাংলাদেশকে ধর্মরাষ্ট্র করার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে, তদুপরি বাংলাদেশকে প্রগতির পথে পরিচালনায় অগ্রগামী হওয়ার আশঙ্কায় একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।
আপাতদৃষ্টিতে পাকিস্তানি হানাদার ও তাদের দেশীয় দোসরেরা এই হত্যাযজ্ঞ চালালেও আজকের ধর্মরাষ্ট্রের অধিকর্তাদের পথের কাঁটাও পরিষ্কার হয়ে গেছে। কাকতালীয় মনে হলেও স্বাধীনতা অর্জনের মাহেন্দ্রক্ষণে জহির রায়হানের প্রশ্নবিদ্ধ নিরুদ্দেশ ছিল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই আজকের ধর্মরাষ্ট্রের ক্রীড়নকেরা ধোয়া তুলসীপাতা, তা কিন্তু বলা যাবে না।
আমরা দেখতে পাই, সব দেশপ্রেমিক ও প্রগতিশীল মুক্তচিন্তকদের বেছে বেছে হত্যা করা হলেও যারা ধর্মরাষ্ট্রের পক্ষে ছিলেন গোপনে, আড়ালে, সুকৌশলে—সে সব বর্ণচোরা স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রক্তে অর্জিত স্বাধীনতার সুবিধা ভোগ করছেন। বর্তমানে অতি সংখ্যালঘু কিছু মানবতাবাদী বুদ্ধিজীবী ছাড়া সিংহভাগ বুদ্ধিজীবীরা মূলত আত্মবিক্রিত। তারা স্বাধীনতার সুফল ভোগ করছেন, ক্ষমতার উচ্ছিষ্ট কুড়োচ্ছেন, কিন্তু শহীদ বুদ্ধিজীবীরা যে রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখতে গিয়ে আত্মদান করলেন সে রাষ্ট্র ও সমাজের ব্যাপারে তারা টু শব্দটিও করছেন না।
আজকের বুদ্ধিজীবী সমাজ ক্ষমতা, অর্থ, প্রভাব-প্রতিপত্তি আর আয়েশি জীবনযাপন করছেন। জাতির পশ্চাৎপদতায়, অগণতান্ত্রিকতায় ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি-লুটপাট, অর্থপাচার, খুন–রাহাজানির ব্যাপারে তাদের কোন অবস্থান নেই। একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও সমতাভিত্তিক রাষ্ট্রের স্বপ্নদেখা সোনার মানুষদের জায়গা দখল করে আজকের নপুংসক বুদ্ধিজীবীরা সম্পূর্ণ এক মেরুদণ্ডহীন চাটার দলে পরিণত হয়েছেন। তারা কূপমণ্ডূকতা ও ঘৃণ্য ধর্মরাষ্ট্র মেনে নিচ্ছেন বলেই দুধে–ভাতে আছেন। আর পরাজিত হয়েছেন বাঙালি জাতির জন্য একটি অনন্য রাষ্ট্র রচনার স্বাপ্নিকেরা। এ দেশে এখন স্বাপ্নিকদের মৃত্যু অবধারিত আর নষ্টভ্রষ্ট জানোয়ারদের জয়জয়কার চূড়ান্ত।