বুমেরাং
বাংলাদেশে এখন সব মেয়ের হাতব্যাগে পিপার স্প্রে রাখতে হবে। নিজেকে সুরক্ষায় সবাইকে কংফু–কারাতে শেখা উচিত। শারীরিক শিক্ষার জন্য মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুজন শিক্ষক থাকেন। তাদের প্রশিক্ষণ দিয়ে সব ছাত্রীর কারাতে শেখা বাধ্যতামূলক করা হোক। আত্মরক্ষার জন্য অবশ্যই আরও কিছু কায়দা শেখা উচিত।
যারা অবস্থাসম্পন্ন, তারা নিজেরাই কারাতে স্কুলে ভর্তি হতে পারে। গান শেখা, নাচ শেখার চেয়েও জরুরি এখন আত্মরক্ষার কায়দা শেখা। অথবা ল্যাপটপ বা স্মার্টফোনের ভিডিও দেখেও শিখে নিতে পারবে।
কী হচ্ছে দেশে?
নুসরাতকে থানায় জিজ্ঞাসাবাদের পুরো ঘটনা ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পুরো ঘটনার বর্ণনা নেন তিনি। মুখ থেকে হাত সরাতে বলেন। সিরাজ উদ দৌলার বিরুদ্ধে নুসরাতের অভিযোগ নাকি একটা গল্প। কিছুই নাকি করেনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ল। কীভাবে? এটা কী অপরাধ নয়?
কীভাবে গোপনীয় রেকর্ড রাখতে হয়, সরকারি কর্মকর্তা সেটা জানবে না? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াল কিভাবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ কি এসব দেখার নেই। কিছুদিন আগে আকাশ নামে এক চিকিৎসক আত্মহত্যা করেন। তাঁর স্ত্রীর যে জবানবন্দি নেওয়া হয়, সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রশ্ন হলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বহীনতা চরম আকার ধারণ করেছে। এগুলো আজ প্রশ্রয় দিচ্ছেন, কাল বুমেরাং হয়ে আপনাদের গায়েই পড়তে পারে।
নুসরাতের গায়ে আগুন নিয়ে ওসি মোয়াজ্জেম গণমাধ্যমকে এমনভাবে বললেন যেন এটি আত্মহত্যার চেষ্টা। তদন্ত না করেই এভাবে বক্তব্য দেওয়া কী ঠিক?
নুসরাত থানার আশ্রয়ে যখন গিয়েছিল, তখন যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজ নুসরাতকে কি এভাবে প্রাণ দিতে হতো? তাই নুসরাতের মৃত্যুর জন্য সেই ওসি মোয়াজ্জেমও দায়ী। সঠিক ব্যবস্থা নিলে মেয়েটা বেঁচে যেত। তাই তিনি কেবল দায়ী নন, হত্যার সহযোগীও। হত্যাকাণ্ড যে চক্র ঘটাল, তিনি তাদের সাহায্যকারী। তাই দ্রুত তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। তার ক্ষমতা ও দাম্ভিকতার উৎস খুঁজে বের করা দরকার।
অনেক দিন আগের একটি গল্প মনে পড়ল। এক পরিচিত বড় ভাই ফেনী তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন। এলাকাটি ছিল জয়নাল হাজারির। তাঁর বোনের স্বামী এএসপি। উনি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে ফোন আসল।
—তোমার বাসায় মেহমান কে? কত দিন থাকবে? সেই বড় ভাইয়ের কাছেই শুনেছিলাম, জয়নাল হাজারির বাড়ির সিঁড়ি ভাজ করে ওপরে উঠিয়ে রাখা হয়। নিচে তালা দেওয়া থাকে। গল্প শুনে মনে হয়েছিল, ইংরেজি সিনেমার থ্রিলার গল্প। কিন্তু এটি সত্য।
এরা এতই ক্ষমতাধর যে, সরকারি কর্মকর্তা–কর্মচারীরাও এদের সব তথা দিতে বাধ্য থাকেন। এদের ক্যাডার দিয়ে সবকিছু নিয়ন্ত্রিত। জেলখানার ভেতর থেকেও নিয়ন্ত্রণ করে সবকিছু। এরা পক্ষান্তরে সরকারকেও নিয়ন্ত্রণ করে। তাই কারাগারে থাকলেও এদের দ্রুত বিচারের আওতায় না এনে নানা টালবাহানা করা হয়!
মুদ্রার দুই পিঠের মতো সব কিছুরই ভালো মন্দ আছে। এবারই প্রথম নুসরাতের হত্যাকারীরা ধরা পড়েছে। মূল হোতাদের সবাই গ্রেপ্তার হয়েছে। বিশেষ আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন শাস্তি যেন আর কোনো নুসরাতকে এভাবে বাবা–মায়ের বুক শূন্য খালি করার সাহস কেউ না পায়।