বুলগেরিয়ার জর্জিয়েভাকে নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্তালিনা জর্জিয়েভা
ক্রিস্তালিনা জর্জিয়েভা

ইউরোপিয়ান ইউনিয়নের চলতি বাজেট কমিশনার, বুলগেরিয়ার ক্রিস্তালিনা জর্জিয়েভা জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন—এমন একটি গুজবে নিউইয়র্কের কূটনৈতিক মহল এখন সরগরম। অথচ জর্জিয়েভা এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীই নন।
বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে এ বছরের ৩১ ডিসেম্বর। এর আগেই একজন মহাসচিব নির্বাচনের লক্ষ্যে তিন মাস ধরে সলাপরামর্শ চলছে। এই প্রশ্নে নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত চারটি অনানুষ্ঠানিক ভোট—যা ‘স্ট্র পোল’ নামে পরিচিত—গ্রহণ সম্পন্ন করেছে। প্রতিবারই পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের উদ্বাস্তু-বিষয়ক সাবেক হাইকমিশনার আন্তোনিও গুতিরেজ অধিকাংশ সদস্যের পছন্দের প্রার্থী হিসেবে উঠে এসেছেন।
সমস্যা হলো, জাতিসংঘের অলিখিত কিন্তু প্রচলিত নিয়ম অনুসারে মহাসচিবের দায়িত্ব বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে আবর্তিত হয়ে থাকে। সেই নিয়ম অনুসারে আগামী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে আসার কথা। এ ছাড়া অনেক সদস্যরাষ্ট্র এবার আশা করেছিল, নতুন মহাসচিব হবেন একজন নারী। গুতিরেজ মহাসচিব হলে এ দুইয়ের কোনোটাই পূরণ হবে না। রাশিয়াসহ অধিকাংশ পূর্ব ইউরোপীয় দেশ এখনো আশা করছে, তাদের অঞ্চল থেকেই একজন প্রার্থী মনোনীত হবেন। এরা কেউই কোনো নারীর ব্যাপারে তেমন অনড় নয়।
ভাবা হয়েছিল, ইউনেসকোর বর্তমান মহাপরিচালক ইরিনাবুকোভাই হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব। কিন্তু পরপর চারটি ভোটে তিনি বড়জোর চতুর্থ স্থান পেয়েছেন। এই অবস্থায় একজন বিকল্প প্রার্থী হিসেবে জর্জিয়েভার নাম উঠে আসছে। গত সপ্তাহে চীনে অনুষ্ঠিত জি-২০ দেশসমূহের শীর্ষ বৈঠকে বিশ্বনেতারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জানা গেছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও জার্মানি জর্জিয়েভার পক্ষে জোর সমর্থন দিয়েছে।
এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেন, একজন বিকল্প প্রার্থীর নাম তিনিও শুনেছেন, তবে এ ব্যাপারে কোনো মতৈক্য হয়নি।
পরবর্তী মহাসচিব নির্বাচনের ব্যাপারে আগের যেকোনো সময়ের চেয়ে অধিক স্বচ্ছতা প্রদর্শিত হয়েছে, একথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, শেষ পর্যন্ত কে হবেন মহাসচিব, সে ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী এবং ১০ নির্বাচিত সদস্যরাষ্ট্রই গ্রহণ করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সাধারণ পরিষদ থেকে, যেখানে সংস্থার ১৯৩টি সদস্যরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রার্থীর ব্যাপারে ভোট গ্রহণের মাধ্যমে পরবর্তী মহাসচিব নির্বাচন করবে।
তবে বাংলাদেশি রাষ্ট্রদূত আশা করেন, একজন নারীই পরবর্তী মহাসচিব হবেন, সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।
সচিবালয়ের কর্মকর্তারা অবশ্য এ ব্যাপারে নিশ্চিত নন। সংস্থার একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, জর্জিয়েভার ব্যাপারে কোনো কোনো সদস্যরাষ্ট্রের আগ্রহ রয়েছে, সে কথা ঠিক। কিন্তু অনেকে মনে করেন, মহাসচিব হওয়ার জন্য তাঁর যথেষ্ট অভিজ্ঞতা বা যোগ্যতা নেই। যে কয়জন প্রার্থী প্রতিযোগিতায় এগিয়ে আছেন, তাঁরা সবাই সরকারি পর্যায়ে কমপক্ষে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘের কোনো না কোনো অঙ্গসংগঠনের হয়ে কাজ করেছেন। কিন্তু জর্জিয়েভার তেমন কোনো অভিজ্ঞতা নেই।
এদিকে আগামী মঙ্গলবার থেকে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হচ্ছে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের বার্ষিক সাধারণ বিতর্ক। বিশ্বের অধিকাংশ নেতাই এই অধিবেশনে যোগ দিচ্ছেন। ভাবা হচ্ছে, তাঁদের উপস্থিতির সুযোগে পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রশ্নটি নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। পরবর্তী স্ট্র পোল হবে ২৬ সেপ্টেম্বর। হয়তো তাতেই ঠিক হবে, কে হবেন পরবর্তী মহাসচিব।