বুড়ো হয়েছে মার্কিন ইগল!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকান ইগলের শক্তি দেখেছে পৃথিবী। যুদ্ধ, বাণিজ্য কিংবা অর্থনীতি—সবদিক থেকেই বিশ্ব শাসন করছে আমেরিকা। ১৯৯১ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতনের পর এ শক্তি ও ক্ষমতা একচ্ছত্র হয়ে ওঠে। পৃথিবী প্রত্যক্ষ করে এক মেরু বিশ্ব কাঠামোকে। শূন্য দশকের মহামন্দা এবং একের পর এক যুদ্ধে জড়িয়ে এ অমিত শক্তি ভেতরে-ভেতরে ক্ষয়ে গেছে অনেকটাই। এটি ধারাবাহিকভাবেই ঘটেছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের অধীনে এটি যেন অন্য এক মাত্রা পেয়েছে। আর তা হয়েছে বর্তমান প্রশাসনের খামখেয়ালিতে শেষ ও মোক্ষম অস্ত্র কূটনৈতিক শক্তির ক্ষয়ের মধ্য দিয়ে। মার্কিন ইগলের বার্ধক্যের কথা অনেক আগে থেকেই চাউর হলেও এখন তা অনেকটাই দৃষ্টিগ্রাহ্য যেন।
এক মেরু বিশ্বকাঠামোয় আমেরিকাকে ‘সুপার পাওয়ার’ হিসেবেই সবাই জানে ও মানে। আর এ অভিধা অর্জন করতে আমেরিকাকে অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়েছে। আর অতি অবশ্যই তা ধারাবাহিকভাবেই। কিন্তু বর্তমানে সমরশক্তির শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও বাকি সব ক্ষেত্রেই আমেরিকার শক্তির অবনমন ভীষণভাবে দৃশ্যমান হচ্ছে। অথচ নির্বাচনের সময় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতির কথা এখনো জপে গেলেও কার্যক্ষেত্রে এমন কিছু করছেন তিনি, যা ওয়াশিংটনকে বিশ্বমঞ্চে আরও খর্বশক্তির হিসেবে উপস্থাপন করছে।
মার্কিন সাম্রাজ্যের পতনে বিভিন্ন দেশে কয়েক দশকব্যাপী সামরিক ব্যয় মূল ভূমিকা পালন করেছে বললে অত্যুক্তি হবে না। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার মধ্য দিয়ে এ ব্যয় নতুন মাত্রা পায়। টুইন টাওয়ার হামলাকে পুঁজি করে আমেরিকা মেতে ওঠে এক তথাকথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে, যার মূল ক্ষেত্র আফগানিস্তান ও ইরাক। বিবিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ দুই যুদ্ধক্ষেত্রে আমেরিকা হারিয়েছে ৬ হাজার ৮৫২ জন সেনাসদস্যকে। আর ব্যয় হয়েছে ৬ ট্রিলিয়ন (লক্ষ কোটি) ডলারেরও বেশি। এ দুই দেশে মার্কিন সামরিক উপস্থিতি এখনো রয়েছে। ট্রাম্প প্রশাসনও আফগানিস্তানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ফলে বলার অপেক্ষা রাখে না যে, ২০১৪ সালের এ হিসাবের সঙ্গে তিন বছরে আরও বড় একটি অঙ্ক যোগ হয়েছে। কিন্তু বিনিময়ে তেমন কোনো অর্থনৈতিক সম্পদ আমেরিকার হস্তগত হয়নি।
ক্ষতি হয়েছে ভূ-রাজনৈতিক দিক থেকেও। এ যুদ্ধ আমেরিকাকে চরম অজনপ্রিয় করে তুলেছে বিশ্বের মানুষের কাছে। আর এতে শেষ পেরেকটি ঠুকেছে গুয়ানতানামো বে কারাগার। এ কারাগারের বন্দীদের ওপর অকথ্য নির্যাতন মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি নানা অনুষঙ্গে গঠিত মার্কিন খোলসটি খসিয়ে দিয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্তৃত্বের লড়াইয়ের জন্য আমেরিকার কাছে এ যুদ্ধ গুরুত্বপূর্ণ হলেও, শেষ পর্যন্ত তা আমেরিকাকে দুর্বল অর্থনীতি ও বদনাম ছাড়া আর কিছুই দেয়নি। আর এর সঙ্গে যখন জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস ও এডওয়ার্ড স্নোডেনের গোপন মার্কিন নথি ফাঁসের ঘটনা যুক্ত হয়, তখন মার্কিন অনেক মিত্রেরই আমেরিকার প্রতি মোহভঙ্গ হয়।
এ বছরের ২৬ জুন প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের জরিপ প্রতিবেদনমতে, সারা বিশ্বে আমেরিকার গ্রহণযোগ্যতা আগের বছরের চেয়ে কমেছে গড়ে ১৫ শতাংশ পয়েন্ট। ইউরোপের দেশগুলোয় আমেরিকার অগ্রহণযোগ্যতার হার ৪৬ শতাংশ। এশিয়ায় ৫৭ শতাংশ, মধ্যপ্রাচ্যে ২৭ শতাংশ এবং আফ্রিকায় ৫৬ শতাংশ। বলার অপেক্ষা রাখে না যে, বিশ্বের বিভিন্ন দেশে আঞ্চলিক লড়াইয়ে জড়িয়েই আমেরিকা এতটা অজনপ্রিয় হয়েছে। কিন্তু এ কথা ধোপে টেকে না, যখন একই জরিপকারী প্রতিষ্ঠান জানায়, ওবামা প্রশাসনের শেষ বছরেও বিশ্বব্যাপী আমেরিকার গ্রহণযোগ্যতা ছিল ৬৪ শতাংশ। আর নতুন প্রশাসনের প্রথম ছয় মাসেই তা নেমে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এটি নিঃসন্দেহে আশঙ্কাজনক। প্রশ্ন হচ্ছে আমেরিকার প্রতি বিশ্বব্যাপী এ বৈরী মানসিকতার পেছনে ঠিক কী কাজ করছে?
নতুন প্রশাসনের অধীনে আমেরিকার সঙ্গে ইরান ও উত্তর কোরিয়ার উত্তেজনা চললেও এখনো কোনো যুদ্ধে জড়ায়নি ওয়াশিংটন। এ ক্ষেত্রে কথা রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরও জনপ্রিয়তা এভাবে কমছে কেন? এর উত্তর রয়েছে বাণিজ্যিক ও কূটনৈতিক শক্তি ক্ষয়ের বাস্তবতার মধ্যে। আর এর সঙ্গে সংগত হয়ে কাজ করছে বর্তমান প্রশাসনের গায়ে শুরু থেকেই লেপ্টে থাকা কেলেঙ্কারির তকমাটি।
বাণিজ্যে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। আর এ ক্ষেত্রে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের নেতৃত্বাধীন চীন যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে তা আর না বললেও চলে। বিশ্ব বাণিজ্যের মঞ্চে আমেরিকা প্রথম আঘাতটি পায় চীনের দিক থেকে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) প্রতিষ্ঠার মাধ্যমে। ৫৮ পূর্ণ সদস্য ও ২২ পর্যবেক্ষক নিয়ে চালু হওয়া বহুজাতিক ব্যাংকের সঙ্গে রয়েছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও তাইওয়ান। কিন্তু পর্যবেক্ষক হতে চেয়েও বিশ্বব্যাংক ও আইএমএফের পাল্টা হিসেবে স্থাপিত এ ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পারেনি আমেরিকা। আর এটি ওয়াশিংটনকে অনেক বড় একটি ধাক্কা দিয়েছে। এর পিছু ধরে এসেছে চীনের উচ্চাভিলাষী পরিকল্পনা ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগ, যা নতুন সিল্করুট নামে পরিচিত। দৃশ্যত বাণিজ্যিক উদ্দেশ্যে হলেও এটিই এই মুহূর্তে চীনের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক অস্ত্র। এরই মধ্যে এ ক্ষেত্রে অনেকখানি অগ্রসর হয়েছে চীন, যা দেশটির কূটনৈতিক শক্তিকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে, মার্কিন সমরশক্তি যেখানে চোখ রাঙাতে পারছে না। আর বাণিজ্য ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ‘রপ্তানি মানে লাভ’ ও ‘আমদানি মানে লোকসান’-এর মতো সরলীকৃত তত্ত্ব দিয়ে এ শক্তি পুনরুদ্ধারের তেমন কোনো আশা দেখছেন না বিশ্লেষকেরা।
চীনের সঙ্গে দ্বৈরথের এ মঞ্চ আগে থেকেই তৈরি ছিল। ট্রাম্পও তা জানতেন। কিন্তু নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প চীনকে নিয়ে বহু আগ্রাসী বক্তব্য দিলেও বাস্তবে অনেক নমনীয় আচরণ করেছেন তিনি। এটি আমেরিকার বাণিজ্য, সামরিক ও কূটনৈতিক দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উত্তর কোরিয়া নিয়ে অনেক হম্বিতম্বি করলেও শেষ পর্যন্ত সেখানেও বলটি চীনের কোর্টে ঠেলে দিয়ে ট্রাম্প অনেকটাই আত্মসমর্পণ করেছেন বলা যায়। আইএস গুঁড়িয়ে দেওয়ার কথা বললেও লড়াইয়ের ময়দানে কাজটি করেছে আমেরিকার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া।
দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদনমতে, পূর্ব ইউরোপের মিত্ররা আমেরিকাকে আরও আগ্রাসী ভূমিকায় দেখতে চায়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিশেষত সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে আমেরিকার সাম্প্রতিক ভূমিকা তাদের হতাশ করছে। এ ক্ষেত্রে ট্রাম্পও খুব একটা এগোতে পারছেন না। কারণ, নির্বাচনে রুশসংশ্লিষ্টতার প্রশ্নটি তাঁর গলায় কাঁটার মতো বিঁধে আছে। ফলে বিশ্বমঞ্চে আমেরিকার সমর-প্রতিদ্বন্দ্বী রাশিয়া এখন অনেকটাই মুক্ত হাওয়ার স্বাদ পাচ্ছে। আবার মার্কিন এসটাবলিশমেন্টের কারণেই রুশ-মার্কিন যৌথ পথচলা অসম্ভবই বলা যায়। অন্তত ডোনাল্ড ট্রাম্প আর এ প্রসঙ্গ সম্ভবত তুলতে পারবেন না। ফলে মিত্রদের মধ্যে আমেরিকা নিয়ে আস্থাহীনতা দৃশ্যমান হচ্ছে।
বারাক ওবামার শেষ সময়ে ইরানের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকার নতুন পরিকল্পনার ইঙ্গিত মিললেও ট্রাম্প এসে তা বাতিল করে দিয়েছেন। বাড়তি হিসেবে দিয়েছেন নতুন নিষেধাজ্ঞা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন। এটি আশ্বস্ত করতে পারছে না আমেরিকার আরেক মিত্র কাতারকে, যেখানে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি। রয়েছে তুরস্কের সঙ্গে বিদ্যমান বিবাদও।
ট্রাম্প সমর্থন দিচ্ছেন ফিলিপাইনের দুতার্তে সরকারকে, যার বিরুদ্ধে অপরাধী অভিধায় গণহারে হত্যার অভিযোগ রয়েছে। এক কথায় বর্তমান প্রশাসন বিশ্বের একনায়ক ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থাগুলোকেই সমর্থন জানাচ্ছে। আর এটি আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকার’কে দুর্বল করে দিচ্ছে। এ দুই ধারণার প্রচার, প্রসার ও (প্রয়োজনে যুদ্ধ করে হলেও) প্রতিষ্ঠার মাধ্যমে আমেরিকা সারা বিশ্বে তার পরোক্ষ প্রভাবটি বজায় রাখে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এসবই শুরুতে বাতিল করে দেয়। তৈরি করে মার্কিন গণতন্ত্রের প্রতি বিশ্ববাসীর আস্থাহীনতা, যা আরও প্রতিষ্ঠিত হয় নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার প্রশ্নে।
এ ছাড়া রয়েছে প্যারিস চুক্তি, ইউনেসকোসহ বিভিন্ন বড় প্ল্যাটফর্মগুলো। এসব থেকে সরে যাওয়ার কারণে আমেরিকার কিছু অর্থ বাঁচলেও সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে কূটনৈতিক। ইকোনমিস্ট-এর ভাষ্যমতে, কূটনৈতিকভাবে ট্রাম্প একেবারে শূন্য এমন নয়, কিন্তু তা আস্থা তৈরির জন্য যথেষ্ট নয়। জেনারেলদের তিনি যতটা তোয়াজ করেন, ততটাই অসম্মান করেন কূটনীতিকদের। এ থেকে এমনকি তাঁর পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও বাদ পড়েন না। নীতিগত বিভিন্ন সিদ্ধান্তের বাইরেও এ ক্ষেত্রে ট্রাম্পের টুইটার পোস্টগুলো কম ক্ষতিকর নয়। প্রেসিডেন্ট হিসেবে তাঁর করা বিভিন্ন টুইটার পোস্ট হোয়াইট হাউসের গৃহবিবাদকেই সামনে এনেছে। আর এটি কী বন্ধু, কী শত্রু কারও মধ্যেই আস্থা কিংবা শঙ্কার সৃষ্টি করতে পারেনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমেরিকাকে নিয়ে ‘ফিয়ার ফ্যাক্টরটি’ এখন আর কাজ করছে না। এর প্রমাণ রয়েছে সিরিয়ায়, ইয়েমেনে, উত্তর কোরিয়ায়, দক্ষিণ চীন সাগরসহ আরও বহু জায়গায়।
চীনের কাছে বাণিজ্যিক শক্তিতে মার খেয়ে, দীর্ঘস্থায়ী যুদ্ধে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল ও অজনপ্রিয় হয়ে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম থেকে নিজেকে প্রত্যাহারের মাধ্যমে কূটনৈতিকভাবে দুর্বল হয়ে আমেরিকা এখন সত্যিকার অর্থেই বুড়ো ইগলে পরিণত হচ্ছে, যার ডানায় ভর করে বোধ হয় আর বেশি দূর ওড়া সম্ভব না।