বৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন কমিটির শপথগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সোসাইটির নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে
নোয়াখালী সোসাইটির নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে

বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে নতুন বছরে নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন কমিটির কর্মকর্তারা শপথ নিলেন। নোয়াখালী তথা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার শপথ নিলেন নোয়াখালী সোসাইটির কর্মকর্তারা। ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডের কর্নারে রয়েছে সমিতির নিজস্ব ভবন ও মিলনায়তন। সেখানেই শপথ অনুষ্ঠান হয়।

নব্বইয়ের দশকে আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত বৃহত্তর নোয়াখালী সোসাইটির ২০১৮-২০২০ মেয়াদের নতুন কমিটির শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক করিমুল হক। কমিশনের দুই সদস্য সুভাষ মজুমদার ও মো. হেলাল এ সময় উপস্থিত ছিলেন। কমিটির সদস্যরা হলেন—সভাপতি মো. রব মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হাসান মানিক, সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জসীম, অর্থ সম্পাদক মহিউদ্দিন, সহ অর্থ সম্পাদক জামালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক আইনুল ইসলাম সোহেল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গির আলম। কমিটির নির্বাহী সদস্যরা হলেন লিয়াকত আলী, মোশারফ হোসেন, নাজির ভান্ডারি, সালেহ আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ ও গোলাম কিবরিয়া মিরন।
আমেরিকার সর্বত্র ছড়িয়ে থাকা নোয়াখালী অঞ্চলের প্রবাসীরা এই সমিতির ভোটার। সদস্যরা অসুস্থ হলে কিংবা মারা গেলে তার চিকিৎসা, দাফন-কাফনের তাৎক্ষণিক দায়িত্ব বহন করে এই সমিতি। এ জন্য অনেকেই সমিতির সদস্য হতে কার্পণ্য করেন না। অভিবাসনের কারণে কেউ বিপদে পড়লেও সমিতি আইনি সহায়তা দেয়।
নতুন কমিটি আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের আগাম কর্মসূচি ঘোষণা করেছে এবং একুশের প্রথম প্রহরে সমিতির ভবনের সামনেই স্থাপন করা হবে শহীদ মিনার।
শপথ গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু ও সভাপতি রব মিয়া কল্যাণমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে করতে সবার আন্তরিক সহায়তা চেয়েছেন। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তৃতা করেন কমিউনিটি লিডার ফখরুল আলম, মফিজউদ্দিন, আবুল খালেক খায়ের, আবুল কাশেম, সুফিয়ান আহমেদ প্রমুখ। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তার জন্য প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক করিমুল হক নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানান।