বেঁচে থাকার মানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(পূর্ব প্রকাশের পর)

৬. আমেরিকাতে বাংলাদেশের প্রচুর চিকিৎসক আছেন। সবাই সফল প্র্যাকটিশনার। এটি আমাদের আনন্দিত করে। কিন্তু যারা বিজ্ঞান বোঝেন, তারা জানেন শুধু প্র্যাকটিস করে নিজের অনেক উন্নতি হয় ঠিকই, কিন্তু উচ্চ পর্যায়ের পলিসি বা নীতি নির্ধারণীতে যাওয়া যায় না। এর জন্য প্রয়োজন গবেষণা এবং মূলধারার অ্যাডভোকেসি। আমেরিকার মতো দেশে পৃথিবীর সব দেশ, বিশেষ করে যারা উন্নতি করতে চায় তারা নিজেদের কর্তৃত্ব উচ্চ পর্যায়ের পলিসি লেভেল-এ রাখতে বদ্ধপরিকর। এখানে ইন্ডিয়া, চীনসহ ব্রাজিল, আর্জেন্টিনা, এবং ইসরায়েলের প্রাধান্য চোখে পড়ার মতো। আমাদের দেশের মেধাবী চিকিৎসকেরা এ ব্যাপারে একটু মনোযোগ দিলে আখেরে বাঙালি প্রবাসীদের অনেক উপকার হবে।
আমি আমার নিজের গ্রান্ট-এ আমেরিকার সংখ্যালঘুদের ক্যাটাগরিতে (এশিয়ান, যা বলতে ইন্ডিয়ান এবং চাইনিজদের মূলত বোঝায়, সেখানে বাংলাদেশি ইচ্ছা করেই ঢুকিয়ে দিয়েছি) এই গ্রান্ট থেকে আমার এলাকার যে কোনো বাংলাদেশি যাঁরা ইনস্যুরেন্স ছাড়া আছেন তাঁরা কিছুটা সুফল পাবেন।
গ্লোবাল হেলথ প্যানেলে একজন ভদ্রলোক আছেন। নাম গাফফার চৌধুরী। তাঁকে দেখে খুব উৎসাহিত হয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলাম। ভাবলাম তিনি বাঙালি। কিন্তু কথা বলে দেখি তিনি পাকিস্তানি। আর আমি বাংলাদেশের শুনে এমন আচরণ করলেন যে লোকটাকে এখন আমি ‘গাদ্দার চৌধুরী’ নামে ডাকছি।
আমেরিকায় মুসলমানদের প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ কথা সবাই জানেন। সাম্প্রতিক সময়ে এক মুসলমান দম্পতি গুলিতে চৌদ্দ জনের মৃত্যু (লজ্জার বিষয় হলো এরা আসলেও ধর্মীয় উন্মাদ ছিল) এবং ডোনাল্ড ট্রাম্পের উগ্র কথাবার্তায় মুসলমানেরা একটু বিব্রত এবং কোণঠাসা। এ কারণেই, আমি যা কখনই করি না তাই করলাম, খুঁজে খুঁজে হিজাব পরা এই দলটির সঙ্গে বসলাম। এরা ইন্দোনেশিয়া এবং ইরানের দুজন। বেশ চমৎকার, তরুণ গবেষক। আমি শুধু বসলাম-ই না, প্যানেলে নানান রকমে প্রশ্ন করে সবাইকে দেখিয়ে দিলাম যে মুসলমানদের সবাই টেররিস্ট না। হ্যাঁ, আমি জানি অনেকেই অবাক হচ্ছেন। আমি নিজেকে ধর্মীয় পরিচয়ে পরিচিত করতে এটা করিনি। আমি করেছি একটি দেশে সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে সংখ্যাগুরুদের অন্যায় সামাজিক চাপকে প্রতিহত করতে। যেমন বাংলাদেশে কোনো হিন্দুকে সামান্য অপমান করা হলেও আমি মনে করি তা বড় অপরাধ এবং আমি হিন্দু ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যাব। মিটিং শেষে ইরানি মেয়েটি আমাকে জিজ্ঞেস করে, ‘আর ইউ আ মুসলিম?’ আমি বললাম, ‘আই অ্যাম আ হিউম্যান বীয়ীং।’
মেয়েটি (ছাপা জামা, চশমা আর হিজাব পরা) আমাকে চমকে দিয়ে ‘হাগ’ করল। বলল, ‘অল মুসলিমস শুড থিংক ইন দ্যাট ওয়ে।’ এই যে আমার একটি কথা বা আচরণ একজন হিজাব-পরা মেয়ে যার কিনা পর পুরুষের চার হাত দূরে থাকার কথা, তাঁকে ‘হাগ’ করতে সাহসী করল, তা আমার কাছে বেঁচে থাকার অন্য এক মানে।
পুনশ্চঃ মাত্র ডিসেম্বর ৯ তারিখে খবর বেরিয়েছে ইরানের বিজ্ঞান এবং প্রকৌশলী বিভাগের শতকরা ৭০ ভাগই নারী। জয়তু নারী সমাজ।
৮.
আজ রোববার। ছুটির দিন। অলস ঘুম ভেঙে বিছানায় ফোন নিয়ে ফেসবুক খুলতেই দেখি ‘সজীব’ আমাকে একটি মন্তব্যে ট্যাগ করেছেন। খুলে দেখি মন্তব্য নয়, সেটা বাংলাদেশের খ্যাতনামা শিল্পী মাসুক হেলাল এই স্কেচ প্রতিকৃতি-ই শুধু করেননি, তাঁকে দেওয়া ১৯৯২ সালে মুক্তিযুদ্ধের উপন্যাস ‘মনের ঘুড়ি লাটাই’—এর কথা উল্লেখ করে লিখেছেন একটি স্ট্যাটাস সেই ১৭ ডিসেম্বর। কী করে চোখে পড়েনি? মাসুক হেলাল যার তুলনা তিনি নিজেই। তাঁর প্রতিটি তুলি/কলম/পেনসিলের আঁচড় হিরণ্ময় শিল্পের সৌকর্য্য বহন করে। তাঁর কাছে থেকে এই উপহার পাওয়া আমার কাছে বেঁচে থাকার অন্য এক মানে। ধন্যবাদ মাসুক ভাই, বহু ধন্যবাদ!
পুনশ্চঃ মাসুক হেলালের স্ট্যাটাসটি এখানে তুলে দিচ্ছি Masuk Helal December 17 at 11: 52 pm: · ‘সেজান মাহমুদ। সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র ছিল সেজান। গল্প লেখে, এখানে ওখানে দেখা হতো। ১৯৯২ সালে বেরিয়েছে সেজানের মুক্তিযুদ্ধের উপন্যাস’ মনের ঘুড়ি লাটাই। সেজান আমাকে বইটিতে লিখে দেয়, “প্রিয় মাসুক ভাইকে সেজান মাহমুদ, ২০ ফেব্রুয়ারি ৯২। ” একটি কিশোরের চোখে দেখা মুক্তিযুদ্ধ। আমার ভালো লেগেছিল। বইটি আমার সংগ্রহে আছে। সেজানের প্রিয় বিষয়, দেশ-মুক্তিযুদ্ধ। সে সেজান দেশ ছেড়ে বিদেশে আছে। ভালো থাকবে সেজান।’
৯.
খুব ছোটবেলায় মায়ের সঙ্গে নানান আত্মীয় বাড়িতে বেড়াতে যেতাম। আমি পরিবারের চার ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। আত্মীয়েরা বলতেন ‘পেট-মোছা’, কেউ বা ‘কোলের ছেলে’। কিন্তু যা আমাকে অবাক করত তা হলো, কোনো কোনো আত্মীয় আমাকে দেখেই দৌড়ে এসে গায়ে চিমটি কেটে বলতেন, ‘ওরে আল্লাহ, এই সেই ছেলে। সত্যি বেঁচে আছে?’ কেন এমন বলে ওঁরা? একদিন মাকে জিজ্ঞেস করে জানলাম, আমার জীবনের সবচেয়ে ভয়ংকর দিনের কথা। এই সব মায়ের কাছে থেকে পরবর্তীতে বারবার শুনে মাঝে মাঝে মনে হয় আমি যেন সবই নিজে চোখে দেখেছি।
আমার বয়স যখন মাত্র নয় দিন, তখন টিটেনাসে আক্রান্ত হয়েছিলাম। টিটেনাস বা ধনুষ্টঙ্কার একটি ভয়ংকর জীবাণুবাহিত রোগ যা এখনো দুই লাখের মতো শিশুর জীবন কেড়ে নেয় প্রতি বছর। আমার জন্ম হয়েছিল যে প্রত্যন্ত গ্রামে সেখানে হাসপাতাল নয়, ক্লিনিক নয়, আঁতুড় ঘরে জন্ম এবং বাঁশের চলটা দিয়ে নাড়ি কাটা হয়েছিল, যদিও স্যাভলনে ভিজিয়ে। এখান থেকেই টিটেনাসের সূত্রপাত। আমার ঠিক আগের বড় ভাই ছিল যমজ। সেই যমজ যুগলের একজন যার নাম ছিল ‘নয়ন’, টিটেনাস হয়ে মারা গিয়েছিল। গ্রামের দিকে টিটেনাসকে অনেকেই ‘জিনে ধরা’ বা ‘উপরি ওঠা’ ইত্যাদি নামে চিহ্নিত করে ঝাড়ফুঁক, ওঝা বা মোল্লা ডেকে চিকিৎসা করে থাকেন।
আমার যখন টিটেনাস হয়, আমার মা এবার অন্য কারও কথা শোনেননি। সোজা বড় মামাকে খবর দিয়েছেন। বড় মামা ডাক্তার ছিলেন। কিন্তু খবর পেয়ে আসতে আসতে দেরি। পারিবারিক ডাক্তার নিতাই কাকা এসেছেন কিন্তু সেই সময় টিটেনাসের তেমন কোনো চিকিৎসা ছিল না। এই অবস্থায় মা নিজে সেই আঁতুড় ঘর থেকেই বাড়ির পাশের জঙ্গলে খুঁজে ভেষজ ওষুধ এনে বুকে পিঠে মালিশ করে দিয়েছেন। আমার মা অনেক ভেষজ চিকিৎসা জানতেন। কিন্তু টিটেনাসে শরীরের যে বিষ নিঃসৃত হয় তা স্নায়ুগুলোকে পঙ্গু করে দেয়, শ্বাসপ্রশ্বাসের মাংসপেশিগুলো নিস্তেজ হয়ে মারা যায় মানুষ। প্রচণ্ড খিঁচুনি দিতে দিতে এক সময় যখন নিস্তেজ হয়ে ছিলাম, মা তখন আশায় আশায় বসে আছেন কখন বড় মামা আসবেন ‘এটিএস’ ইনজেকশন নিয়ে। সেটা তখন নতুন বাজারে-আসা টিটেনাসের চিকিৎসা। কিন্তু পারিবারিক ডাক্তার নিতাই কাকা জানালেন ‘কোনো আশা নেই। শ্বাস নেই ছেলের। মারা গেছে।’
বাড়ির একজন ছুটল কাফনের কাপড় কিনে আনতে, গোসলের জোগাড় যন্ত্র হলো। এমন সময় বড় মামা এলেন ‘এটিএস’ ইনজেকশন নিয়ে। এসে শুনলেন, মারা গেছে ছেলে। মা বললেন, ‘মারা যদি গিয়ে থাকে তাও ইনজেকশন দাও’। মায়ের মন, আশা ছাড়তে পারে না।
এর পরের কথাগুলো মায়ের কাছে এতবার শোনা যে মুখস্থ হয়ে গেছে আমারঃ ‘তোর মামা যখন ইনজেকশন দিল আমি তোর হাত ধইরা ছিলাম। মনে হইলো সুঁইয়ের খোঁচায় আমার হাত খামচে ধরলি। আমি তোর মামারে কইলাম, “ও মরে নাই, ভাইজান। ” আমি কী আর কবর দিতে দেই? একটার পর একটা ইনজেকশন। চৌদ্দ দিনের মাথায় তুই কাইন্দা উঠলি।’
হ্যাঁ, এইজন্যেই আমার আত্মীয়েরা কাছে এসে চিমটি কেটে দেখত আমি সত্যিই বেঁচে আছি কি না। আমি বড় হয়েছি, ডাক্তার হয়েছি। টিটেনাস নামের রোগটিকে জীবনের একটি চরিত্র করে নিয়েছি। এখন পরিণত চিকিৎসা বিজ্ঞান, রোগ প্রতিরোধ বিজ্ঞান, চিকিৎসার সঙ্গে সামাজিক সাংস্কৃতিক অনুষঙ্গ বিবেচনা করে ভাবি, আমি সেই দুই লাখ শিশুর একজন যে মরতে মরতে বেঁচে গিয়েছে। এটিএস দিলে টিটেনাসের বিষকে নিষ্ক্রিয় করা যায় কিন্তু যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছিল তা হলো আমার মায়ের সেই ভেষজ ওষুধ। আমি পরে খুঁজে বের করেছি সেই ভেষজের কাজ ছিল মাংসপেশিকে নরম করা, মাসল রিলাক্সজেন্ট। ওই মুহূর্তে সেই মাংসপেশিকে নরম রাখার কারণেই শ্বাসপ্রশ্বাস ক্ষীণতর হলেও বাঁচিয়ে রেখেছিল। তারপর এটিএস, অ্যান্টিবায়োটিক সবকিছু মিলিয়ে বেঁচে ওঠা।
আমার মা ধার্মিক কিন্তু ধর্মান্ধ না। তিনি বলেন, ‘ওই দিন যদি মোল্লা-মুনশির কথা মতো জিনে-ধরার চিকিৎসা করতাম, তাইলে নয়নের মতো তোরেও মরতে হইত।’
এই ঘটনা আমার জীবনের বিরাট দার্শনিক নির্দেশনা দেয়। এ জন্যই আমি বিজ্ঞানমনস্ক কিন্তু বিজ্ঞানের অনিশ্চয়তাকেও মানি; এ জন্যই আমি ধর্মান্ধ নই, কিন্তু জীবনের অদৃশ্য, অধরা কে মানি। এ জন্যই আমি রোগের চিকিৎসার চেয়েও প্রতিরোধকেই বেশি গুরুত্ব দিই; এ জন্যই মানুষ, মানবিকতা আর মানুষের জীবন আমার কাছে সমস্ত কিছুর চেয়ে বড়।
আর এই পৃথিবীতে জন্ম নিয়েই মৃত্যুময় চারপাশের সকল প্রতিকূলতাকে ছাপিয়ে দ্বিতীয় জীবন লাভ করা আমার বেঁচে থাকার অন্য এক মানে।
(লেখাটি ইংরেজিতে রচিত প্রকাশিতব্য গ্রন্থ থেকে গৃহীত ও সংক্ষেপিত)
১০. ঈদ বলি, বড়দিন বলি, পূজা বলি এই সব ধর্মীয় উৎসবগুলোর সবচেয়ে বড় দিক হলো এগুলোর সামাজিক মূল্যবোধ এবং প্রয়োগ। এই দিনগুলোতে নিজেরা আত্মীয় কিংবা অনাত্মীয় একসঙ্গে মিলিত হই। উপহার বিনিময় করি। ভালোবাসা বিনিময় করি। যাদের সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়াই। সবকিছুই সামাজিকভাবে মূল্যবান। আমি সেই ছোটবেলা থেকেই এই উৎসবগুলোতে যোগ দিয়েছি, হ্যাঁ সব উৎসবে। ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধপূর্ণিমা, সব। তাই প্রত্যকটা উৎসবের সময় ছেলেদের নিয়ে যাই বা যুক্ত করার চেষ্টা করি। কিন্তু ওরা নিজেরাই খুব বেশি উচ্ছ্বসিত থাকে না। অনেকটা কোনোমতে ‘আচ্ছা চলো’ ভাব। দুই ছেলে ঘরে কিন্তু আমাদের বাড়িতে কোনো ‘ভিডিও গেম’ নেই বা আমাদের কখনো কিনতে হয়নি এ কথা কি কেউ বিশ্বাস করবে? আমার ভাগনে একবার উপহার দিয়েছিল প্লে স্টেশন সেটাও আবার ওরা অন্য কাজিনদের দিয়ে দিয়েছে। বড় ছেলে কলেজে যায়। আগেও বলেছি আমেরিকায় ছেলে মেয়ে কলেজে যাওয়া শুরু করলে বাড়িতে রাখা দুষ্কর। তারা স্বাধীনতার খোঁজে উন্মত্ত হয়ে যায়। অনেক পরিবারেরই আক্ষেপ এটা। আমাদের বড়টা এখনো বাড়িতে। বলে, ‘আমার তোমাদের কাছে শিশু হয়ে থাকতে ভালো লাগে। অ্যাডাল্ট হতে ইচ্ছা করে না।’ কিন্তু বড়দের মতো দায়িত্ব নিয়ে গাড়ি চালায়, কাজ করে। তা ছাড়া ছোট ভাইকে নিয়ে সে তাঁর বাল্যকাল নতুন করে উপভোগ করতে চায়। দুজনের বয়সের ব্যবধান নয় বছর। এর মধ্যে দেখি কোথা থেকে একটা পুরোনো এক্সবক্স নিয়ে এসে ছোট ভাইকে খেলা শেখাচ্ছে একদিন। এখন স্কুল ছুটি, তাই ছোট ভাইকে নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় এখানে সেখানে। সেদিন কাকতালীয়ভাবে আমি শপিং মল-এ গিয়ে দূর থেকে দেখি ‘অথই’ আর ‘প্রেম’ স্যান্টার চেয়ারে বসে কথা বলছে। আমাকে দেখেনি প্রথমে। বড় ছেলে জিজ্ঞেস করছে ‘কি চাও স্যান্টা ক্লজের কাছে?’ ছোট ছেলে বলছে, ‘স্যান্টা ইজ নট রিয়েল। বাবাকে একটা নতুন একবক্স কিনতে বলি, কিন্তু বাবা তো ভিডিও গেম কিনবে না।’ একটু পরে আমি ওদের সামনে এলাম। বুঝতে দিলাম না আমি সব কথা শুনেছি। ছবি তুললাম ওদের। গতকালকে বাড়িতে সবাই যার যার কাজে ব্যস্ত। আমি চুপ করে নতুন এক্সবক্স কিনে এনেছি। তৃষ্ণা সেটা সুন্দর করে রঙিন কাগজে মুড়ে দিয়েছে। আমরা বিছানায় লেপের নিচে বাক্সটা লুকিয়ে বসে বসে সিনেমা দেখছি। ডাকলাম ওদের। বললাম, ‘সবাই লেপের নিচে আসো, পারিবারিক ওম। লেপের নিচে আসতে গিয়েই ছোট ছেলের পায়ে ঠেকল বাক্সটা।’ সে চেঁচিয়ে বলে, ‘এইটা কি? হোয়াট দ্য হেক ইজ দিস?’ আমি বকা দেওয়ার ভঙ্গিতে বলি, ‘বিছানার মধ্যে কী রাখো এসব? নিশ্চয় তোমাদের কাজ।’ বড় ছেলে লেপ সরিয়ে দেখে গিফট বক্স। দ্রুত এক টানে ছিঁড়ে ফেলে মোড়ক। তারপর এক্সবক্স দেখে দুজনেই একসঙ্গে চিৎকার, পাঁচ মিনিট, কান ফাটানো। তারপর দুজনের মুহুর্মুহু চুমু আমাকে আর তৃষ্ণাকে...মূল্যহীন।
আমাদের সকলের মধ্যেই একটা করে শিশু বাস করে। সেই শিশুকে লালন পালন করতে হয়। আমার ছোটবেলায় পাওয়া সবচেয়ে দামি খেলনা ছিল একটা ছোট্ট কাঠের টুং টাং পিয়ানো। বাংলাদেশে সম্ভবত কুড়ি টাকায় পাওয়া যেতো তখন। সেটা পেয়েই আমি এক রাত ঘুমাতে পারিনি আনন্দে। কিন্তু আমার এই সব আনন্দের সঙ্গে খুব কষ্ট হয়। মনে হয় জগতের সকল শিশুর যদি ইচ্ছাপূরণ হতো! জগৎকে পাল্টানো একার পক্ষে সম্ভব না কিন্তু একা যা করা যায় তা অন্তত করা উচিত। সাধ্য মতো সেটা করি, খেলনা সংগ্রহের উদ্যোগে দান করি সামান্য হলেও।
একবার ঈদে এ রকম হলো, আমাকে নতুন জামা বানিয়ে দেওয়া হবে। বাবা বললেন, কাপড়ের বেছন (বীজ) বোনা হয়েছে। গাছ হবে, গাছ বড় হবে, কাপড় ধরবে তারপর ‘আলাই খলিফা’র কাছে বানাতে দেওয়া হবে। আমি কিছুদিন পরপর বাবা কে জিজ্ঞেস করি, ‘বাবা আমার কাপড় ধরেছে?’ বাবা উত্তর দেন, ‘হ্যাঁ, গাছ বড় হচ্ছে। এবার মনে হয় ভালো কাপড় হবে।’ কিন্তু ঈদের আগের দিনও আমার নতুন শার্ট হয় না। এবার বাবাকে বললাম, ‘কাপড় কখন আনবো, শার্ট বানাতে তো সময় লাগবে।’ দেখি বাবা কোনো কথা বলেন না। মা, এগিয়ে এসে বললেন, ‘শোনো, এবার বন্যায় হঠাৎ করে কাপড়ের গাছ তলায়ে গেছে। সামনের বার ভালো শার্ট বানায়া দেব।’
বড় হয়ে বুঝতে পারি আমাদের সচ্ছল গ্রামীণ জীবনে অভাবের ধাক্কা লাগা শুরু হয়েছিল। একজন বাবা নিজের ছেলেমেয়ের ইচ্ছা পূরণ করতে না পারলে কেমন কষ্ট পান তা বুঝতে পারি। বুঝতে পারি আমার নিজের বাবার কষ্ট আর বুকের মধ্যে দুমড়ে মুচড়ে ওঠে বাধহীন কান্না। বাবাকে কোনো দিন বলা হবে না আমার নতুন শার্ট চাই না। আমি জানি কতটা ভালোবাসতেন আমাদের। সেই ভালোবাসাই তো সব। এই ভালোবাসা আমার ছেলেরা বুঝতে পারুক, এটা চাই। সেই পাওয়া টুকুই আমার বেঁচে থাকার অন্য এক মানে।

লেখক পরিচিতি:
(সেজান মাহমুদ
পেশায় চিকিৎসাবিজ্ঞানী। তিনি লেখক, গীতিকার ও কলামিস্ট হিসেবেও খ্যাতিমান। বর্তমানে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক। যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের জনস্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন শাখার এপিএইচ-পিএইচইএইচপি আরলি ক্যারিয়ার পুরস্কার পেয়েছেন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ এবং বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। লেখক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি প্রশংসনীয় অবদান রেখেছেন। বাংলাদেশ শিশু একাডেমীর সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি)