বেআইনি অভিবাসী শিশুদের বৈধতার প্রশ্নে অনড় ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অবস্থানরত লাখ লাখ ‘ড্রিমার্স’ তরুণ-তরুণীর বৈধতার বিষয়ে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বেআইনি অভিবাসী শিশুদের বৈধতা দেওয়ার বিষয়ে বিরোধিতা করে এ-সংক্রান্ত আইন পাস করতে রিপাবলিকানদের তাগিদ দিয়েছেন তিনি।

গতকাল রোববার ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে একাধিক পোস্ট দেন। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ট্রাম্প অভিযোগ করেছেন, ‘ড্রিমার্স’ কর্মসূচির সুবিধা নিতে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বাড়ছে। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে মেক্সিকো তেমন কিছুই করছে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে উত্তর আমেরিকার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তি থেকে সরে আসারও হুমকি দিয়েছেন ট্রাম্প।

২০১২ সালে ওবামা প্রশাসন শিশু বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বেআইনি অভিবাসী শিশুদের জন্য বিশেষ কর্মসূচি ‘ডাকা’ চালু করে। এটি ড্রিমার্স নামেই বেশি পরিচিত। মার্চ থেকে এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে আদালতের বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়।

আদালত জানান, এ ব্যাপারে চূড়ান্ত রায়ের আগে ওবামা প্রশাসনের ওই কর্মসূচির মাধ্যমে যারা সাময়িকভাবে কাজ ও পড়াশোনা করার অনুমতি পেয়েছে, তাদের ব্যাপারে কোনো পরিবর্তন আনা যাবে না।

এই কর্মসূচিতে নতুন করে আর কাউকে সুবিধা দেওয়া বন্ধ রয়েছে। তবে কর্মসূচি চালুর সময়ে যারা এতে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এই সুবিধা চালু রয়েছে। প্রায় আট লাখ তরুণ-তরুণী এই কর্মসূচির সুবিধা ভোগ করছে, যাদের ‘ড্রিমার্স’ বলা হয়।

ডাকা কর্মসূচিতে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা না হলেও ট্রাম্প অবৈধ অভিবাসনের ক্ষেত্রে এই কর্মসূচিকে দোষারোপ করছেন। তিনি টুইটারে বলেছেন, ক্রমে বাড়তে থাকা অবৈধ অভিবাসীরা এই কর্মসূচির অপব্যবহার করছে। তিনি সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে মেক্সিকো শিথিল ভূমিকা রাখছে বলে অভিযোগ করেন।

ট্রাম্প বলেন, ‘মেক্সিকো তাদের দক্ষিণের সীমান্ত দিয়ে লোকজনের অবাধে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে খুব কম কাজ করছে। বলা যায়, কিছুই করছে না। তারা আমাদের বাকশক্তিহীন অভিবাসন নীতি নিয়ে হাসাহাসি করে। তাদের অবশ্যই মাদকের বড় চালান ও জনস্রোত থামাতে হবে। তা না হলে আমি তাদের ক্যাশ কাউ (বাণিজ্য উদ্যোগ, বাজার অর্থে), নাফটা (উত্তর আমেরিকার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তি) বন্ধ করে দেব।’

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর দেওয়ার প্রয়োজনীয়তার কথা ফের উল্লেখ করেন ট্রাম্প। অভিবাসনবিরোধী নতুন আইন কংগ্রেসে পাস করতে রিপাবলিকানদের তাগিদও দিয়েছেন তিনি।