বেখেয়ালি বাবা, জমজ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিনিক্স, মরিজা
ফিনিক্স, মরিজা

বাবার অসতর্কতা আর অবহেলা কেড়ে নিয়েছে এক বছর বয়সী জমজ শিশুর জীবন। গত ২৬ জুলাই নগরীর ব্রঙ্কসে এ ঘটনা ঘটেছে।

এক বছর বয়সী ওই জমজ শিশুরা হলো মেয়ে মরিজা ও ছেলে ফিনিক্স রদ্রিগেজ। তাদের বাবা ৩৯ বছর বয়সী জুয়ান রদ্রিগেজ ফোর্ডহেম মনোয়ার ভি হাসপাতালে কাজ করেন।

প্রতিদিনের মতো জুয়ান রদ্রিগেজ সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। উদ্দেশ্য ছিল সন্তানদের ডে কেয়ারে রেখে কাজে যাবেন। ভোর চারটায় তাঁর কাজ ছিল। যাওয়ার সময় শিশু মরিজা ও ফিনিক্স গাড়িতে ঘুমিয়েছিল। জুয়ান সন্তানদের কথা ভুলে গিয়ে গাড়ি পার্ক করে কাজে চলে যান। আট ঘণ্টা কাজ করার পর বিকেল চারটায় যখন গাড়িতে ফেরেন, তখনো তাঁর মনে ছিল না সন্তানদের কথা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সন্তানদের কথা মনে হয়। এ সময় গাড়ি থেকে নেমে তিনি চিৎকার শুরু করেন।

‘আমি আমার বাচ্চাদের মেরে ফেলেছি’—চিৎকার শুনে পথচারীরা ৯১১-এ কল করেন। পুলিশ কর্মকর্তা এসে ওয়েস্ট কিংস ব্রিজ রোড এবং কিংস ব্রিজ টেরেসের সংযোগ এলাকায় তাঁর গাড়ি থেকে শিশুদের তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

রকল্যান্ড কাউন্টির ৩৯ বছর বয়সী বাবা জুয়ান রদ্রিগেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ২৭ জুলাই জুয়ানকে এক লাখ ডলার বন্ডের জন্য ৫০ হাজার ডলার জমা নিয়ে জামিন দেওয়া হয়েছে।

ওই দিন তাপমাত্রা ছিল মধ্য ৮০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। গাড়িতে গরমের কারণেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন আগেও ভার্জিনিয়ায় ১০ মাস বয়সী এক শিশুর এভাবেই মৃত্যু হয়েছিল।
জুয়ান রদ্রিগেজের স্ত্রী মারিসা রদ্রিগেজ বলেন, তিনি (জুয়ান) একজন ভালো ব্যক্তি ও একজন ভালো বাবা। রদ্রিগেজ কখনোই ইচ্ছা করে এই হত্যা করেনি।

রদ্রিগেজের প্রতিবেশীরা বলেন, রদ্রিগেজ খুব ভালো মানুষ এবং বাচ্চাদের ব্যাপারে খুব যত্নশীল।

রদ্রিগেজের আইনজীবী জোয় জ্যাকসন বলেন, তাঁর ক্লায়েন্ট গৃহহীন, অক্ষম এবং এইচআইভি পজিটিভ ভেটেরেন্সের সঙ্গে কাজ করেন। রদ্রিগেজের অপরাধমূলক হোমোসাইডের চার্জের জন্য চার বছর এবং একাধিক হত্যার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।