বেতন কাটার পাশাপাশি চাকরি হারাচ্ছেন কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের একটি সাবওয়ে
নিউইয়র্কের একটি সাবওয়ে

ট্রেনের সময়সূচি বিলম্বের কারণে নিউইয়র্ক নগরের নিম্ন আয়ের কর্মজীবী মানুষকে সাবওয়েতে চলাচলে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও সময় মতো কাজে যোগ দিতে ব্যর্থ হওয়ায় মালিকপক্ষ তাদের বেতন কেটে নিচ্ছে। একটি প্রতিবেদনে এ ধরনের উদ্বেগজনক খবর জানা গেছে।
সাবওয়েতে চলাচল করেন এমন প্রতি চারজনের তিনজন কর্মজীবী মানুষ ট্রেনের সময়সূচি বিলম্বের কারণে কর্মস্থলে নির্ধারিত সময়ে যেতে পারছেন না। ৯ জুলাই নিউইয়র্ক সিটি কম্পট্রোলার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়।
কম্পট্রোলার স্কট স্ট্রিংগারের দপ্তর গত জুন মাসে একটি জরিপ চালাতে গিয়ে ১ হাজার ২২০ জনের বেশি কর্মজীবী ট্রেনযাত্রীর সাক্ষাৎকার নেয়। যাত্রীদের কাছে জানতে চাওয়া হয়, ট্রেনের বিলম্বের জন্য তারা কি ধরনের সমস্যার মুখে পড়ছেন? তাদের উত্তর ছিল বিব্রতকর।
১৮ ভাগ উত্তরদাতা জানান, তিন মাস ধরে তাদের কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে। আর কর্মস্থলে দেরিতে উপস্থিতির কারণে প্রায় ১৩ ভাগ কর্মজীবী মানুষ বেতন হারিয়েছেন। ২ ভাগ কর্মজীবী চাকরি হারিয়েছেন। নিউইয়র্ক সিটি জুড়ে ১৪৩টি সাবওয়ে স্টেশনে এই জরিপ চালানো হয়।
স্ট্রিংগার জানান, এই জরিপ প্রমাণ করে, এ সংকট বাস্তব ও সমস্যাও সত্যি। নিউইয়র্ক নগরের বাসিন্দারা এ সমস্যায় ভুগছেন।
জরিপে দেখা গেছে, নিম্ন আয়ের কর্মজীবীদের এলাকার সাবওয়েগুলোতে বিশেষত ব্রঙ্কসে সাবওয়ে ট্রেনে যাতায়াতে বেশি বিলম্ব হয়। ব্রঙ্কসে বসবাসকারী ট্রেন যাত্রীদের মধ্যে ৫৪ ভাগ জানান, অর্ধেক সময়ের বেশি অথবা নিয়মিত তারা ট্রেন বিলম্বের শিকার হয়ে থাকেন। ম্যানহাটনের ২৫ ভাগ যাত্রী এ ধরনের অভিজ্ঞা অর্জন করেছেন।
এমটিএর চেয়ারম্যান জো লৌটা ৯ জুন এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি কম্পট্রোলার কার্যালয়ের প্রতিবেদন দেখেননি। তবে তিনি প্রতিবেদনের পরিসংখ্যান শুনে মোটেই বিস্মিত নন।
লৌটা গত মাসে আবার এমটিএতে ফিরে আসেন এবং তিনি সাবওয়ের বর্তমান সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। লৌটা বলেন, দিন শেষে আমার প্রয়াসে যাত্রীরা খুশি হবেন।
অন্যদিকে স্ট্রিংগার আশঙ্কা প্রকাশ করে বলেন, সমস্যা
দিন দিন আরও বাড়বে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা ও গভর্নর এ লক্ষ্যে ৩৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এ অর্থ সিগন্যাল মেরামতসহ অন্যান্য ভৌত কাঠামো নির্মাণকাজে ব্যয় হবে।