বেলাল বেগকে দেওয়া হলো 'ঘুংঘুর সম্মাননা'

নিউইয়র্কে বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক, চারণ সাংবাদিক ও কবি বেলাল বেগকে ‘ঘুংঘুর সম্মাননা-২০১৭’ দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে তাঁকে এই সম্মাননা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষে আবু রায়হান ১৫০০ ডলারের একটি খামও তুলে দেন তাঁর হাতে। অনুষ্ঠানের আয়োজক শিল্প-সাহিত্যের কাগজ ‘ঘুংঘুর’।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এতে সভাপতিত্ব করেন ঘুংঘুর পত্রিকার সম্পাদক কবি ড. হুমায়ুন কবির।
বিশেষ অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বেলাল বেগ একজন স্বাপ্নিক মানুষ। তিনি স্বপ্নে বাঁচেন ও স্বপ্ন সঞ্চয় করেন। এক সময় বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা’। বেলাল বেগ অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলেছিলেন। বাংলাদেশ টেলিভিশনের শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণে তিনি উৎকর্ষ এনেছিলেন। তখনকার সময়ের অনেক সৃজনশীল অনুষ্ঠান ছিল তাঁর চিন্তার ফসল।
আনিসুল হক আরও বলেন, ‘আমি রংপুরের ছেলে, ১৯৭৬ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বিকেলে খেলাধুলা ফেলে টেলিভিশনে বিতর্ক দেখতাম। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে আধুনিকতার ধারণা, মুক্তবুদ্ধির চিন্তা বপন-রোপণ করে গেছেন বেলাল বেগ। এখন বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, দেশে-বিদেশে একটা জেনারেশন গড়ে উঠেছে বেলাল বেগের মতো মানুষের হাত ধরে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।’
অন্যান্য বক্তারা বলেন, অনেক ‘না’ মানুষের ভিড়ে একজন ‘হ্যাঁ’ মানুষ হলেন বেলাল বেগ। তিনি শিশুর মতোই সরল, একজন ভালোবাসার বাতিঘর হিসেবে তিনি এখন আমাদের কাছে প্রেরণার মানুষ।
সাংবাদিক কৌশিক আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বেলাল বেগের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন গোপন সাহা। মানপত্র পাঠ করেন ফকির ইলিয়াস। তাঁর সম্পর্কে সরস বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ। বেলাল বেগের রচনা থেকে পাঠ করেন ছন্দা বিনতে সুলতান। বেলাল বেগকে নিয়ে লেখা ছড়া পড়েন মনজুর কাদের।
মুত্তালিব বিশ্বাসের সরস বক্তব্যে বেলাল বেগের ব্যক্তিত্বের স্বতন্ত্র পরিচয় উঠে আসে। এরপর বক্তব্য রাখেন ড. নুরুন্নবী। বেলাল বেগের পোর্ট্রেটশিল্পী তাজুল ইমাম তাঁর আঁকা দুটি পোর্ট্রেট নিয়ে কথা বলেন। বেলাল বেগকে নিয়ে আনিসুল হকের লেখা থেকে পাঠ করেন শুক্লা রায়। অনুষ্ঠানে শিরীন বকুল আবৃত্তি করেন বেলাল বেগের লেখা কবিতা।
সবশেষে বেলাল বেগ তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে দেওয়া বক্তৃতায় উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।