বোস্টন হামলাকারী দোষী, মৃত্যুদণ্ড হতে পারে

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে আলোচিত বোমা হামলাকারী জোখার সারনায়েভের (২১) বিরুদ্ধে আনা ৩০টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন জুরি সদস্যরা। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওই বিচারকেরা গত বুধবার তাঁকে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করেন। অভিযোগগুলোর মধ্যে কয়েকটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড। খবর এএফপি ও বিবিসির।
২০১৩ সালের এপ্রিল মাসে বোস্টনের ঐতিহ্যবাহী ম্যারাথন প্রতিযোগিতা চলার সময় হাতে তৈরি বোমা দিয়ে হামলা চালানো হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত এবং ২৬০ জনের বেশি আহত হন। হতাহতের সংখ্যার বিচারে ৯/১১ সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। চেচেন বংশোদ্ভূত মার্কিন নাগরিক সারনায়েভের আইনজীবীরা স্বীকার করেছেন, ওই হামলায় সারনায়েভের ভূমিকা ছিল। তবে তাঁদের দাবি, সারনায়েভ তাঁর বড় ভাইয়ের প্ররোচনাতেই ওই কাজে অংশ নেন।
সারনায়েভ দোষী সাব্যস্ত হবেন—এ রকমটাই মনে করা হচ্ছিল। বিচারের পরবর্তী ধাপে তাঁর আইনজীবীরা চেষ্টা করবেন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। আগামী সপ্তাহের শুরুতেই বিচারের দ্বিতীয় ধাপ শুরু হবে। তখন বিচারকেরা সিদ্ধান্ত নেবেন, তাঁকে মৃত্যুদণ্ড, না যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।
সর্বোচ্চ শাস্তির বিষয়ে বোস্টনের সমর্থন নেই। তার পরও বিচারের স্থান পরিবর্তনের জন্য আইনজীবীরা বারবার আবেদন জানিয়েছিলেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য ১৯৮৪ সালে মৃত্যুদণ্ড রহিত করে। আর ১৯৪৭ সালের পর সেখানে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছিলেন হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরাও। নিহত আট বছর বয়সী মার্টিন রিচার্ডের মা রায় পড়ার সময় কান্নায় ভেঙে পড়েন।