বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস নিয়ে কোয়ান্টাম সোসাইটির আলোচনা

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর জ্যামাইকা কার্যালয়ে ৮ জুন অনুষ্ঠিত হলো ‘বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস: প্রাণবন্ততা ও প্রাণপ্রাচুর্যের উৎস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ওই দিন সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইব্রাহিম সিরাজ আনাস। তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। শুরুতে কোয়ান্টাম সোসাইটির মেহনাজ আহমেদ সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রাণপ্রাচুর্য ধরে রাখার উপায় তুলে ধরেন।
আলোচনায় বলা হয়, অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের কারণে বিশ্বে প্রতি পাঁচজনে একজনের মৃত্যু হচ্ছে। মাত্রাতিরিক্ত মাংস, লবণ ও চিনি গ্রহণই এর মূল কারণ। আসলে খাবার হওয়া উচিত স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত ও আধুনিক পুষ্টিবিজ্ঞানসম্মত। ১৯৯৩ সাল থেকে সুদীর্ঘ ২৭ বছরে কোয়ান্টাম ফাউন্ডেশন অগণিত মানুষকে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করছে কোয়ান্টাম কোর্স, কোয়ান্টাম মেথড বইসহ নানা প্রকাশনার মাধ্যমে।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত অ্যানিমেশন ভিডিও ‘সবার ওপর শান্তি বর্ষিত হোক’ প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। অন-সাইট ও অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার পাঁচটি অঙ্গরাজ্য, কানাডার একাধিক প্রদেশসহ মোট পাঁচটি দেশের মানুষ অনুষ্ঠানটিতে অংশ নেয়।