বৈদেশিক মুদ্রাই বাংলাদেশের অর্থনীতির ভিত
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাংলাদেশের অর্থনীতিতে শক্ত ভিত তৈরি করছে। সারা বিশ্বে চলমান করোনা মহামারিতে অর্থনীতি নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মহামারির নেতিবাচক প্রভাবের মধ্যেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে।
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মপ্রবাহ নিয়ে ২৬ জুলাই নিউইয়র্ক নগরের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার্স: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, বাণিজ্যসচিব তপন কান্তি মজুমদার প্রমুখ।
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি সুবিধার দেশ বাংলাদেশে। বিনিয়োগ পরিকল্পনাকে সামনে রেখে অবকাঠামো সাজানো হচ্ছে। বাংলাদেশ এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ এবং অন্যান্য অবকাঠামোতে বাংলাদেশ ব্যাপক বিনিয়োগ করেছে।
পুঁজিবাজারে বিনিয়োগের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। আমলাতান্ত্রিক জটিলতা এখনো কিছুটা আছে কিন্তু বাংলাদেশ অচিরেই তা কাটিয়ে উঠে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় জায়গা হিসেবে বিবেচিত হবে বলে তিনি উল্লেখ করেন।
নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও দুই রাজ্যে এমন সম্মেলন হচ্ছে। ২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলনের পর ৩০ জুলাই বিকেল পাঁচটা থেকে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক ইনভেস্টর সামিট লস অ্যাঞ্জেলস সিএ-এর ইন্টারকন্টিনেন্টাল লস অ্যাঞ্জেলস ডাউন টাউনে অনুষ্ঠিত হবে। ‘রোড শো’র সমাপনী দিন আগামী ২ আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে ‘ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট’ সান্তা ক্লারা সানফ্রান্সিসকো সিএ-এর সিলিকন ভ্যালির হায়াত রিজেন্সি সান্তা ক্লারাতে অনুষ্ঠিত হবে।
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ সাতজনের একটি প্রতিনিধি দল এ রোড শোতে যোগ দিয়েছেন। প্রতিনিধি দলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থসচিব আবদুর রউফ তালুকদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের যোগদানের কথা আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।