
আন্তর্জাতিক আইনে সিদ্ধ এমন যেকোনো স্থানে তৎপরতা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ চীন সাগরও এর বাইরে নয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা অ্যাডমিরাল হ্যারি হ্যারিস এ মন্তব্য করেছেন। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপপুঞ্জের কাছ দিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রমের ঘটনার এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করলেন। খবর এএফপির।এক সপ্তাহ আগে ওই দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চীন এরই মধ্যে বলেছে, যুক্তরাষ্ট্রের এ কাজ ‘অবৈধ’ এবং এটি চীনের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’। দেশটি প্রতিবাদ জানাতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা যা করেছে তা আন্তর্জাতিক আইন মেনেই করেছে।
হ্যারিস গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে বলেন, ‘আন্তর্জাতিক সমুদ্র ও আকাশসীমা সবার জন্য। সেটি কোনো একক রাষ্ট্রের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণাধীন নয়।’
চীনের পিকিং ইউনিভার্সিটির স্ট্যানফোর্ড সেন্টারে বক্তৃতার জন্য তৈরি করা নথিতে এই কথা উল্লেখ করে হ্যারিস আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন সমর্থন করে এমন যেকোনো স্থানে যেকোনো সময় আমাদের সেনারা আকাশ ও নৌপথে তৎপরতা চালাবে। দক্ষিণ চীন সাগর এ রকম স্থানের বাইরে নেই ও থাকবেও না।’
চীনের দাবি, তারা বেসামরিক উদ্দেশ্যেই দক্ষিণ চীন সাগরের ওই অংশ ভরাট করে দ্বীপ নির্মাণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ কৃত্রিম উপগ্রহে তোলা কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, সাগরের কয়েক লাখ বর্গমিটার এলাকা ভরাট করেছে চীন। দেশটি সেখানে সামরিক বিমান ওঠানামার ঘাঁটি করছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।
১৯৪০-এর দশকে চীনের মানচিত্রে প্রথম দৃশ্যমান এক টুকরো রেখার ভিত্তিতে বেইজিংয়ে সাগরের প্রায় পুরো অংশের ওপর নিজের সার্বভৌমত্ব দাবি করে থাকে। তবে চীনের এ দাবিকে ‘উদ্দেশ্যমূলক’ বলে উল্লেখ করেছেন হ্যারিস। গত ২৭ অক্টোবর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাসেন ওই চীনের কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে অতিক্রম করে।
হ্যারিস বলেন, ইউএসএস লাসেনের মিশন ছিল নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি রুটিন কাজ। আরও লক্ষ্য ছিল, আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন ঠেকানো। তাঁর কথায়, ‘দশকের পর দশক ধরে আমরা বিশ্বব্যাপী নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় কাজ করে চলেছি। তাই এ মিশনে কারও বিস্মিত হওয়ার কিছু নেই।’