বৈরী পরিস্থিতিতে বাড়ছে অভিবাসীর সন্তানদের মৃত্যুর ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন অনেক কারণেই গুরুত্বপূর্ণ। আমেরিকায় অভিবাসন নিয়ে মেরুকরণ এই নির্বাচনের প্রচারণার পর্যায় থেকেই শুরু হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে প্রবেশের মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পায়। আমেরিকাজুড়ে শুরু হওয়া এই অভিবাসনবিরোধী প্রবণতায় আর্থসামাজিক নানা ঝুঁকি তৈরি হয়েছে এরই মধ্যে। এমনকি এই প্রবণতা অভিবাসীদের সন্তানদের মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা।
অভিবাসনবিরোধী যে আবহ আমেরিকায় তৈরি হয়েছে, তাতে অভিবাসী, বিশেষত অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে। এতে আর্থসামাজিক বিভিন্ন ধরনের সংকট ঘনীভূত হচ্ছে ক্রমশ। এখানেই শেষ নয়। এটি এমনকি আয়ুষ্কালের ওপরও প্রভাব বিস্তার করছে। অভিবাসনবিরোধী প্রবণতার কারণে অভিবাসীদের সন্তানদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী বিভিন্ন পদক্ষেপের কারণে আমেরিকার আর্থসামাজিক ক্ষেত্রে ঠিক কী কী ঝুঁকি তৈরি হচ্ছে, তা নিয়ে বেশ কিছু গবেষণা এরই মধ্যে হয়েছে। কিন্তু এই বৈরী পরিস্থিতি অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি তৈরি করছে কি না, তা নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি বললেই চলে। এ ক্ষেত্রেই নজর দিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের স্কুল অব পাবলিক পলিসির পোস্ট-ডক্টোরাল ফেলো ব্রিটানি মোরে। কয়েক বছর ধরেই তিনি বিষয়টি নিয়ে গবেষণা করছেন। এই গবেষণায় তাঁর সহযোগী হিসেবে রয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের গিলবার্ট জি এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিটার মুয়েনিং ও মার্ক হ্যাজেনবুয়েলার। দীর্ঘ গবেষণার পর তাঁদের এ-বিষয়ক একটি নিবন্ধ সম্প্রতি প্রকাশিত হয়েছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে।
ওই গবেষণা নিবন্ধে বলা হয়েছে, অভিবাসনবিরোধী মনোভাব রয়েছে এমন একটি সমাজে বাস করার কারণে মোটা দাগে অভিবাসীদের মধ্যে মৃত্যুর ঝুঁকিতে তেমন কোনো তারতম্য হয় না। কিন্তু এ ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায় অভিবাসীদের দ্বিতীয় প্রজন্মের মধ্যে। আমেরিকায় জন্ম নেওয়া অভিবাসীদের সন্তানদের মৃত্যুর ঝুঁকি বিদেশে জন্ম নেওয়া প্রজন্মের চেয়ে বেশি হয়।
অর্থাৎ অভিবাসনবিরোধী প্রবণতা সরাসরি প্রভাব ফেলছে অভিবাসীর সন্তানদের আয়ুষ্কালের ওপর। গবেষণাটি করতে দুটি পৃথক জরিপের তথ্যকে সমন্বয় করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে জেনারেল সোশ্যাল সার্ভে (জিএসএস)। বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে দুই বছর পরপর হওয়া এই জনমত জরিপের তথ্যের সঙ্গে ন্যাশনাল ডেথ ইনডেক্সের (এনডিআই) তথ্যের সমন্বয় করা হয়।
এ বিষয়ে ব্রিটানি মোরে সায়েন্স ডেইলিকে বলেন, ‘জিএসএস ১৯৭৮ সাল থেকে নিয়মিত এই জনমত জরিপ করে আসছে। এতে ধর্ম, বর্ণ, রাজনীতি, অভিবাসী-স্থানীয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। এতে অংশগ্রহণকারীদের অভিবাসন-সম্পর্কিত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে অভিবাসীদের বিরুদ্ধে আমেরিকার আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কি না, অভিবাসীদের কারণে চাকরির বাজার সংকোচন ও অপরাধের হার বাড়ছে কি না এবং মার্কিন অর্থনীতির জন্য অভিবাসীরা ভালো না মন্দ।
এই জনমত জরিপের ফলাফল বিশ্লেষণ করে গবেষকেরা আমেরিকার বিভিন্ন অঞ্চলে অভিবাসনবিরোধী মনোভাব কতটা, তা নিরূপণ করেন। পরে ওই সব অঞ্চলে বাস করা অভিবাসীদের মৃত্যুর হার বিশ্লেষণ করেন তাঁরা। আমেরিকার মোট ১২৩টি কমিউনিটির ১৩ হাজার ২৪২ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয় গবেষণায়। এই অংশগ্রহণকারীদের মধ্যে ৭৯ শতাংশ শ্বেতাঙ্গ, ১৪ শতাংশ কৃষ্ণাঙ্গ ও বাকি ৭ শতাংশ অন্য বর্ণের। এই অন্য বর্ণের মধ্যে ৪৭ শতাংশের জন্ম আমেরিকায়। আর বাকি ৫৩ শতাংশের জন্ম নিজ দেশে।
গবেষণায় দেখা যায়, জিএসএসের জরিপে অংশ নেওয়া কৃষ্ণাঙ্গদের মৃত্যুর হার অন্যদের তুলনায় বেশি। এ ছাড়া অভিবাসীদের প্রতি বৈরী মনোভাবাপন্ন এলাকায় বসবাসরত আমেরিকায় জন্ম নেওয়া অভিবাসীর সন্তানদের মৃত্যুঝুঁকি বেশি থাকে। সে তুলনায় অভিবাসীদের জন্য অনুকূল এলাকায় বসবাসরত একই ধরনের ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি কম থাকে। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে আমেরিকার বাইরে জন্ম নেওয়া সম-প্রজন্মের সদস্যরা। বৈরী পরিবেশেও তাদের মৃত্যুর ঝুঁকি কম থাকে।
এই গবেষণা ফলাফল প্রধান গবেষক ব্রিটানি মোরেকেও রীতিমতো চমকে দিয়েছে। তাঁর মতে, ‘আমি ভেবেছিলাম, অভিবাসীদের সন্তানের ওপর অভিবাসনবিরোধী পরিবেশ একই মাত্রায় প্রভাব ফেলে। কিন্তু গবেষণায় দেখা গেল, এই অভিবাসীর সন্তানদের জন্মস্থান তাদের মৃত্যুর ঝুঁকির ক্ষেত্রে একটি মুখ্য বিষয় হয়ে উঠল।’
এ ক্ষেত্রে একটি সম্ভাব্য ব্যাখ্যাও হাজির করেছেন গবেষকেরা। তাঁদের মতে, বিদেশে জন্ম নেওয়া অভিবাসীদের সন্তানেরা শুরুতেই বৈরী পরিবেশের সম্মুখীন হয় না। কিন্তু জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে এই পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয় একজন আমেরিকায় জন্ম নেওয়া অভিবাসীর সন্তানকে। আবার এই বৈরী পরিবেশের সঙ্গেই তার জীবনটি সর্বাংশে জড়িয়ে পড়ে। বয়ঃসন্ধিকালেই বৈষম্যের মুখোমুখি হলে, তা ব্যক্তির মনোদৈহিক স্বাস্থ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। বিপরীতে বিদেশে বা নিজ দেশে জন্ম নেওয়া অভিবাসীর সন্তানেরা আমেরিকায় এসে কিছু ব্যতিক্রম ছাড়া নিজেদের কমিউনিটির মানুষদের মধ্যেই বেড়ে ওঠে। ফলে বৈরী পরিবেশের আঁচ তুলনামূলক কম লাগে তাদের গায়ে।