বৈশাখীতে শুধু প্রবাসীরা নন, মুগ্ধ ভিন দেশিরাও

মুখরোচক রকমারি খাবারই বৈশাখীর আকর্ষণ। গ্রাহকেরা নিরিবিলি পরিবেশে অনেকটা ঘরোয়া পরিবেশে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগের জন্য মূলত বৈশাখী রেস্টুরেন্টে আসেন।
নিউইয়র্ক নগরীর ৩৬ অ্যাভিনিউয়ে ৩১ ও ৩২ স্ট্রিটের মাঝামাঝি জায়গায় অবস্থিত পারিবারিক রেস্টুরেন্ট বৈশাখীর অন্যতম পরিচালক তোজাম্মেল মিয়া বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই পর্যায়ক্রমে খাবার তৈরি করি। আজকে যেটা করব, হয়তো আগামীকাল সেটা নাও থাকতে পারে। আমরা ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় ৫০ থেকে ৬০ ধরনের খাবার রান্না করি। এতে খাবারের বৈচিত্র্য ও নতুনত্ব থাকে। গ্রাহকেরা একঘেয়েমিতে ভোগেন না। আমাদের কোনো সুনির্দিষ্ট মেনু নেই। প্রতিদিনই মেনু পাল্টাই।’
তোজাম্মেল বলেন, ‘আমাদের রেস্টুরেন্টের ও ওপরে নিচে বসার সুব্যবস্থা রয়েছে, সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন। একেবারেই পারিবারিক পরিবেশ ও খাবার। আপনার মনেই হবে না, আপনি ঘরের বাইরে খাচ্ছেন। কারণ আপনি এখানে আপনার পছন্দ মতো খাবার পাচ্ছেন। ভর্তা, সবজি, পিঠা থেকে শুরু করে সবই যেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। বাংলাদেশি খাবারের স্বাদ পেতে বিদেশিরাও এখানে আসেন। বিশেষত নিউইয়র্ক টাইমস-এ আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে মূলধারার আমেরিকানসহ বাংলাদেশি ছাড়াও বিভিন্ন কমিউনিটির গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। বর্তমানে আমাদের গ্রাহকদের ২০ শতাংশই অন্যান্য কমিউনিটির। এটা আমাদের জন্য বিরাট সাফল্য।’
কোন শ্রেণির গ্রাহক বেশি আসেন জানতে চাইলে তোজাম্মেল বলেন, ‘আমাদের মোট গ্রাহকদের ৫০ শতাংশই গাড়িচালক। আমাদের রেস্টুরেন্ট সকাল ৯টা থেকে রাত ২টা পর্যন্ত খোলা থাকায় গাড়ি চালকেরা এখানে আসেন। এরা আমাদের নিয়মিত গ্রাহক।’
তোজাম্মেল আইটি প্রকৌশলী। আরেকজন পরিচালক তাঁর ভগ্নিপতি সিটিজব করেন। তারা দুজনই ছুটির দিনে ও অবসরে রেস্টুরেন্ট দেখাশোনা করেন। সার্বিক দায়িত্বে আছেন তাঁর বোন। তিনি ব্যাংকের চাকরি ছেড়ে রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন।

রেস্টুরেন্ট ব্যবসায় কী ধরনের সমস্যায় মুখে প্রশ্ন করলে তোজাম্মেল বলেন, ‘এ ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ। প্রথমত প্রত্যেক গ্রাহকের রুচি ও চাহিদা ভিন্ন ভিন্ন। সবার রুচি ও চাহিদার সমন্বয়ে সবার কাছে গ্রহণযোগ্য খাবার তৈরি সত্যিই কঠিন কাজ। আবার খাবার এমনভাবে তৈরি করতে হবে, যেন চাহিদার তুলনায় কমও না হয়, বেশিও না হয়। খাবার না পেয়ে কোনো গ্রাহক চলে গেলে তিনি দ্বিতীয়বার নাও আসতে পারেন। আবার খাবার বেশি হলে তা নষ্ট হতে পারে, যার পরিণতি হবে লোকসান। আমরা পুরোনো খাবার গ্রাহকদের দিই না।’
এত ব্যবসা থাকতে কেন রেস্টুরেন্ট ব্যবসায় নামলেন জানতে চাইলে তোজাম্মেল বলেন, ‘মূলত মায়ের ইচ্ছা পূরণ করতেই এই ব্যবসা শুরু করি। আমার মা বহু বছর বিভিন্ন গ্রোসারি, বিশেষত রেস্টুরেন্টে কাজ করেছেন। ভালো রাঁধুনি হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। তার খাবার খেতে আমারদের বাসায় প্রায় প্রতিদিনই মেহমান আসতেন। এ কারণেই মা রেস্টুরেন্ট ব্যবসায় আমাদের উদ্বুদ্ধ করেন। এভাবে বৈশাখীর আগমন। মায়ের আশাও পূরণ হলো, আর আমাদেরও বিকল্প আয়ের ব্যবস্থা হলো।’
তোজাম্মেল বলেন, প্রত্যেকেরই চাকরি ছাড়াও বিকল্প আয়ের ব্যবস্থা থাকা উচিত, যাতে চাকরি চলে গেলেও তিনি বিপদে না পড়েন। সব বাংলদেশিরই এ বিকল্প আয়ের ব্যবস্থা রাখার পরামর্শ দেন এই চাকরিজীবী ও ব্যবসায়ী।
ব্যবসায় খুশি কিনা এমন প্রশ্নে তাঁর জবাব, ‘অবশ্যই খুশি। স্বল্প সময়ে আমরা ব্যাপক সাড়া জাগিয়েছি। মুখরোচক রকমারি খাবারই বৈশাখীর আকর্ষণ। গ্রাহকেরা নিরিবিলি পরিবেশে অনেকটা আপন ঘরের মতোই স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগের জন্য মূলত বৈশাখী রেস্টুরেন্টে আসেন।’
বৈশাখীর কোনো শাখা চালুর ইচ্ছা আছে কি না জানতে চাইলে তোজাম্মেল বলেন, ‘আপাতত তেমন পরিকল্পনা নেই। কারণ বিভিন্ন শাখা খুললে খাবারের মান সব শাখাতে একই রকম হবে না। একেক পাচকের রান্না একেক ধরনের হবে। তখন চালু রেস্টুরেন্টেরও বদনাম হবে। ব্যবসা মার খাবে। তাই আমরা অল্পতেই তৃপ্ত থাকতে চাই।’
১ এপ্রিল দুপুরে বৈশাখীতে গিয়ে বিপুল গ্রাহকের সমাগম দেখা যায়। খাবার সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ সারি দেখা যায়। বিভিন্ন কমিউনিটির বেশ কিছু গ্রাহককেও দীর্ঘক্ষণ খাবারের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
এই ভিড়ের মধ্যে কথা হলো সিলেট থেকে আমেরিকায় আসা ট্যাক্সিক্যাব চালক সাইফুল ইসলামের সঙ্গে। তাঁরা দুই বন্ধু পাশাপাশি বসা। এখানে কেন খেতে আসেন জানতে চাইলে তিনি বলেন, এখানে তুলনামূলক কম পয়সায় ভালো খাবার খাওয়া যায়। এখানকার তন্দুরি ও নানরুটি, মোগলাই পরোটা, চিকেন, মাছ, এমনকি ভর্তা ও সবজি যেন দেশের মতো। এ ছাড়া রয়েছে চার/পাঁচ রকমের দেশি পিঠা। তিনি ও তাঁর সহকর্মীরা প্রতিদিন দুপুরের ও রাতের খাবার এখানেই খেয়ে থাকেন। তিনি বলেন, রাত ২টা পর্যন্ত খোলা থাকায় আমাদের মতো অনেকেই এখানে আসেন।