বৈশাখে ক্লিভল্যান্ডে গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিভল্যান্ড শহরের বৈশাখী আয়োজনে জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ও অতুল প্রসাদের গান গাইতে আসবেন। ২২ এপ্রিল ক্লিভল্যান্ডের হলিডে ইন হোটেলের বলরুমে এই বিশেষ বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনভর এই আয়োজন শুরু হবে সকালে। অনুষ্ঠানে অংশ নিতে নির্দিষ্ট ফি’র বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে তিতাস মাহমুদ জানান, ‘শহরের সব বাঙালিকে সঙ্গে নিয়ে বিগত বছরের সব গ্লানি, জরা, যন্ত্রণা ও অপ্রাপ্তির পরিসমাপ্তি টেনে একটি চমৎকার পরিবেশে আমরা বাংলা নতুন বছর ১৪২৫-কে আহ্বান জানাতে চাই। আশা করছি ক্লিভল্যান্ড শহরের সবাই সম্মিলিতভাবে এই আয়োজনে আমাদের সাথি হবেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান। এ ছাড়া টাটকা ইলিশ ভাজার সঙ্গে আলো ভর্তা ও খিচুড়ির আয়োজন তো থাকছেই। রয়েছে দেশীয় পণ্যের নানাবিধ স্টলে সুসজ্জিত মেলার আয়োজন। একটি টিকিটের বিনিময়েই পার্কিং, মেলার স্টল ঘোরা, দুপুরের খাওয়া, বন্যার গানসহ সব আকর্ষণই উপভোগ করা যাবে। মেলার স্টলে ব্যক্তিগত কেনাকাটা ছাড়া কোথাও কোনো বাড়তি খরচ নেই। বড়দের জন্য থাকছে শিঙারা ও চায়ের ব্যবস্থা। আর শিশু কিশোরদের জন্য থাকছে পিৎজার ব্যবস্থা। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নিতে টিকিট সংগ্রহের শেষ তারিখ ৮ এপ্রিল।