বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ করতে হবে
বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিক করতে হবে। অভিবাসীদের সমস্যা নিরসন করতে যুগোপযোগী পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের ঐকমত্য ও প্রাথমিক নির্দেশনা প্রয়োজন।
জাতিসংঘের ‘ফ্রেন্ডস অব মাইগ্রেশন’ গ্রুপের এক বিশেষ সভায় এসব কথা বলা হয়েছে। গতকাল বুধবার জাতিসংঘে বাংলাদেশ মিশনে এ সভা হয়। জাতিসংঘ ফ্রেন্ডস অব মাইগ্রেশন গ্রুপের অন্যতম কো-চেয়ারম্যান বাংলাদেশ। অভিবাসী সমস্যা নিয়ে এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। ৩৩টি দেশের স্থায়ী প্রতিনিধিসহ উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড বিশ্বব্যাপী নানাভাবে অভিবাসনের ব্যাপকতা ও সমস্যা তুলে ধরেন। তিনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে অনুষ্ঠেয় অভিবাসন ও শরণার্থী-বিষয়ক উচ্চপর্যায়ের সভার বিষয়ে আলোকপাত করেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, অভিবাসী ও শরণার্থী সমস্যা নিয়ে জাতিসংঘ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চায়। গত মাসে ইস্তাম্বুলে বিশ্বনেতাদের সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, শরণার্থী সমস্যা নিয়ে ইস্তাম্বুল সম্মেলনই শেষ কথা নয়। ইস্তাম্বুল সম্মেলনের জের ধরে অভিবাসী ও শরণার্থী সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জাতিসংঘ কাজ করবে।