বৈশ্বিক সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘বিশ্বের ওপর চেপে বসা অনেক সমস্যা ও ইস্যুর মধ্যে কয়েকটির সমাধানে’ রাশিয়ার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের বিরোধিতাকারীদের নিন্দা জানিয়ে তাদের ‘নির্বোধ বা বোকা’ বলে আখ্যায়িত করেছেন।

গতকাল শনিবার ধারাবাহিক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে সহায়তার চেষ্টা করেছিলেন বলে একটি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসার পর ট্রাম্প এ মন্তব্য করলেন। ডোনাল্ড ট্রাম্প তথ্যের সুরক্ষার ব্যাপারে ‘ব্যাপক অবহেলার’ জন্য উল্টো তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের দল ডেমোক্রেটিক পার্টিকেই দায়ী করেছেন।

গতকাল টুইট বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়া সঙ্গে সুসম্পর্ক থাকাটা ‘খারাপ কিছু নয়’ এবং শুধু ‘নির্বোধ’ বা ‘বোকা’ লোকেরাই এটিকে খারাপ ভাবে। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রকে রাশিয়া আরও বেশি সমীহের চোখে দেখবে বলে মন্তব্য করেন।