বৈশ্বিকতা নয়, মনোযোগ হবে যুক্তরাষ্ট্রকে ঘিরে: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রকে ‘আরও নিরাপদ’ ও ‘আবার মহান’ করার প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণের পর দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত হওয়া ও ভাষণের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে ওহাইওর ক্লিভল্যান্ডে আয়োজিত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন।

সোয়া ঘণ্টা স্থায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘আইনশৃঙ্খলা’ ও ‘বিস্মৃত মানুষের’ প্রতিনিধি হিসেবে চিত্রিত করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে বিশ্বে তার স্থান হারিয়েছে—এ মন্তব্য করে ট্রাম্প দাবি করেন, একমাত্র তিনিই পারেন এই দেশকে তার গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে দিতে। তিনি বলেন, বৈশ্বিকতা নয়, তাঁর মনোযোগ হবে যুক্তরাষ্ট্রকে ঘিরে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের তীব্র বিরোধিতা করে ট্রাম্প বলেন, হিলারির নির্বাচন হবে ‘ব্যর্থ ওবামা প্রশাসনের’ সম্প্রসারণ।

বিপুল করতালির মধ্যে ট্রাম্পের ভাষণ গৃহীত হলেও এই চার দিনের দলীয় সম্মেলন নানা বিতর্কে আবৃত ছিল। তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ভাষণে ডেমোক্রেটিক পার্টির ২০০৮ সালের নির্বাচনী সম্মেলনে মিশেল ওবামার দেওয়া ভাষণ থেকে কথা ‘চুরি করে’ ব্যবহার করা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। তা সামাল দিতেই ট্রাম্পকে সম্মেলনের প্রথম দুই দিন ব্যয় করতে হয়। তৃতীয় দিন টেক্সাসের সিনেটর ও বাছাইপর্বে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন করতে অস্বীকার করলে প্রবল হট্টগোলের মধ্যে তাঁকে মঞ্চত্যাগে বাধ্য করা হয়।

কোনো বাড়তি বিতর্ক ছাড়া শেষ দিন কাটানোর সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত নতুন বিতর্কের ধূম্রজালে আটকা পড়ে যান ট্রাম্প। বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে ঘোষণা করেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের সামরিক অঙ্গীকার মেনে চলতে বাধ্য থাকবেন না। দ্বিতীয় মহাযুদ্ধের পর যুক্তরাষ্ট্রেরই নেতৃত্বে গঠিত এই সামরিক আঁতাত অনুসারে চুক্তিভুক্ত কোনো দেশ কখনো আক্রান্ত হলে একে অপরের সমর্থনে পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। ট্রাম্প এই সাক্ষাৎকারে মত প্রকাশ করেন, ন্যাটোভুক্ত দেশগুলো তাদের ওপর ধার্য আনুপাতিক ব্যয়ভার বহনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সে কারণে ক্ষমতায় গেলে তাঁর প্রশাসন আক্রান্ত কোনো সদস্যরাষ্ট্রকে ‘বিনা প্রশ্নে’ সমর্থন করবে না, বরং দেশটি তার ওপর ধার্য আর্থিক ব্যয় ও সামরিক দায়দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা আগে বিবেচনা করবে। ট্রাম্পের এই বক্তব্যকে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বরখেলাপ আখ্যা দিয়ে ওবামা প্রশাসন এর তীব্র সমালোচনা করেছে।

আগামী সোমবার ফিলাডেলফিয়ায় শুরু হবে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন, যেখানে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন। কাল-পরশুর মধ্যেই তিনি নিজের রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।