
আমেরিকার মিনেসোটায় শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী আন্দোলন এ দেশের গণ্ডি পেরিয়ে যখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই একই কায়দায় মাতৃভূমি বাংলাদেশেও পুলিশের হাতে সংখ্যালঘু কৃষক নিখিল তালুকদারের মৃত্যু হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপটার জর্জ ফ্লয়েডও নিখিল তালুকদার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ধর্ম ও বর্ণবাদবিরোধী সব আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ৭ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপটারের সভাপতি ফাহিম রেজা নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় সভার শুরুতেই ৭ জুন ‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী বলেন, ‘বর্ণবাদবিরোধী যে আন্দোলন বর্তমানে হচ্ছে, এটা শুধু কৃষ্ণাঙ্গদের আন্দোলন নয়, এটি আমাদের সবার আন্দোলন। কারণ ধর্ম বা বর্ণ বৈষম্যের শিকার আমরাও প্রতিনিয়ত হই এবং ভবিষ্যতেও হতে পারি। আমেরিকা বৈষম্য আগেও ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর এটা আরও অনেক বেড়েছে। আর বাংলাদেশে নিখিল তালুকদারকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশে সমস্যাটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করেন, ততক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মন্ত্রণালয় পর্যন্ত কোন পদক্ষেপ নেয় না, এটা খুবই দুঃখজনক। আমি এই ধরনের হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করছি।’
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙালির সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক কৌশিক আহমেদ বলেন, ‘এই যুক্তরাষ্ট্রে গত ৩০ বছর পুলিশি নির্যাতনে যাদের হত্যা করা হয়েছে, তাদের সবার গায়ের রং কিন্তু কালো। শুধু আমেরিকানরা নয়, সারা বিশ্বের মানুষ মনে করছে, জর্জ ফ্লয়েডকে কালো বলেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমেরিকার মতো একটি সভ্য দেশেও আমরা দেখতে পাই, মানুষকে বিচার করা হয় তার গায়ের রং দিয়ে, তার ধর্ম দিয়ে কিংবা তার ইমিগ্রেশন স্ট্যাটাস দিয়ে। বাংলাদেশেও বৈষম্য আছে, সেটা হচ্ছে ধর্মীয় বৈষম্য। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে সাধারণ মানুষ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নেমে আসে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই না।’
মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস বলেন, ‘জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে। প্রায় একই কায়দায় বাংলাদেশের কোটালীপাড়ায় গরিব কৃষক নিখিল তালুকদারকে যখন হত্যা করা হয়, তখন আমরা তেমন কোন আন্দোলন কিংবা প্রতিবাদ দেখতে পাই না। এমনকি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় কমিটি থেকে তেমন প্রতিবাদ দেখতে পাইনি। তাহলে কি ধরে নিতে হবে জর্জ ফ্লয়েড একজন মানুষ, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বলে, গরিব বলে, কৃষক বলে নিখিল তালুকদার মানুষ নয় এবং তার পরিবার বিচার পেতে পারে না? বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, কিন্তু এই ধর্মীয় বৈষম্য বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।’
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শীতাংশু গুহ বলেন, ‘জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে আমরা নিন্দা জানাই এবং এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করি। কিন্তু বাংলাদেশে একই কায়দায় যে হত্যাকাণ্ড ঘটল এই নিয়ে আমাদের সুশীল সমাজের সুশীলরা নীরব। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। বাংলাদেশের সব মানবাধিকার সংগঠন এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশা করছি।’
সমাপনী বক্তব্যে সভাপতি ফাহিম রেজা নূর বলেন, ‘যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলনে সব শ্রেণির জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, তা দেখে বোঝা যায় পরিবর্তনের সময় এসেছে। আমাদের দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, তার নিন্দা জানাই ও দ্রুত বিচার দাবি করছি। তবে আন্দোলনের নামে দেশে যেন কেউ বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।’