বৈষম্যে আর রক্তের স্রোতে এগিয়ে যাবে পৃথিবী?
কয়েক প্রহর পেরিয়ে অবসন্ন রাত্রি। কৃষ্ণ কিশোরীর নীরব কান্নার মতো ঝুপঝুপ বৃষ্টি। ঘুমে আচ্ছন্ন সবাই, তারারা রেইনকোট গায়ে ফিরে গেছে নিজেদের দেশে। ফোঁটার মত কালো রক্ত আকাশের বুক চিরে নামছে শহরের পিচঢালা রাস্তায়। রাজপথ গড়িয়ে নেমে যাচ্ছে কলকল শব্দে মিউনিসিপ্যালের ড্রেনে। ফুলে ফুলে কান্না করা মাতৃহীন অবুঝ বালকের মতো হালকা হাওয়ায় দুলছে দাঁড়িয়ে থাকা গাছগুলো। ২৬ মার্চ গেছে, তবে স্বাধীনতা দিবসের আনন্দটুকু কারও মনে নেই। সবটুকু আনন্দ যেন আজ পরিণত হয়েছে একখানা রক্তে রঙিন বিষণ্ণ বেদনায়। অন্ধকার স্নানঘরে মোচড় দেওয়া খিদে আর জীবন ভয় নিয়ে আটকে থাকা উৎকণ্ঠিত মানুষ। সিলেটে যেখানে জাফলংয়ের ঝরনা আর প্রকৃতির কন্যা টিলারা এসে চড়ুইভাতিতে মেতেছে, সেখানে কিছু মানুষ আজ পেতেছে রক্তের লালগালিচা, এই গালিচা পেরিয়ে আজ তারা পৌঁছাবে বেহেশতের ফটক। লোহিত আরব সাগর পেরিয়ে ব্রহ্মপুত্রের পর মেঘনা হয়ে আল্লাহু আকবর এখন ভেসে আসছে সুরমার ঘাটে।
পরদিন ইরাকের মসুলে মরেছে ২০০ বেসামরিক লোক। ইরাকি কাসিমের (ছদ্মনাম) কাছে এ মৃত্যুসংখ্যা ভীষণ নগণ্য। অটোমান, ব্রিটিশদের তাড়িয়ে হাজার স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করা ইরাকের বুকে নেমে এল মার্কিনিদের কালো বুট; উদ্দেশ্য সন্ত্রাস নির্মূল! একসময় ইসলামের স্বর্ণযুগে ঝলমলে বাগদাদ ঢেকে গেল মলিন ধূসর জমাট রক্তের আবরণে। ছয় বছর বয়স থেকে যুদ্ধ দেখে বড় হয়েছে কাসিম আর ওর শরীরের প্রতিটি কোষ বিভাজিত হয়েছে যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে। মাতৃভূমির শত্রুদের কে আর ভালোবাসতে পারে! স্টেনগানের ঝনঝনে আওয়াজ আর বেসুরো ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে একবার পালিয়ে গিয়েছিল জর্দানে। নাড়ির টানে আবার ঘরে ফিরলে একটা গুলি হঠাৎ ভেদ করল তার পা। ৫০ বছর বয়সে পা বাঁচাতে আজ তিনি নাগরিকত্ব নিয়ে শত্রুপক্ষের দেশ যুক্তরাষ্ট্রে। চাকরির জন্য এই বার্ধক্যে আবার ভর্তি হয়েছেন স্কুলে। ইংরেজি না-জানা তাঁর আরব স্ত্রী খুঁজে পায়নি চাকরি।
কাসিম বলছিলেন, প্রথম যখন আমার দেশে আইএস এসে আমেরিকান মারছিল, আমরা খুশি হয়েছিলাম, তাদের সাহায্য করেছিলাম। কিন্তু আইএস একদিন আমাদের নগর ভবন ভেঙে দিল, আমরা হায় হায় করে উঠলাম। আরেক দিন উপড়ে দিল আমাদের টেলিফোন লাইন। বলল, এসবের নাকি দরকার নেই, স্রষ্টাকে টেলিফোন না করেও তো ডাকা যায়। আজ এত বছর আমাদের বাড়িতে বিদ্যুতের
সংযোগ নেই, আমরা জেনারেটরে চলি। সবকটি খুঁটি উপড়ে দিয়েছে ওরা।
তবে ক্যাপিটালের গল্প কিছুটা আলাদা। যখন শুনছিলাম এ গল্প, মনে হলো এ যেন অনেকটা সেই আফগানিস্তানের মতোই। যখন রাশিয়া আক্রমণ করেছিল আফগানিস্তান, দেশ রক্ষার বাহানা নিয়ে মুজাহিদ ঢুকে পড়েছিল মানুষের মনে। মুজাহিদদেরই রক্ষাকর্তা ভেবেছিল মানুষ। মানুষের ভুল ভেঙেছিল একসময়। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গেছে, সে ভুলের দায় আজও কাঁধে নিয়ে কালো আলখাল্লার ফোকটে দিনের অন্ধকার সূর্য দেখছে সে দেশের নারীরা। শিশুরা বড় হচ্ছে লোডেড একে-৪৭ নিয়ে খেলে। আফগানি দুর্গম পাথুরে উপত্যকায় নিরন্তর প্রতিধ্বনিত হচ্ছে স্রষ্টার সাধনা। যেন যেকোনো মূল্যেই হতেই হবে নিজ স্রষ্টার শাসন কায়েম।
একসময় মরুর কোমল তপ্ত বালুরাশি থেকে মোহাম্মদের (সা.) বাণী ছড়িয়ে পড়েছিল লোহিত সাগর পেরিয়ে আফ্রিকা মহাদেশের বেশির ভাগ দেশে। ভূমধ্যসাগর পেরিয়ে স্পেন আর পার্শ্ববর্তী দেশ কাজাখস্তান পর্যন্ত আর এদিকে আরব সাগর পেরিয়ে ভারত উপমহাদেশেও স্রষ্টার বাণী হাতে মোহাম্মদের (সা.) সুফি-ওলিরা ছুটে গেছেন। তবে ইউরোপে খুব সুবিধা করতে পারল না ইসলাম। কারণ, আব্রাহামিকের আরেক
উত্তরসূরি বেথেলহামের জিসাস তখন জায়গা করেছে পশ্চিমাদের মনে। বেথেলহামের আরেক নবী মুসার (আ.) অনুসারীরা জার্মানির নাৎসিদের হাতে ছাই হয়ে মরল পোল্যান্ডের গ্যাস চেম্বারে।
ইয়েমেনি, তুর্কি, আফগানরা ঘাঁটি গড়ল উর্বর শস্যে ভরপুর ভারতীয় উপমহাদেশে। ইউরোপে তখন খুব খাদ্যসংকট। সহজেই এই হিন্দুর দেশে ব্যবসা করে সাফল্য পেল মুসলিমরা, ভারত থেকে মসলা নিয়ে তারা বেঁচত ইউরোপে। অনেকে বিয়েও করল এই দেশে। জাতপ্রথায় বিরক্ত হয়ে অনেক নিম্নবর্ণের হিন্দু ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়ল। পা পড়ল শাহজালালের মতো সুফি-ওলিদের। তারপর একসময় মুসলিমদের সংখ্যা এতই বৃদ্ধি পেল যে উনিশ শতকে এসে নিজেদের এই উপমহাদেশের আলাদা জাতি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিল তারা। জিন্নাহর এই প্রস্তাবে সেদিন বাক্রুদ্ধ আর অবাক হয়েছিলেন গান্ধীজি। রক্তপাত এড়াতে মেনে নেওয়া হলো সেই প্রস্তাব। হাজার হাজার মানুষের নীড়ছাড়া, দেশ ভাগ।
পৃথিবীজুড়ে একসময় ছিল শুধু যুদ্ধ; ব্রিটিশদের লুণ্ঠন, আগ্রাসন। কার আছে তেল, কার আছে উর্বর শস্য। আটলান্টিক পেরোতে ভয় পাওয়া ব্রিটিশরা, পর্যটক ও নাবিক কলম্বাসের বদৌলতে একসময় পৌঁছে গেল আমেরিকায়। তারপর বোকা সরল রেড ইন্ডিয়ানদের লাশগুলো ভূত-প্রেত হয়ে ভাসছিল আমেরিকার প্রতিটি উপত্যকায়। উপনিবেশবাদের সরল গদ্যে চলল সাম্রাজ্যবাদ। অবশেষে সবকিছুর দখল নিয়ে সবার যেন উপলব্ধি একখানা কাঁটাতারের বেড়া, অভিবাসন আইন। তারপর পৃথিবীর মুক্ত প্রান্তরগুলো হয়ে উঠল এক-একটা অবাধ্য পশুর খোঁয়াড়।
মুসলিম শাসন কায়েমে মোল্লাদের সঙ্গে চলছে সরকার পক্ষের লড়াই। আর তাদের তেল সম্পদের প্রতি সবসময়ই পশ্চিমাদের লকলকে জিভে। আজারবাইজান ইয়েমেনে যত্রতত্র পোতা মাইন। খেলতে গিয়ে মাইনে সিরিয়ার পা হারানো মেষপালক সীমান্ত পেরিয়ে জীবন খুঁজতে গিয়ে বহিষ্কার হয়ে ফিরছে। মুসলিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানের সন্ত্রাসী দমন মিশনে তুরস্ক, সিরিয়ায় হাজার হাজার গ্রাম খালি আর উদ্বাস্তু লাখ লাখ মানুষ। আজও একটা নাইন-ইলেভেনের মূল্য দিতে হচ্ছে লাখ লাখ মানুষকে। বিমানবন্দরগুলো এখন হয়ে উঠছে একেকটা জিজ্ঞাসাবাদ আর হেনস্থার জায়গা।
দিনে দিনে স্রষ্টার যেন খুব বেশি অনুসারী হয়ে পড়ছে মানুষ। নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা করছে শিক্ষিত স্মার্ট তরুণী। হিমালয়, নাগপুরে উদোম হয়ে চলছে স্রষ্টার সাধনা। আমেরিকার বাড়িতে বাড়িতে সুকৌশলে চলছে এখনো গির্জায় যাওয়ার ভদ্রস্থ আহ্বান। ঘরে ঘরে চলেছে ইসলামি দাওয়াত। শত্রুর রক্তের মূল্যে মিলবে বেহেশতের টিকিট। এত সহজেই যদি হয় অনন্তকালের আরাম ভোগের ব্যবস্থা! নরক হয়তো খুব বেশি যন্ত্রণাময়। সাধারণ মানুষের সুরক্ষায় বেহেশতের কাতর কিছু সুফি পশুর বিরুদ্ধে অভিযানে মরছে কত অফিসার, স্ত্রী হচ্ছেন বিধবা, নাবালক সন্তান হচ্ছে এতিম। দেশ রক্ষায় কর্মকর্তারা হচ্ছেন শহীদ, জিহাদিরা পাচ্ছে সন্ত্রাসী পদবি। তবে সত্যি স্বর্গ নরক কে কোথায় যাচ্ছে এরা! স্রষ্টার মতে নাকি এরাই শহীদ। এত শহীদের বেহেশত গমনের জোয়ারে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক আগে থেকেই একেকটা হাবিয়া দোজখ। আমাদের ছোট্ট দেশটিও যেন আজ নাম লিখিয়েছে সেই খাতায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে। তবে যুদ্ধ তো আরও চলছে কারণে-অকারণে। বিশ্ব মোড়লদের মতানৈক্য হলেই যুদ্ধ যেন অবধারিত। সামরিক খাতে বরাদ্দ আরও বাড়িয়েছে আমেরিকা। জলবায়ু খাতে বাড়িয়ে কী হবে, যেন এই পৃথিবীতে আমরা বেশ আছি। আগুনের লেলিহান শিখার ফুলকিতে যেভাবে তপ্ত হচ্ছে মানুষের ঝলসানো দেহ, সেখানে বৈশ্বিক উষ্ণতার পারদের ওঠানামা খুব সামান্যই কিছু। জমে উঠছে আইএস-পোষা সুযোগসন্ধানী মাফিয়াদের অস্ত্রের ব্যবসা। নীরব একটা যুদ্ধ চলছে উত্তর কোরিয়ায় আটকে পড়া স্বাধীনতায় কাতর অবনত মস্তিষ্কের মানুষের মনে। ইয়েমেন খিদের জ্বালায় ধুঁকছে শিশু। আমাদের খাবার টেবিল ফেটে পড়ছে রসনার ভারে, উপচে পড়ছে আমাদের রান্নাঘরের ডাস্টবিন। সুইডেন, নরওয়ে অনেক দেশে এখনো মিলছে বেকারভাতা, নিশ্চিন্ত জীবন। ঠাসাঠাসি করে গলি-ঘুপচিতে মাথা গুঁজে আছে তৃতীয় বিশ্বের মানুষ। ওদিকে ইউরোপের অনেক দেশে এখন জনসংখ্যার সংকটে। এই পৃথিবীর প্রতি যদিও সমান অধিকার আমাদের সবার, তবুও মেনে নিতে হবে এই কাঁটাতারের বেড়া। জাহাজের বদ্ধ তেলের ট্যাংকে ঝলসে ভাগ্য খুঁজে ফিরছে কেউ, মেক্সিকান বর্ডারে গাড়ির বনেট খুলে মিলছে জ্যান্ত মানুষ। ভাগ্য তাদের নিয়ে ফেলছে কারাগারে নয়তো ভিটামাটি বেচে মালয়েশিয়াগামী যুবক মুক্তিপণ না দিতে পেরে ফিরছে লাশ হয়ে। মধ্যপ্রাচ্যের দেশ থেকে নির্যাতিত হয়ে ফিরছে রহিমারা। এসব খবরের কাটতি ভালো। আবার দায়বদ্ধতা থেকেও গণমাধ্যম নিচ্ছে তাদের সাক্ষাৎকার। তবে এতে কার কী যায়-আসে! টাকার বস্তার রশি বাঁধতে বাঁধতে ক্লান্ত হচ্ছে মানব পাচারকারীরা। আর নিজ দেশে রাজনৈতিক কোন্দল-গুম, রাক্ষুসে মানুষের রক্তচোষা, কোটি টাকার ঋণখেলাপি আর কয়েক হাজার টাকার ঋণে কৃষকের ভিটে বিক্রি। মজুরের ঘামে-রক্তে বড্ড চকচকে আমাদের শরীর, প্রাসাদ।
সুদান, নাইজেরিয়া, নাইরোবি—সব জায়গায় চলছে বেহেশতের বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের সফলতা মিলছে শিল্পের শহর ফ্রান্সে, মানুষের লাল রক্তে। আল্লাহু আকবর না-জানা মানুষের শ্বাসনালি ঝাঁঝরা হয়ে। স্রষ্টা কি সত্যিই এত প্রশংসায় কাতর? কিন্তু তবুও থেমে নেই পৃথিবী, ঘুরে চলেছে সে দামাল কিশোরের লাটিম হয়ে। খবরের পাতাজুড়ে বিশ্ব মোড়লদের পদোন্নতি পদত্যাগের খবর, কী হলো মিসরের নেতা হোসনি মোবারকের, স্বল্প বসনা উর্বশীর খাদ্যাভাস, জীবনযাপন। আমাদের পত্রিকার বিনোদন পাতা আজও বড্ড রঙিন। আমরা মেতে আছি ক্রীড়াঙ্গনের সাফল্যে। স্বামী-স্ত্রীর হচ্ছে পূর্ব নির্ধারিত সংগম। এভাবেই হয়তো বৈষম্যে আর রক্তের স্রোতে ভেসে এগিয়ে যাবে আমাদের পৃথিবী।
জান্নাতুন নাহার, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।