বোরহানউদ্দিনের ঘটনায় ভোলা অ্যাসোশিয়েনের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোকসভায় ভোলা অ্যাসোসিয়েশনের সদস্যরা
শোকসভায় ভোলা অ্যাসোসিয়েশনের সদস্যরা

ভোলার বোরহানউদ্দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও নিহতদের রুহের মাগফিরাত কামনায় নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ২০ অক্টোবর সন্ধ্যায় ভোলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের উদ্যোগে সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান ও দপ্তর সম্পাদক মোহাম্মাদ আকতার হোসেনের পরিচালনায় শুরুতে অর্থসহ পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. আবদুল কাদের খান। সভায় বক্তৃতা করেন মোহাম্মদ আ. কাদের খান, প্রবীর কুমার রায়, মফিজুল হোসেন, ফরিদ রহমান মোল্লা, শেখ ফরিদ, মাসুম, আবদুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ আকতার হোসেন।

আবদুল কাদের বলেন, পুলিশের ভুলে ঝরে গেল বেশ কয়েকটি তাজা প্রাণ এবং আহত হয়েছেন শতাধিক। সরকারকে বিব্রত করতে পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী এমন কাজ করেছে কিনা তদন্ত করে দেখা দরকার। এমন পরিস্থিতির জন্য যে বা যারা জড়িত অর্থাৎ ফেসবুকে রাসুল (সা.)–কে যে বা যারা কটূক্তি করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

প্রবীর কুমার রায় বলেন, ‘ভোলায় সাম্প্রদায়িক ঐতিহ্য দীর্ঘদিনের। আমরা মিলেমিশে ভালোই ছিলাম। বর্তমান পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত, সবাইকে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাই।’

সভায় সর্বসম্মতভাবে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানানো হয়—নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে। আহতদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা ও ব্যয়ভার বহন সরকারকেই করতে হবে। পুলিশের অমানবিক আচরণের জন্য তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা নিতে হবে। ফেসবুকে যে বা যারা আমাদের প্রাণপ্রিয় রাসুল (সা.)–কে কটূক্তি করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে তড়িৎ আইনি ব্যবস্থা নিতে হবে।

সভাপতির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমরা পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং ভোলাবাসীকে ধৈর্যের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ জানাই।

সভার শেষ পর্যায়ে ভোলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আবদুল কাদের।