বোল্টনের বই প্রকাশ আটকাতে ট্রাম্প প্রশাসনের মামলা

আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সাহসী কাজটা করেছেন আগেই। হোয়াইট হাউসে দায়িত্বে থাকার সময়েই তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি বই লিখেছেন। এতে মোটামুটি ট্রাম্প প্রশাসন ও ক্ষমতাসীন রিপাবলিকানদের যেন ঘাম ছুটে যাচ্ছে। কয়েক মাস আগে বোল্টনের বইয়ের পাণ্ডুলিপি ফাঁস হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারেও আলোচনা হয়েছিল। এবার জন বোল্টনের ওই বই প্রকাশ আটকে দিতে আদালতে মামলা করেছে ট্রাম্প প্রশাসন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘দ্য রুম হয়্যার ইট হ্যাপেনড’ শিরোনামে জন বোল্টনের বইটি ২৩ জুন প্রকাশিত হওয়ার কথা। এর আগেই ওই বইয়ের প্রকাশনা আটকে দিতে মামলা করে দিল ট্রাম্প প্রশাসন।
মামলায় বলা হয়েছে, জন বোল্টন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় হোয়াইট হাউস ও দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়ে বইটি লিখেছেন। বইটি প্রকাশিত হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।
প্রতিবেদনে বলা হয়, বইটি প্রকাশিত হলে বোল্টন ‘ক্রিমিনাল প্রবলেমস’–এ পড়বেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য করার এক দিন পরই এই মামলার খবর এল। ১৫ জুন ট্রাম্প বলেছিলেন, গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়ে বই লিখে তা প্রকাশ করলে আইন ভঙ্গ করবেন বোল্টন। মনে হচ্ছে, এতে তাঁকে অপরাধমূলক সমস্যায় পড়তে হতে পারে।
অলাভজনক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছে, জন বোল্টনের বই প্রকাশ বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
বোল্টনের আইনজীবী চার্লস কুপার বলেন, তাঁরা মামলাটি সম্পর্কে জেনেছেন। এর যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে গত জানুয়ারি মাসে হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল, বইটিতে ‘গুরুত্বপূর্ণ গোপন’ তথ্য আছে, যা অবশ্যই সরিয়ে ফেলা উচিত। তবে জন বোল্টন তা প্রত্যাখ্যান করেছেন।
২০১৮ সালের এপ্রিলে জন বোল্টন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগ দেন। ওই বছরের সেপ্টেম্বরেতিনি নিজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে যান। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি তাঁর জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করেছেন। জন বোল্টনের মতের সঙ্গে তিনি ‘পুরোপুরি দ্বিমত’ পোষণ করেন। এ জন্য তাঁকে বহিষ্কার করা হয়।