বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারীর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত

বোস্টন ম্যারাথনে বোমা হামলার অভিযোগ আনা জোখার সারনায়েভের বিরুদ্ধে ৩০টি অভিযোগের সবকটিই প্রমাণিত হয়েছে। সব অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে; এর মধ্যে অনেকগুলোতেই তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। বিবিসি অনলাইনের খবরে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
২০১৩ সালের এপ্রিলে বোস্টন ম্যারাথনের শেষ লাইনের কাছাকাছি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ২৬০ জনেরও বেশি আহত হয়।
সারনায়েভের আইনজীবীর স্বীকার করেছেন, সারনায়েভ আক্রমণে একটি ভূমিকা পালন করেছে মাত্র। তাঁর বড় ভাই মূল পরিকল্পনাকারী।
তাই আইনজীবীরা চেষ্টা করছেন, মৃত্যুদণ্ডের পরিবর্তে যেন সারনায়েভের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর বিচারকেরা চিন্তাভাবনা করছে, ২১ বছর বয়সী জোখার সারনায়েভকে কী শাস্তি দেওয়া যায়।
ম্যাসাচুসেটসে ১৯৪৭ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এবং ১৯৮৪ সাল থেকে মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করা হয়। তবে সারনায়েভের ক্ষেত্রে অঙ্গরাজ্যের নিয়মটি কার্যকর হবে না। কারণ, তিনি যে অপরাধ করেছেন তা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনের আওতাধীন।