বোস্টন ম্যারাথনে হামলাকারী সারনায়েভের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোখার সারনায়েভ
জোখার সারনায়েভ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন ম্যারাথন প্রতিযোগিতায় বোমা হামলার দায়ে ২১ বছর বয়সী জোখার সারনায়েভের মৃত্যুদণ্ড হয়েছে। আদালতের বিচারকমণ্ডলী (জুরিবোর্ড) গত শুক্রবার এ রায় দেন। এ রায় উদার হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটির অনেক মানুষকে স্তম্ভিত করেছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
জুরিবোর্ড প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে সারনায়েভের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে। তবে রায়ের বিরুদ্ধে তাঁর আপিল প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। এ জন্য রায় বহাল থাকলেও মৃত্যুদণ্ড কার্যকর বিলম্বিত হতে পারে।
চেচেন বংশোদ্ভূত সারনায়েভকে মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন সাজা দেওয়া হবে—সে সিদ্ধান্ত চূড়ান্ত করতে জুরিবোর্ড অন্তত ১৪ ঘণ্টা সময় নেয়। আসামি নিজ অপরাধের জন্য কোনো ধরনের অনুশোচনা না করায় শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়। ম্যাসাচুসেটসে মৃত্যুদণ্ডের বিধান নেই। তবে সারনায়েভের বিচার হয়েছে কেন্দ্রীয় আদালতের একটি জুরিবোর্ডে।
ম্যাসাচুসেটসের বোস্টনে ২০১৩ সালের ম্যারাথন প্রতিযোগিতায় বোমা হামলার ঘটনায় জোখারের ভাই তামেরলান সারনায়েভও জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। ঘটনার এক দিন পর পুলিশের গুলিতে প্রাণ হারান তামেরলান। ঘরে তৈরি ওই বোমার বিস্ফোরণে তিনজন নিহত এবং ২৬৪ জন আহত হন।

বোস্টন ম্যারাথন বিস্ফোরণে আহত সিডনি করকোরান বলেন, ‘এখন সে (সারনায়েভ) চলে যাবে আর আমাদের বেঁচে থাকতে হবে। আমার মতে, এই বিচার “চোখের বদলে চোখ” তুলে নেওয়ার মতো।’