বোস্টনে নিউ ইংল্যান্ড আ.লীগের বিজয় দিবস উদ্যাপন

যুক্তরাষ্ট্রের বোস্টনে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় এ উপলক্ষে স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় প্রধান অতিথি মশিউর রহমান বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল লাল-সবুজের পতাকাধারী একটি দেশ, যার নাম বাংলাদেশ। তিনি পরম শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন। আর বাংলাদেশে আজকে রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।’
সভায় অন্য বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার সুস্পষ্ট দিকনির্দেশনা। এ ভাষণ তরুণ-যুবকদের থেকে শুরু করে এ দেশের সর্বস্তরের মানুষকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিল। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য একটি বিরাট অর্জন। বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এর অন্তর্ভুক্তির মানে হচ্ছে চিরস্থায়ী বিশ্ব ঐতিহ্যের সঙ্গে এর সম্পৃক্ততা।
আলোচনায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক, তপন চৌধুরী, মোহাম্মদ সেলিম, রেজাউল হাসান, নুর হোসেন, জিয়াউল হাসান, মিন্টো কামরুজ্জামান, আবদুল আজিজ, সমাজসেবী নাহীদ সিতারা প্রমুখ।