ব্যক্তিগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

( ১)

-আপনার কী বিয়ে হয়েছে/ আপনি কি বিবাহিত?
-জি না।
-কেন, এত দেরি করছেন কেন? কাউকে পছন্দ আছে?
-জি না।
-তাহলে করছেন না কেন?
-জি সময় হলে করব।
-কী বলেন! বয়স তো কম হলো না?

এবারে চুপ। এমন প্রশ্নের আসলে কোনো উত্তর জানা নেই কোনো মানুষের। মনে করুন মেয়েটির নাম রুহি। এমন প্রশ্নের সম্মুখীন প্রায়ই হতে হয় তাকে। সে মাস্টার্স পরীক্ষা দিয়ে একটা স্কুলে শিক্ষকতা করছে। কলেজজীবনে একজনকে ভালোবাসলেও তা ছিল খুব ভুল নির্বাচন। তাই কাউকে পছন্দ হলেও সে তেমনভাবে ভাবেনি আর। এখন পরিবার থেকে চেষ্টা করলেও একটা মেলে তো আরেকটা মেলে না। যৌতুক না চাইলেও অনেক কিছু থাকে, যা তার গরিব মা-বাবার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। তা ছাড়া সে দেখতেও এমন বেশি সুন্দরী না যে, বিনা বাক্যে কোনো ছেলে পছন্দ করবে। আবার তার নিজের রুচির সঙ্গে মেলে না বা ব্যক্তিত্বহীন কাউকে বিয়ে করার চেয়ে বিয়ে না করাকেই সে শ্রেয় মনে করে।


(২)
-আপনার স্বামী আছেন?
-জি না।
-কী হয়েছে?
-মারা গেছেন/ ডিভোর্স হয়ে গেছে/ তালাক হয়ে গেছে/ সেপারেশন।
-কেন?
আমতা-আমতা করেও মেয়েটি জবাব দেয়।
-তিনি আরেক বিয়ে করেছেন।
-আপনি আবার বিয়ে করলেন না কেন?
-ইচ্ছা নেই।
-আপনার বাচ্চা আছে?
-জি আছে।
-বাচ্চা কার কাছে?
-আমার কাছে।
-সে খোঁজ খবর নেয়? টাকা-পয়সা দেয়?
-দেয়
-তো আপনাদের কী তালাক হয়েছে না সেপারেশন?
-সেপারেশন
-ওহ তাহলে সে কী আপনার কাছে আসে?
-না
-বাচ্চার খোঁজখবর নেয় ?
-জি নেয়।
-বাচ্চা কি বাপের সঙ্গে কথা বলে? আপনি একা থাকবেন কীভাবে? বিয়ে করে ফেলেন। কাউকে আর ভালো লাগে না?

মানুষকে কীভাবে নজর আন্দাজ করতে হয়, তা এমন প্রশ্নকর্তারা জানেন। মুখে না বললেও মনের মধ্যে প্রশ্ন ছোড়েন নিশ্চয় তোমার কোনো দোষ ছিল। এসব প্রশ্ন যারা করছেন, তাঁরা যে বৈবাহিক জীবনে খুব সুখী, তা কিন্তু নয়। একজন মানুষের কোনো কিছুর অভাব নেই, কিন্তু দ্বিতীয়বার তাঁকে বিয়ে না করলে তো তাঁর জীবনই বৃথা।

(৩)
আপনার ছেলেমেয়ে কয়টা?
-জি না, আমার ছেলেমেয়ে নেই।
-ওহ কেন নেননি?
-না, হয়নি।
-কোনো কারণ আছে?
-না।
-দোষ কার? আপনার না আপনার স্বামীর।
-জি না, আমাদের কারওরই দোষ না। এমনি হয়নি।
-কোনো চেষ্টা তদবির করেছেন? এখন তো চিকিৎসাবিজ্ঞান অনেক উন্নত হয়েছে। কত কী বেরিয়েছে...
-জি করেছি।
-ইস তারপরও হয়নি?
-জি না।
-কী আর করবেন, মন খারাপ করবে না বোন। আল্লাহ যখন ইচ্ছা করবেন হয়তো দেবেন। আর মা হলে তো কত কী আছে। টেস্টটিউব বেবি, সারোগেটি মম। ভাববেন না।
-আপনাকে ধন্যবাদ ।
-কাষ্ঠ হাসি হেসেও ধন্যবাদ দিতে ভোলে না মানুষটি।

একটি বাচ্চা জন্ম দিতে না পারার অপরাধে একজন মানুষ কুণ্ঠিত। এ রকম বিব্রতকর প্রশ্ন করা সহানুভূতিশীল মানুষের অভাব নেই। জীবনে বাচ্চা জন্মদানই একমাত্র বড় কাজ। অসংখ্য প্রশ্ন পরামর্শের পসরা সাজিয়ে থাকেন তাঁরা। আমার এক বান্ধবী বলেছেন, তিনি ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন মানুষের কথা শুনতে শুনতে। পরে তাঁর স্বামী তাঁকে তাঁর যা যা গুণ ছিল সেগুলো বিকশিত করতে থাকেন। তিনি খুব ভালো আবৃত্তি করেন। তিনি যে দেশে বাস করেন, সেখানে তিনি এখন একজন ভালো উপস্থাপিকা হিসেবে খুব পরিচিত। কিন্তু সব মেয়ের স্বামী তো এমন হন না।

কীভাবে একজন মানুষকে পোস্টমর্টেম করা যায়, ব্যথা দেওয়া যায়, কিছু লোকের চেষ্টাই থাকে এমন। এটি সবাই অবশ্য জানে। সম্ভবত এটি শিখতে হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকেই যেন আপনাআপনি শেখা হয়ে যায়! এমনকি প্রথম পরিচয়ের সময়ও সব জেনে ফেলার এই চেষ্টাকে রীতিমতো নৈতিক দায়িত্ব বলে মনে হয় আমাদের। এ ধরনের মানুষ যেমন দেশে রয়েছে, তেমনি রয়েছে উন্নত দেশেও। আসলে যারা বিদেশে বাস করেন, তাঁদের মধ্যে এমন মানসিকতার মানুষ বেশি দেখা যায়। বিদেশে নিজেদের কমিউনিটির ছোট্ট পরিসরে মন-মানসিকতা যেন আরও ছোট হয়ে। তখন আর এত দিনের অর্জিত শিক্ষাটাও কাজ করে না ঠিকঠাক।

বিদেশে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা মানে হচ্ছে খুব অভদ্রতা। ছোট বাচ্চাদের স্কুলে শেখানো হয়—কারও বাবা কী কাজ করে—এ প্রশ্ন যেন না করে। কারণ কারও বাবা দামি কাজ নাও করতে পারে। সে উত্তর দিতে লো ফিল করত পারে। বাচ্চারা জানে অথচ বড়রা তো এসবের কাছেই যান না। আমাদের সমাজে এসব প্রশ্ন করার মাঝে এমন কিছু মমতা লুকানো আছে যে, প্রশ্নকর্তারা তা লুকাতেও পারেন না। তাঁদের এ মমতা যে একজনকে লজ্জায় ফেলছে, কষ্ট দিচ্ছে, তা তাঁরা ভাবতেও পারেন না। বিষয়টি যে এখানেই শেষ হয়, তা কিন্তু নয়। জানার পর শুরু হয় সে বিষয়কে কেন্দ্র করে আলাপ-আলোচনা। অন্যদের সঙ্গে যখন তা আলোচনার বিষয় হয়ে ওঠে, তা তখন কতটা কষ্ট দেয়, তা ভুক্তভোগী মাত্রই জানে। মনের ব্যথা কয়েকগুণ বেড়ে যায় তখন। এমন অসংখ্য মানুষ সমাজের কারও না কারও দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এ জন্য আমাদের বিবেক বিন্দুমাত্র লজ্জিত নয়।

ধর্মীয় ও আধ্যাত্মবাদ অনুযায়ী জীবনের উদ্দেশ্য কিন্তু বিয়ে করা, সংসার করা আর বাচ্চা পয়দা করা নয় শুধু। এর উদ্দেশ্য হচ্ছে নিজে সৎ পথে চলা। ধর্ম এবং কর্ম দু’টোতে শান্তি বজায় রাখা। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা। শুধু নিজে না, অন্য মানুষকে সৎ পথে নিয়ে আসা। মৃত্যুর পর আমাদের সঙ্গে যায়, আমলনামা। এখন আমলনামার শুরুতেই যদি থাকে, অন্যের দুর্বলতা নিয়ে গিবত করার অভ্যাস, তবে তা কিন্তু আপনার আমলনামার ব্যালেন্সশিটকে লাল দাগ থেকে বাঁচাতে পারবে না। মানুষের মন বা আত্মা খুব অনুভূতিশীল একটা স্থান। আমাদের সঙ্গের দু-চার-দশজনের যদি বিয়ে না হয়, সংসার না হয় এবং সন্তান না হয়, তবে তেমন কোনো ক্ষতি হবে না এ পৃথিবীর। যারা এসব প্রশ্ন করেন, আপনারা ভেবে দেখুন তো কী এমন স্বাক্ষর আপনি নিজে রেখেছেন সন্তান জন্ম দিয়ে? যদি এভাবে নিজেকে প্রশ্ন করতে পারেন, তবে দেখবেন যে কারও কিছু থাকা না থাকায় এ পৃথিবীর কোনো কিছু আসে যায় না।

একজন মানুষকে শুধু তাঁকে দেখে সম্মান করুন। তাঁর কী আছে কে আছে, তা দিয়ে নয়। সম্পর্ক যখন গড়ে ওঠে, তখন প্রশ্নের প্রয়োজন পড়ে না। সে নিজেই তাঁর ব্যক্তিগত জীবনের কষ্ট ভাগ করবে। শুধু নারীরাই যে করেন বা সম্মুখীন হন তা নয়। পুরুষরাও এ ধরনের আচরণে বাদ পড়েন না। তাঁরাও সমস্যা মোকাবিলা করেন। তার পরও তাঁরা বেঁচে যান অনেক ক্ষেত্রে পুরুষ বলেই শুধু।